বাণিজ্য নিয়ন্ত্রণকারী নিয়ম-কানুন পর্যালোচনার মাধ্যমে বাণিজ্য সহজীকরণ নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। গতকাল সোমবার দুপুরে ঢাকার বিয়াম ফাউন্ডেশন মাল্টিপারপাস হলে ন্যাশনাল ট্রেড ফ্যাসিলিটেশন কমিটির (এনটিএফসি) নবম সভায় সভাপতির বক্তব্যে তিনি এ প্রতিশ্রুতি দেন।
বাণিজ্য উপদেষ্টা বলেন, বাণিজ্য সহজীকরণের মাধ্যমে ন্যায় প্রতিষ্ঠা ও লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা হবে। এতে বাণিজ্যের পরিমাণ বাড়বে এবং দেশের অর্থনৈতিক সক্ষমতা আরও শক্তিশালী হবে। তিনি আরও বলেন, দক্ষ ট্রেড রেজিম প্রতিষ্ঠার মাধ্যমে জাতীয় অর্থনীতির উন্নতি ঘটবে। এটি সম্পদের সুষম বণ্টনের ক্ষেত্রেও বড় প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।
শেখ বশিরউদ্দীন জানান, ট্যাক্স ফাঁকি কমানো এবং দক্ষতার বিকাশ সরকারে অন্যতম লক্ষ্য। তিনি বলেন, কাস্টমস কর্তৃপক্ষের কার্যক্রম ধাপে ধাপে অটোমেশনে আনা হচ্ছে। এর ফলে আমদানি-রপ্তানি প্রক্রিয়া আরও সহজ হবে।
সভায় জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান খান, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান, ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান ড. মইনুল খান, জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান ড. নাজনীন কাওসার, এফবিসিসিআইয়ের প্রশাসক মো. হাফিজুর রহমান, ইপিবির ভাইস চেয়ারম্যান মো. আবদুর রহিম খান ও বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (এফটিএ) আয়েশা আক্তারসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

