বিশ্ব অর্থনীতির অস্থিরতার প্রভাবে বিনিয়োগকারীরা নিরাপদ জায়গা খুঁজতে গিয়ে স্বর্ণের দিকে ঝুঁকছেন। গত এক বছরে স্বর্ণের দাম প্রায় এক-তৃতীয়াংশ বৃদ্ধি পেয়েছে। বুধবার প্রতি আউন্সের দাম ছাড়িয়েছে তিন হাজার ৫৫০ মার্কিন ডলার, যা সব সময়ের সর্বোচ্চ। কিছু বিশ্লেষক মনে করছেন, চলমান ভূরাজনৈতিক অস্থিরতার কারণে দাম আরও বাড়তে পারে।
অস্ট্রেলিয়ার কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার আল জাজিরাকে বলেন, “দীর্ঘদিন ধরে বিনিয়োগকারীরা অস্থিরতার সময় স্বর্ণকে সবচেয়ে নিরাপদ সম্পদ হিসেবে বিবেচনা করে আসছেন। শেয়ার বা অন্যান্য বাজারের তুলনায় এর দাম তুলনামূলকভাবে স্থিতিশীল থাকে।”
ওয়াটারার আরও বলেন, “অর্থনীতির সবচেয়ে বড় সমস্যা হলো অনিশ্চয়তা। এমন পরিস্থিতিতে স্বর্ণই ব্যবসায়ীদের ভরসার জায়গা হয়ে ওঠে।”
যদিও ঐতিহাসিকভাবে স্বর্ণ সীমিত মুনাফা দিয়েছে, তবে গত দুই বছরে এর দাম দ্রুত বেড়েছে। ইউক্রেন ও গাজায় চলমান সংঘাত এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য নীতি বিষয়গুলো এতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
স্বর্ণে বিনিয়োগের উপায়
স্বর্ণে বিনিয়োগের দুটি প্রধান উপায় রয়েছে। এক, সরাসরি স্বর্ণ কেনা—বার, গলানো স্বর্ণ, গয়না বা মুদ্রা আকারে। দুই, আর্থিক পণ্যের মাধ্যমে—যেমন ফিউচার চুক্তি, যেখানে নির্দিষ্ট দামে ভবিষ্যতে স্বর্ণ কেনা বা বিক্রির শর্ত থাকে। এছাড়া বিশেষ বিনিয়োগ তহবিলও রয়েছে, যেগুলো স্বর্ণের দামের ওঠানামা অনুসরণ করে।
ব্যক্তি পর্যায়ে সরাসরি স্বর্ণ কেনা সহজ হলেও বড় প্রতিষ্ঠানগুলো সাধারণত আর্থিক পণ্য ব্যবহার করে। এতে তাদের প্রচুর স্বর্ণ হাতে রাখতে বা সংরক্ষণ করতে হয় না।
স্বর্ণের মূল্য সাধারণত মার্কিন ডলারে নির্ধারিত হয়। ডলারের মান কমলে স্বর্ণের দাম বেড়ে যায়, আর ডলার শক্তিশালী হলে দাম কমে।
ট্রাম্পের নীতি এবং স্বর্ণের দাম
এপ্রিল মাসে ট্রাম্প বিশ্বের নানা দেশের ওপর শুল্ক আরোপের ঘোষণা দেন। এতে বৈশ্বিক বাণিজ্যে অনিশ্চয়তা তৈরি হয় এবং স্বর্ণের দাম হঠাৎ বেড়ে যায়। এছাড়া ট্রাম্প মার্কিন ফেডারেল রিজার্ভের স্বাধীনতার ওপর চাপ সৃষ্টি করেছেন এবং বারবার সুদের হার কমাতে কেন্দ্রীয় ব্যাংককে প্রভাবিত করেছেন। এর ফলেও স্বর্ণ বিনিয়োগকারীদের কাছে আরও আকর্ষণীয় হয়ে উঠেছে।
ক্যাপিটাল ডট কমের সিনিয়র বিশ্লেষক কাইল রডার বলেন, “যদি সুদের হার বাড়ে, স্বর্ণের আকর্ষণ কমে। কারণ তখন ব্যাংক বা সুদযুক্ত সম্পদ থেকে বেশি আয় পাওয়া যায়। কিন্তু সুদের হার কমলে স্বর্ণ তুলনামূলকভাবে লাভজনক হয়।”
সুবর্ণ বাজারে শুধু যুক্তরাষ্ট্র নয়, অন্যান্য দেশের অর্থনৈতিক অস্থিরতাও প্রভাব ফেলছে। সম্প্রতি ব্রিটিশ পাউন্ড ও জাপানি ইয়েনের মান কমেছে, মূলত সরকারের দুর্বল অর্থনৈতিক পরিস্থিতি ও রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে। ওয়াটারার বলেন, “যখন মুদ্রার মান কমে, স্বর্ণ মুদ্রাস্ফীতির ঝুঁকি থেকে রক্ষা দেয়। স্বর্ণের সরবরাহ সীমিত, তাই দামের অবমূল্যায়ন কম হয়।”
রডা আরও বলেন, “ট্রাম্পের নীতির কারণে অনেক দেশ এখন মার্কিন ডলারে আস্থা রাখছে না। ফলে তারা ডলার ধরে রাখার পরিবর্তে স্বর্ণ কিনছে। এটি একধরনের নিরাপদ সম্পদ হিসেবে বিবেচিত হচ্ছে এবং স্বর্ণের দাম আরও বাড়াচ্ছে।”

