দেশে বিপুলসংখ্যক মানুষ দরিদ্র্যসীমার ঠিক ওপরে অবস্থান করছেন বলে জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন। কিছু মানুষ নাকবরাবর পানিতে দাঁড়িয়ে আছেন, সামান্য ঢেউ এলেই তাঁরা তলিয়ে যাবেন। এই ঝুঁকিপূর্ণ অবস্থায় তারা শুধু জীবনধারণ করছেন, আর এটি টেকসই নয়।
আজ সোমবার রাজধানীর শেরেবাংলা নগরের চীন–মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘ন্যাশনাল কনফারেন্স অন সোশ্যাল প্রটেকশন ২০২৫’ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনা উপদেষ্টা এ মন্তব্য করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা উপদেষ্টা ফারুক–ই–আজম।
ওয়াহিদউদ্দিন মাহমুদ আরো বলেন, ন্যায্যতাভিত্তিক সমাজে চরম দারিদ্র্য থাকতে পারে না। দেশের কোনো অজুহাতই গ্রহণযোগ্য নয়, এখনই সবাইকে ন্যূনতম সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এটি অর্থনৈতিক ও রাজনৈতিক লক্ষ্য হিসেবে গ্রহণ করতে হবে।
তিনি সামাজিক ভাতার ক্ষেত্রে অসঙ্গতির বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন। উপকারভোগীর ৫০ শতাংশই ভাতার জন্য যোগ্য নন এবং রাজনৈতিক বা ভুতুড়ে প্রভাবের কারণে সুবিধা পাচ্ছেন। সমন্বিত তালিকা ও মাঠ পর্যায়ের তদারকি করে প্রকৃত উপকারভোগীদের সনাক্ত করার পরামর্শ দেন তিনি।
পরিকল্পনা উপদেষ্টা বলেন, দেশে নতুন দারিদ্র্যঘন অঞ্চল তৈরি হয়েছে। নেত্রকোনা, সুনামগঞ্জ, সাতক্ষীরা ও পটুয়াখালী জেলাগুলো এ ক্ষেত্রে বিশেষভাবে লক্ষ্য করা উচিত। রংপুর অঞ্চলে আগে মৌসুমি দারিদ্র্য ছিল, যা এখন কমে এসেছে।
দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা উপদেষ্টা ফারুক–ই–আজম বলেন, ঝুঁকিপূর্ণ গোষ্ঠীকে চিহ্নিত করে তাদের নিয়ে কাজ করা জরুরি। সামাজিক সুরক্ষা কর্মসূচির দুর্বলতা কমাতে সমন্বিত তথ্যভান্ডার তৈরির প্রয়োজন।
পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য মনজুর হোসেন উল্লেখ করেন, গত এক দশকে দেশের জিডিপিতে উন্নতি হলেও কর্মসংস্থানের প্রবৃদ্ধি মাত্র ২ শতাংশ। সামাজিক সুরক্ষা খাতের বরাদ্দ পর্যাপ্ত নয়। বন্ড, বিমা এবং অন্যান্য মাধ্যমে এই খাতের পরিধি বাড়ানো প্রয়োজন। একই সঙ্গে রাজস্ব বৃদ্ধির দিকে নজর দিতে হবে।
অনুষ্ঠানে আরো বক্তব্য দেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোখলেস উর রহমান, মন্ত্রিপরিষদের সমন্বয় ও সংস্কার বিভাগের সচিব জাহেদা পারভীন, ইউএনডিপি বাংলাদেশের প্রতিনিধি স্টেফেন লিলার, বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের প্রধান মিচেল ক্রেৎজা এবং ঢাকায় অস্ট্রেলিয়ার ডেপুটি হাইকমিশনার ক্লিনটন পপকি। মূল প্রবন্ধ উপস্থাপন করেন অতিরিক্ত সচিব মো. খালেদ হাসান।

