ব্র্যাক ব্যাংক পিএলসির নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিয়োগ পেয়েছেন তারেক রেফাত উল্লাহ খান। গতকাল মঙ্গলবার থেকে এ নিয়োগ কার্যকর হয়েছে।
চলতি বছরের ২৭ মে থেকে তিনি ভারপ্রাপ্ত এমডি ও সিইও হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এর আগে এপ্রিল ২০২৫-এ উদ্ভাবন, ব্যবসায়িক প্রবৃদ্ধি ও প্রতিষ্ঠান রূপান্তরে অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর এবং হেড অব করপোরেট অ্যান্ড ইনস্টিটিউশনাল ব্যাংকিং পদে পদোন্নতি দেওয়া হয়।
ব্র্যাক ব্যাংকের চেয়ারপার্সন মেহেরিয়ার এম হাসান বলেন, “তারেক রেফাত উল্লাহ খানই ব্যাংকের নেতৃত্ব দেওয়ার উপযুক্ত ব্যক্তি। তার ভিশন, সততা ও নেতৃত্ব ব্যাংককে আরও উদ্ভাবনী, অন্তর্ভুক্তিমূলক ও আস্থার প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলবে। এর সুফল পড়বে গ্রাহক, ব্যাংকিং খাত, সমাজ ও দেশের অর্থনীতিতে।”
২০১৭ সালে তারেক রেফাত উল্লাহ খান ব্র্যাক ব্যাংকে হেড অব ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট হিসেবে যোগ দেন। এর আগে তিনি ইস্টার্ন ব্যাংক, এবি ব্যাংক ও আইএফআইসি ব্যাংকে প্রায় তিন দশকের বেশি সময় কাজ করেছেন। করপোরেট ও ইনস্টিটিউশনাল ব্যাংকিং, ট্রানজেকশন ব্যাংকিং ও রিস্ক ম্যানেজমেন্টে তার বিশেষ দক্ষতা রয়েছে। তিনি ক্যারিয়ারের শুরু করেন আইএফআইসি ব্যাংকে। পরে এবি ব্যাংক ও ইস্টার্ন ব্যাংকে দায়িত্ব পালন করেন। ইস্টার্ন ব্যাংকে করপোরেট ব্যাংকিং ডিভিশনের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব রিলেশনশিপ হিসেবে দায়িত্ব পালনকালে কর্মদক্ষতার স্বীকৃতিস্বরূপ সিইও ও চেয়ারম্যানস অ্যাওয়ার্ড অর্জন করেন।
তারেক রেফাত উল্লাহ খান ভারত, মালয়েশিয়া, বাহরাইন, জার্মানি ও ইতালিতে ক্রেডিট রিস্ক, লোন স্ট্রাকচারিং, করপোরেট গভর্ন্যান্স, লিডারশিপ ও আন্তর্জাতিক বাণিজ্য বিষয়ে উচ্চতর প্রশিক্ষণ নিয়েছেন। শিক্ষাজীবনে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বিকম, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমকম (মার্কেটিং) ও এমবিএ ডিগ্রি অর্জন করেন। যুক্তরাজ্যের ওমেগা পারফরম্যান্স কর্পোরেশন থেকে ক্রেডিট রিস্ক অ্যাসেসমেন্ট সার্টিফিকেশন লাভ করেন। এছাড়া যুক্তরাষ্ট্রের কর্নেল ইউনিভার্সিটি থেকে মর্যাদাপূর্ণ সিনিয়র এক্সিকিউটিভ লিডারশিপ প্রোগ্রাম সম্পন্ন করেছেন।
তারেক রেফাত উল্লাহ খানের নেতৃত্বে ব্র্যাক ব্যাংক নতুন প্রবৃদ্ধি ও উদ্ভাবনের পথে এগিয়ে যাবে বলে আশা করা হচ্ছে। সংশ্লিষ্টদের মতে, এই নেতৃত্ব ব্যাংকটিকে দেশের অন্যতম আস্থার ও অগ্রসরমাণ আর্থিক প্রতিষ্ঠান হিসেবে আরও শক্ত ভিত্তিতে দাঁড় করাবে।

