বাংলাদেশ শ্রম আইনের সংশোধনের উদ্যোগে দেশজুড়ে অবস্থিত বিদেশি কূটনৈতিক মিশন ও উন্নয়ন সহযোগীরা স্বাগত ও সমর্থন জানিয়েছে। তারা আশা প্রকাশ করেছে, আগামী অক্টোবরের মধ্যে অধ্যাদেশ জারির মাধ্যমে আন্তর্জাতিক শ্রমমানের সঙ্গে সামঞ্জস্য রেখে শ্রম আইন সংশোধন পাস হবে।
এমন আশা প্রকাশ করা হয় বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের (বিইএফ) নবনির্বাচিত কমিটির সঙ্গে এক মতবিনিময় সভায়। তারা বলেন, শ্রম অধিকারের অগ্রগতি দেশের প্রতিযোগিতামূলক সক্ষমতা বাড়াবে এবং কোম্পানিগুলোর সুনামহানির ঝুঁকি কমাবে। তবে বিইএফ নেতারা মনে করেন, এসব মন্তব্য দেশের বাস্তবতার পুরো প্রতিফলন নয়, বরং বাইরের প্রত্যাশার ভিত্তিতে গঠিত।
গতকাল সোমবার গুলশানে বিইএফের নিজ কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন বিদেশি কূটনৈতিক, উন্নয়ন সহযোগী ও প্রধান রপ্তানি বাজারের (ইইউ) প্রতিনিধিরা। সভার মূল উদ্দেশ্য ছিল নবনির্বাচিত নেতৃত্বকে পরিচয় করানো এবং শ্রম ও কর্মসংস্থান সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয়ে মতবিনিময়।
জাতীয় নিয়োগকর্তা সংগঠন হিসেবে বিইএফ আন্তর্জাতিক শ্রমমান ও কর্মক্ষেত্রে মৌলিক অধিকার প্রতিষ্ঠায় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। আইএলওর ত্রিপক্ষীয় কাঠামোর অংশ হিসেবে শ্রমবাজার স্থিতিশীলতা, সুশাসন ও কর্মক্ষেত্র উন্নয়নের বিষয়ে খোলামেলা আলোচনা হয়।
বিইএফ সভাপতি ফজলে শামীম এহসান স্বাগত বক্তব্যে প্রতিশ্রুতি পূরণের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, দ্রুত পরিবর্তনশীল শ্রমবাজার ও জটিল ভূরাজনৈতিক পরিস্থিতিতে মালিক ও বিনিয়োগকারীদের সামনে নানা চ্যালেঞ্জ রয়েছে। মহাসচিব ও সিইও ফারুক আহমেদ চলমান কার্যক্রমের সারসংক্ষেপ তুলে ধরেন। এতে শ্রম আইন সংস্কার, দক্ষতা উন্নয়ন এবং সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধির বিষয়গুলো বিশেষভাবে উল্লেখ করা হয়।
উন্মুক্ত আলোচনায় কূটনৈতিক প্রতিনিধিরা বাংলাদেশের সামাজিক-অর্থনৈতিক রূপান্তরে প্রদত্ত সহায়তা, প্রত্যাশা ও অভিজ্ঞতা তুলে ধরেন। আলোচনায় ২৬ আগস্ট অনুষ্ঠিত বিএলএ, ২০০৬-এর ত্রিপক্ষীয় পর্যালোচনা ও সংশোধন নিয়ে আলোচনা হয়। এটি ইউরোপীয় ইউনিয়নের জাতীয় কর্মপরিকল্পনা ও আইএলওর গভর্নিং বডির রোডম্যাপের অধীনে সরকারের গৃহীত সংস্কারের মূল ভিত্তি।
কূটনৈতিক মিশনসমূহ সরকারের প্রতিশ্রুতিকে স্বাগত জানিয়ে বলেছে, “আমরা আশা করি, অক্টোবরের মধ্যে অধ্যাদেশ জারির মাধ্যমে আন্তর্জাতিক শ্রমমানের সঙ্গে সামঞ্জস্য রেখে শ্রম আইন সংশোধন পাস হবে।” সভায় উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন, ইউরোপীয় ইউনিয়নের প্রধান মাইকেল মিলার, ব্রিটিশ হাইকমিশনের ভারপ্রাপ্ত প্রধান জেমস গোল্ডম্যান, কানাডার চার্জ দ্য অ্যাফেয়ার্স ডেবরা বয়েস, আইএলও, নেদারল্যান্ডস, ডেনমার্ক ও সুইডেনের প্রতিনিধিরা। এছাড়া প্রধান শিল্প সংগঠনের নেতারা, যেমন বিকেএমইএ সভাপতি, বিজিএমইএ প্রতিনিধি, বাংলাদেশ চা সমিতির চেয়ারম্যানসহ বিইএফ কমিটির সদস্যরাও অংশগ্রহণ করেন।
তারা সরকারের প্রতি আহ্বান জানান, সামাজিক অংশীদারদের সঙ্গে আলোচনা করে ঐকমত্যভিত্তিক সমাধানে পৌঁছানো হোক। অংশগ্রহণকারীরা ভবিষ্যতেও এমন গঠনমূলক সংলাপ চালিয়ে যাওয়ার আগ্রহ প্রকাশ করেন। তারা ডিসেন্ট ওয়ার্ক, ব্যবসার স্থিতিশীলতা এবং দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দেন।

