বিশ্বব্যাংকের তথ্যমতে, বাংলাদেশে আর্থিক ও অনার্থিক উভয় ক্ষেত্রে সামাজিক সুরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করতে ৯৪-৯৫টি কর্মসূচি চালু আছে। কিছু ক্ষেত্রে এসব কর্মসূচি ভালো প্রাতিষ্ঠানিক মডেল তৈরি করেছে। কিন্তু ১ লাখ ২৬ হাজার কোটি টাকার বাজেট থাকা সত্ত্বেও দুর্যোগের সময় অর্থ কতটা কার্যকর হয়, তা নিয়ে প্রশ্ন রয়েছে।
আজ মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাজধানীর শেরে বাংলানগরের চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে সামাজিক সুরক্ষা বিষয়ক জাতীয় সম্মেলনের দ্বিতীয় দিনে আলোচনার দ্বিতীয় সেশনে এই তথ্য জানানো হয়। ‘বাংলাদেশে দুর্যোগের সময় সামাজিক সহায়তা কীভাবে আরও কার্যকর করা যায়’—এই বিষয় নিয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিস) গবেষণা পরিচালক ড. মাহফুজ কবীর।
তিনি উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশের বর্তমান সামাজিক সুরক্ষা কর্মসূচিগুলোর কার্যকারিতা নিয়ে, বিশেষ করে জলবায়ু পরিবর্তন ও আকস্মিক দুর্যোগের মুখে। সামাজিক সুরক্ষা ব্যবস্থাগুলোকে আরও ‘শক রেসপনসিভ’ বা দুর্যোগ-সাড়া প্রদানে সক্ষম করা জরুরি বলেও মনে করেন তিনি।
ড. মাহফুজ কবীর বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে ঢাকার বাইরে, তাপমাত্রা ৩-৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পরিবর্তনগুলোও বড় প্রভাব ফেলছে। এটি প্রায়শই নজর এড়িয়ে যায়।
সেশনের সভাপতি ছিলেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) জাহেদা পারভীন। আলোচক ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মোনিরুল ইসলাম, মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব (সমন্বয় শাখা) মুরশিদা শারমিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের শিক্ষক প্রফেসর ড. এম. রেজাউল ইসলাম, এবং বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের খাদ্য সংস্থার দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি সিদ্দিকুল ইসলাম খান। সেশন পরিচালনা করেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির কর্মসূচি বিশেষজ্ঞ (জলবায়ু পরিবর্তন বিষয়ক) মালিহা মুজাম্মিল।

