দেশের বাজারে চালের দাম স্থিতিশীল রাখতে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে শুল্কমুক্ত চাল আমদানি করা হচ্ছে। গত ১২ আগস্ট থেকে এ বন্দরের মাধ্যমে চাল আমদানি শুরু হয়েছে। শুরুতে প্রতিদিন ২০ থেকে ২৫ ট্রাক চাল আসে, চাহিদা বাড়ায় এখন এটি বেড়ে ৮০ থেকে ১০০ ট্রাক প্রতিদিন।
হিলি কাস্টমসের তথ্যমতে, গত ১২ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত ১ হাজার ১৩৬ ট্রাকে ৪৮ হাজার ৪৭১ টন চাল আমদানি হয়েছে। চাল আমদানি বাড়ায় বাজারে সব ধরনের চালের দাম কমতে শুরু করেছে। বিশেষ করে চিকন জাতের চালের দাম বেশি কমেছে। দাম কমায় সাধারণ ক্রেতাদের মধ্যে স্বস্তি ফিরেছে। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে হিলি বন্দরে গিয়ে দেখা গেছে, মূলত ভারত থেকে সম্পা কাটারি, মিনিকেট, ৪০/৯৪ ও স্বর্ণা-৫ জাতের চাল আমদানি হচ্ছে।
আমদানি শুরুর সময় প্রতি কেজি সম্পা কাটারি চালের দাম ছিল ৭০ টাকা। বর্তমানে এটি কমে ৬৬ টাকা কেজি। ৪০/৯৪ জাতের চালের দাম কমে ৬০ টাকা থেকে ৫৭ টাকা কেজি। মোটা জাতের স্বর্ণা-৫ চালের দাম কমে ৫২ টাকা থেকে ৫০ টাকা কেজি।
ঢাকার ব্যবসায়ী জলিল মিয়া বলেন, ‘আমি ঢাকা থেকে এই বন্দরের চাল কিনতে আসছি। এখানকার চালের মান ভালো এবং দামও কম। গত কয়েক দিনে ২ হাজার টন চাল কিনেছি। যে পরিমাণ চাল আসছে, তাতে আরও দাম কমবে।’ নাটোর থেকে আসা ব্যবসায়ী কামরুল ইসলাম বলেন, ‘হিলি বন্দরে চাল কেনা অনেক সুবিধাজনক। অন্য বন্দরগুলোতে গুদামে গুদামে ঘুরে চালের মান দেখে কিনতে হয়, কিন্তু এখানে ট্রাক সারিবদ্ধভাবে আছে। চালের মান দেখে সরাসরি দাম করা যায়। এতে সময় ও ঝামেলা কমে।’ তিনি বাজারে চালের দাম স্থিতিশীল রাখার দাবি জানিয়েছেন।
হিলি স্থলবন্দরের চাল আমদানিকারক নুর ইসলাম বলেন, ‘সরকারের অনুমতি পাওয়ার পর আমরা হিলি বন্দরে ভারত থেকে চাল আমদানি শুরু করেছি। প্রতিদিন ৮০ থেকে ১০০ ট্রাক চাল আসে। এর ফলে বাজার নিয়ন্ত্রণে এসেছে। কেজিতে ৩ থেকে ৪ টাকা দাম কমেছে। সরকার অন্য বন্দরে অনুমতি দিলে বাজারে আরও দাম কমে আসবে।’
হিলি স্থল শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা এমআর জামান বাঁধন জানান, ‘আমরা ব্যবসায়ীদের দ্রুত চাল খালাস করতে সব ধরনের সহযোগিতা করছি। চাল আমদানিতে শুল্ক নেই। শুধু ২ শতাংশ অগ্রিম আয়কর দিয়ে ব্যবসায়ীরা চাল বাজারে আনতে পারছেন।’

