বাংলাদেশের বন্ধ থাকা চিনিকলগুলো ফের চালু করার উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের (বিএসএফআইসি) চেয়ারম্যান রশিদুল হাসান।
গতকাল বুধবার সকাল ১১টায় ঝিনাইদহের কালীগঞ্জে মোবারকগঞ্জ সুগার মিলে আখচাষিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন। সভায় প্রায় শতাধিক আখচাষি উপস্থিত ছিলেন। তারা আখের মূল্য বৃদ্ধি, উন্নত জাতের বীজ, সরকার নির্ধারিত দামে সার সরবরাহ ও দ্রুত সময়ে আখের মূল্য পরিশোধের দাবি জানান। একই সঙ্গে বেশি জমিতে আখ চাষ ও পরিষ্কার-পরিচ্ছন্ন আখ সরবরাহের অঙ্গীকার করেন।
চাষিদের উদ্দেশে বিএসএফআইসি চেয়ারম্যান বলেন, বাংলাদেশের চিনিশিল্পকে শক্তিশালী করতে আখের চাষ বাড়ানো জরুরি। উন্নত জাতের বীজ সরবরাহ করা হবে, ন্যায্যমূল্যে সার সরবরাহ নিশ্চিত করা হবে। তিনি আরও বলেন, “আমাদের কিছু নিবেদিত আখচাষি দরকার।” আখের মূল্য বৃদ্ধির দাবিতে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে রশিদুল হাসান বলেন, বিষয়টি মন্ত্রণালয়ে জানানো হবে। আখকে দীর্ঘমেয়াদি ফসল হিসেবে উল্লেখ করে তিনি চাষিদের জমিতে সাথী ফসল ফলানোর পরামর্শ দেন।
সভায় সভাপতিত্ব করেন মোবারকগঞ্জ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী আ ন ম জোবায়ের। এ সময় উপস্থিত ছিলেন বিএসএফআইসির যুগ্ম সচিব ও পরিচালক (ইক্ষু উন্নয়ন ও গবেষণা) ড. আব্দুল আলীম খান, শিল্প মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সাজেদুর রহমান, বিএসএফআইসির প্রধান সিপিই ড. জেরুন নাহার ফেরদৌস, প্রধান প্রকৌশলী মো. মাহামুদুল হক, ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপক (ফিল্ড রিসার্চ) মো. ইউসুফ আলী এবং মোবারকগঞ্জ সুগার মিলের মহাব্যবস্থাপক কৃষি গৌতম মণ্ডল। চাষিদের পক্ষ থেকে বক্তব্য দেন বদর উদ্দিন, আব্দুল ওয়াদুদ, মিজানুর রহমান, আব্দুস শুকুর আলী ও আব্দুল হাই।

