সিরিয়ার তারতুস বন্দর থেকে ছয় লাখ ব্যারেল ভারি অপরিশোধিত তেল রপ্তানি করা হয়েছে। এটি বাণিজ্যিক এক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির অংশ হিসেবে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন দেশটির জ্বালানি খাতের কর্মকর্তা।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, প্রায় ১৪ বছর পর এটি সিরিয়ার প্রথম আনুষ্ঠানিক তেল রপ্তানি। পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে এতদিন দেশটি আন্তর্জাতিক বাজারে তেল পাঠাতে পারছিল না। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ২০১০ সালে সিরিয়া প্রতিদিন গড়ে ৩ লাখ ৮০ হাজার ব্যারেল তেল রপ্তানি করতো কিন্তু ২০১১ সালে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়। পরবর্তী দীর্ঘমেয়াদি গৃহযুদ্ধ দেশটির অর্থনীতি, তেল উৎপাদন এবং অন্যান্য অবকাঠামো প্রায় ধ্বংস করে দেয়। ২০২৪ সালের ডিসেম্বর মাসে আসাদ সরকারের পতনের পর নতুন সরকারপ্রধান আহমেদ আল-শারার নেতৃত্বে গঠিত প্রশাসন দেশের অর্থনীতি পুনর্গঠনের প্রতিশ্রুতি দেয়।
সিরিয়ার জ্বালানি মন্ত্রণালয়ের তেল ও গ্যাস বিভাগের সহকারী পরিচালক রিয়াদ আল-জুবাসি রয়টার্সকে জানান, তারা ভারি অপরিশোধিত তেল ‘বি সার্ভ এনার্জি’ নামে একটি প্রতিষ্ঠানের কাছে বিক্রি করেছেন। প্রতিষ্ঠানটি মূলত আন্তর্জাতিক তেল ব্যবসায়ী সংস্থা বিবি এনার্জির সহযোগী হিসেবে পরিচিত। রয়টার্স তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তাৎক্ষণিক কোনো সাড়া পাওয়া যায়নি।
মন্ত্রণালয়ের লিখিত বিবৃতিতে জানানো হয়, রপ্তানি করা তেল ‘নিসোস ক্রিস্টিয়ানা’ নামের ট্যাংকারের মাধ্যমে পাঠানো হয়েছে। জুবাসি জানিয়েছেন, তেল দেশের বিভিন্ন তেলক্ষেত্র থেকে উত্তোলন করা হয়েছে, তবে নির্দিষ্ট তেলক্ষেত্রের নাম প্রকাশ করা হয়নি।

