সাম্প্রতিক গ্লোবাল ডেইরি ট্রেড (জিডিটি) নিলামে আন্তর্জাতিক দুধজাত পণ্যের দাম ৪.৩ শতাংশ কমেছে। খাত বিশেষজ্ঞরা বলছেন, নিউজিল্যান্ড ও ইউরোপে উৎপাদন বেড়েছে, কিন্তু এশিয়া ও মধ্যপ্রাচ্যের বাজারে ক্রয়চাহিদা প্রত্যাশিত রূপে বাড়েনি। এছাড়া বৈশ্বিক অর্থনীতির অনিশ্চয়তা এবং ভোক্তাদের ব্যয় সীমিত হওয়ায় দুধজাত পণ্যের চাহিদা কমেছে, যা দাম কমার একটি বড় কারণ। খবর সূত্র: এনজেড হেরাল্ড, চিজ রিপোর্টার ও ফারমারস উইকলি।
নিউজিল্যান্ডের বহুজাতিক ডেইরি প্রতিষ্ঠান ফন্টেরার ফার্মগেট দুধের মূল্যে সবচেয়ে বেশি প্রভাব ফেলে ননিযুক্ত গুঁড়া দুধ (ডব্লিউএমপি)। জিডিটির সর্বশেষ নিলামে ডব্লিউএমপির দাম টনপ্রতি ৩,৮০৯ ডলার, যা আগের তুলনায় ৫.৩ শতাংশ কমেছে।
ফন্টেরারের দ্বিতীয় প্রধান পণ্য, ননিযুক্ত গুঁড়া দুধ (এসএমপি)-এর দাম টনপ্রতি ২,৬২০ ডলার, আগের নিলামের তুলনায় ৫.৮ শতাংশ কমেছে। মোজারেলা পনিরের দাম টনপ্রতি ৪,২৪৪ ডলার, যা ৪.৬ শতাংশ কম।
মাখনের গড় দাম টনপ্রতি ৬,৯৬৯ ডলার, আগের নিলামের তুলনায় ২.৫ শতাংশ কম। অ্যানহাইড্রাস মিল্কফ্যাটের দামও টনপ্রতি ৬,৯১৭ ডলার, যা ২.৬ শতাংশ কমেছে। বাটার মিল্ক পাউডারের দাম টনপ্রতি ২,৮৬৮ ডলার, যা ৬.৩ শতাংশ কম। কয়েকটি ভবিষ্যৎ চুক্তিতে ৯–১১ শতাংশ পর্যন্ত দরপতন দেখা গেছে।
নিউজিল্যান্ড এক্সচেঞ্জের হেড অব ডেইরি ইনসাইটস ক্রিস্টিনা আলভারাদো জানান, চীনের ক্রয় অংশগ্রহণ বেড়ে মোট ক্রয়ের অর্ধেকে পৌঁছেছে, যা আগের নিলামে ছিল ৩৪ শতাংশ। অন্য সব অঞ্চলের চাহিদা কমেছে, যা দাম কমার পেছনে অতিরিক্ত প্রভাব ফেলেছে।
২০২৫–২৬ মৌসুমের শুরুতে নিউজিল্যান্ডে দুধ সংগ্রহ রেকর্ড পর্যায়ে পৌঁছেছে। একই সময়ে যুক্তরাষ্ট্র, আর্জেন্টিনা ও উরুগুয়েতে উৎপাদন যথাক্রমে ৩.৪, ৭.৭ ও ৩ শতাংশ বেড়েছে। যদিও ইইউ দেশগুলোয় মে মাসে উৎপাদন কিছুটা বাড়লেও অস্ট্রেলিয়ায় জুলাইয়ে উৎপাদন ৪ শতাংশ কমেছে।
আলভারাদো বলেন, “ডব্লিউএমপি ও ফ্যাটজাত পণ্যের রফতানি বৃদ্ধি বাজারে পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করেছে। কম চাহিদা ও উৎপাদন বৃদ্ধির ফলে দামে চাপ তৈরি হচ্ছে।”
তবে একমাত্র চেডার পনিরের দাম বেড়েছে। অক্টোবর থেকে ফেব্রুয়ারির সব চুক্তিতে দাম ঊর্ধ্বমুখী। চেডার পনিরের গড় দাম টনপ্রতি ৪,৭০৯ ডলার, যা আগের তুলনায় ৩.৬ শতাংশ বেশি।

