বাংলাদেশ ব্যাংকের স্বাধীনতা বাড়ানোর উদ্যোগ নতুন করে বাধার মুখে পড়েছে। সংশ্লিষ্ট সূত্র বলছে, বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকা আমলারা সংস্কার প্রক্রিয়ার বিপরীতে কাজ করছেন। ফলে বাংলাদেশ ব্যাংক অর্ডার ১৯৭২ সংশোধনের প্রক্রিয়া থমকে গেছে।
চলমান সংস্কার কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ ব্যাংক চেয়েছিল কেন্দ্রীয় ব্যাংকের ক্ষমতা বাড়াতে। এজন্য ১৯৭২ সালের পুরনো অর্ডার সংশোধনের প্রস্তাব তৈরি করা হয়। এটি ছিল গত ২৬ আগস্ট অনুষ্ঠিত বোর্ড সভার আলোচ্যসূচিতে। অনুমোদন পেলে খসড়াটি অন্তর্বর্তী সরকারের কাছে পাঠানো হতো।
কিন্তু সভায় আলোচ্যসূচি উপস্থাপনের সময় বোর্ডে থাকা সরকারি সচিবরা আপত্তি জানান। ফলে আলোচনাই হয়নি বলে বৈঠকে উপস্থিত বাংলাদেশ ব্যাংকের কয়েকজন কর্মকর্তা জানিয়েছেন। তাদের অভিযোগ, সচিবদের অনীহা ও হস্তক্ষেপের কারণে সংশোধনী অনুমোদন পায়নি। তবে বোর্ডে থাকা সচিবরা এ অভিযোগ অস্বীকার করেছেন। তাদের দাবি, খসড়া আলোচনায় তোলা হয়েছিল। সেখানে কিছু পর্যবেক্ষণ দেওয়া হয়েছে, যা সংশোধন করে পরবর্তী বোর্ড সভায় তোলা হবে।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ. মন্সুরের নেতৃত্বে নয় সদস্যের বোর্ড গঠিত। অন্য সদস্যরা হলেন অর্থ বিভাগ সচিব ড. মো. খায়রুজ্জামান মজুমদার, এনবিআর চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সচিব নাজমা মোবারক, সাবেক সচিব মাহবুব আহমেদ, অর্থনীতিবিদ অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ টিটু মীর ও ড. ফাহমিদা খাতুন, বেসরকারি খাতের প্রতিনিধি এ কে এম আফতাব উল ইসলাম এবং বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান।
বোর্ডে উপস্থিত এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, আলোচ্যসূচিতে ১৯টি বিষয় ছিল। এর মধ্যে পঞ্চম বিষয় ছিল বাংলাদেশ ব্যাংক অর্ডার সংশোধন। বিষয়টি উত্থাপন করা হলে সচিবরা আপত্তি জানান এবং বলেন, খসড়ায় সংশোধন প্রয়োজন। এরপর আর আলোচনা হয়নি। ওই কর্মকর্তা আরো বলেন, “অর্থনীতিবিদ দুই সদস্য ছাড়া বোর্ডে চারজন বর্তমান ও সাবেক সচিব আছেন। বেসরকারি খাতের প্রতিনিধি বা ডেপুটি গভর্নর প্রতিবাদ করলে ভবিষ্যতে সচিবদের সহযোগিতা নাও পেতে পারেন। তাই কেউ মুখ খোলেননি।”
বাংলাদেশ ব্যাংকের অন্য কর্মকর্তারাও একই কথা জানিয়েছেন। তাদের মতে, সংশোধনী অনুমোদন পেলে আমলাদের নিয়ন্ত্রণ কমে যেত। পাশাপাশি কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের মর্যাদা ও বেতন প্রশাসনের কর্মকর্তাদের চেয়ে বাড়ত। এ কারণেই সচিবরা বিষয়টি ঠেকানোর চেষ্টা করছেন। তবে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সচিব নাজমা মোবারক বলেন, “অভিযোগ সত্য নয়। এজেন্ডা আলোচনায় এসেছে। আমরা কিছু পর্যবেক্ষণ দিয়েছি। এগুলো সংশোধন করে পরবর্তী সভায় আবার উপস্থাপন করা হবে।”
এনবিআর চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান জানান, “খসড়া কাজ এখনো সম্পূর্ণ হয়নি। তাই বোর্ড অনুমোদন দেয়নি। প্রক্রিয়া বাধাগ্রস্ত করার কিছু হয়নি।”
অর্থনীতিবিদ ও বিশ্বব্যাংকের ঢাকা অফিসের সাবেক প্রধান অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন বলেন, “এটি এমন কোনো বিষয় নয় যা বোর্ড জানত না। তবুও কেন আলোচনার সুযোগ দেওয়া হলো না, আর কেন অন্য সদস্যরা চুপ থাকলেন—এটি আমার কাছে অদ্ভুত মনে হচ্ছে।”

