ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর (এএমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন ড. এম কামাল উদ্দীন জসীম। এর আগে তিনি ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর পদে থেকে ব্যাংকের চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার, ক্যামেলকো, অপারেশন্স ও ডেভেলপমেন্ট উইংয়ের প্রধানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
১৯৯২ সালে প্রবেশনারি অফিসার হিসেবে ইসলামী ব্যাংকে যোগ দেন তিনি। দীর্ঘ ক্যারিয়ারে তিনি ব্যাংকের ঢাকা ইস্ট জোনপ্রধান, বিজনেস প্রমোশন অ্যান্ড মার্কেটিং ডিভিশনের প্রধান, বিভিন্ন বিভাগের প্রধান ও শাখাপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। ব্যাংকে যোগদানের আগে ড. জসীম সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ছিলেন। তিনি বাংলাদেশ অবজারভার ও দৈনিক আজকের কাগজসহ বিভিন্ন জাতীয় পত্রিকায় কাজ করেছেন।
ড. এম কামাল উদ্দীন জসীম ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ২০০৫ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইবিএস থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। তিনি ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ এবং ঢাবি গণযোগাযোগ ও সাংবাদিকতা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নির্বাচিত ভাইস প্রেসিডেন্ট। পাশাপাশি বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি ও বাংলাদেশ অর্থনীতি সমিতির সদস্য হিসেবে সক্রিয় আছেন। এছাড়া বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সামাজিক সংগঠনের সঙ্গেও তিনি যুক্ত।
পেশাগত জীবনের বাইরে তিনি আন্তর্জাতিক পরিসরেও সক্রিয়। যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, রাশিয়া, তুরস্ক, চীন, সিঙ্গাপুর, ভারত, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, সৌদি আরব, ওমান, সংযুক্ত আরব আমিরাত, ব্রুনাই, ভিয়েতনাম, মালদ্বীপ, মিয়ানমার ও শ্রীলঙ্কাসহ নানা দেশে ভ্রমণ করেছেন। এসব দেশে তিনি বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলনেও অংশ নিয়েছেন।

