প্রাইম ব্যাংক দেশে প্রথমবারের মতো সম্পূর্ণ ফি ছাড়া ক্রেডিট কার্ড চালু করেছে। রাজধানীর নিকুঞ্জে অবস্থিত প্রাইম টাওয়ারে আয়োজন করা এক অনুষ্ঠানে ‘জিরো বাই প্রাইম ব্যাংক’ নামের এই নতুন কার্ডের মোড়ক উন্মোচন করা হয়।
উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের কনজিউমার ব্যাংকিং বিভাগের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) এম নাজিম এ চৌধুরী এবং ভিসার কান্ট্রি ম্যানেজার সব্বির আহমেদ। অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা কার্ডের সুবিধা ও লক্ষ্য তুলে ধরেন।
‘জিরো বাই প্রাইম ব্যাংক’ একটি ভিসা সিগনেচার কার্ড, যা গ্রাহকদের জন্য কোনো প্রকার ইস্যু ফি, বার্ষিক ফি, নবায়ন ফি, ইএমআই প্রসেসিং ফি, এমএফএস ট্রান্সফার ফি বা অন্য কোনো লুকানো চার্জ ছাড়াই প্রিমিয়াম সুবিধা নিশ্চিত করবে। এটি দেশের ক্রেডিট কার্ড বাজারে সম্পূর্ণ নতুন উদ্ভাবন হিসেবে পরিচিত।
দৃষ্টিপ্রতিবন্ধী গ্রাহকদের সুবিধার জন্য কার্ডটিতে খাঁজ বা ব্লাইন্ড নোচ রাখা হয়েছে, যা এটিকে সবার জন্য সমানভাবে ব্যবহারযোগ্য করে তোলে।
প্রাইম ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, আন্তর্জাতিক স্বীকৃতি, গ্রাহকবান্ধব সুবিধা এবং স্বচ্ছ ফি কাঠামোর সমন্বয়ে এই কার্ড ব্যবহারকারীদের নতুন অভিজ্ঞতা দেবে।
গ্রাহকরা প্রাইম ব্যাংকের ওয়েবসাইট বা নিকটস্থ শাখা থেকে সহজেই এই কার্ডের জন্য আবেদন করতে পারবেন। ভিসার বৈশ্বিক নেটওয়ার্ক এবং প্রাইম ব্যাংকের বিশ্বস্ত সেবার সমন্বয়ে এটি বাংলাদেশের ক্রেডিট কার্ড শিল্পে নতুন মানদণ্ড স্থাপন করবে।
প্রাইম ব্যাংক দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত। গত সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে ব্যাংকের প্রতিটি শেয়ার ২৯ টাকায় লেনদেন হয়।

