সংকটাপন্ন ব্যাংকগুলোর মাধ্যমে রপ্তানি আয় দেশে আসার পর তা ব্যাক টু ব্যাক এলসি এবং রপ্তানিকারকদের অংশ হিসেবে দিতে পারছিল না। ফলে দুই শতাধিক পোশাক কারখানা সমস্যায় পড়েছিল। এবার বাংলাদেশ ব্যাংকের হস্তক্ষেপের পর সেই সমস্যা সাময়িকভাবে সমাধান হয়েছে।
পোশাক রপ্তানিকারক কারখানাগুলোর শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধের জন্য ইতিমধ্যেই ৮৮৬ কোটি টাকা ব্যাংকগুলো ছাড় করেছে। এই তথ্য জানিয়েছে পোশাক শিল্প মালিকদের সংগঠন বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ) বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “পোশাক খাতের শ্রমিকদের আগষ্ট ও সেপ্টেম্বর মাসের বেতন-ভাতা পরিশোধের সুবিধার্থে বাংলাদেশ ব্যাংক ৮৮৬ কোটি টাকা ছাড় করেছে। এই অর্থ এক্সিম ব্যাংক ও এসআইবিএল ব্যাংকের মাধ্যমে প্রদান করা হয়েছে।”
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, “সম্প্রতি পাঁচটি সংকটাপন্ন ব্যাংকের তীব্র তারল্য সংকটের কারণে সংশ্লিষ্ট কারখানাগুলো রপ্তানিমূল্য পেয়েও শ্রমিকদের বেতন দিতে পারছিল না। এর ফলে শিল্পের স্বাভাবিক কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছিল।”
বিজিএমইএ’র ভাইস প্রেসিডেন্ট শিহাব উদ্দোজা চৌধুরী টিবিএসকে বলেন, “বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে কেবল কারখানাগুলোর দুই মাসের বেতন-ভাতা পরিশোধের জন্য টাকা ছাড় করা হয়েছে।”
প্রসঙ্গত, সমস্যাগ্রস্থ ব্যাংকগুলোর মাধ্যমে রপ্তানি আয়ের টাকা দেশে আসার পর তা ব্যাক টু ব্যাক এলসি ও রপ্তানিকারকদের বণ্টনের জন্য ব্যবহার করা সম্ভব হচ্ছিল না। এ কারণে দুই শতাধিক পোশাক কারখানা কঠিন পরিস্থিতিতে পড়ে। এই সমস্যার সমাধান চেয়ে গত ২৬ আগস্ট বিজিএমইএ বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে বৈঠক করেছিল।

