ভোক্তা পর্যায়ের বেসরকারি এলপিজির (লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস) দাম কমানো হয়েছে। চলতি সেপ্টেম্বর মাসের জন্য ১২ কেজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ২৭০ টাকা। গত মাসে দাম ছিল ১ হাজার ২৭৩ টাকা। অর্থাৎ ১২ কেজিতে দাম কমেছে মাত্র ৩ টাকা।
একই সঙ্গে গাড়িতে ব্যবহৃত অটোগ্যাসের দামও কমানো হয়েছে। লিটারে ১৩ পয়সা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৫৮ টাকা ১৫ পয়সা। আজ মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) চেয়ারম্যান জালাল আহমেদ সংবাদ সম্মেলনে নতুন দাম ঘোষণা করেন। সন্ধ্যা ৬টা থেকে নতুন দর কার্যকর হবে।
বিইআরসির নতুন দর অনুযায়ী, বেসরকারি এলপিজির মূল্য সংযোজন করসহ প্রতি কেজি ১০৫ টাকা ৮৭ পয়সা। এই হারে বিভিন্ন আকারের এলপিজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হবে। সরকারি কোম্পানির সরবরাহ করা এলপিজির ১২.৫ কেজি সিলিন্ডারের দাম ৮২৫ টাকা অপরিবর্তিত রাখা হয়েছে।
বিইআরসি প্রতি মাসে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে এলপিজির মূল্য ঘোষণা করে। সৌদি আরামকোর প্রপেন ও বিউটেনের দামের সঙ্গে সমন্বয় করে এ দাম নির্ধারণ করা হয়। ২০২১ সালের এপ্রিল মাসে প্রথমবারের মতো এলপিজির দাম নির্ধারণ করা হয় বিইআরসি’র মাধ্যমে।

