রপ্তানিমুখী তৈরি পোশাক খাতের ৩৬৮টি কারখানার দুই মাসের (আগস্ট ও সেপ্টেম্বর) শ্রমিকদের বেতন–ভাতা পরিশোধে সরাসরি এগিয়ে এসেছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক তারল্যসংকটে থাকা এক্সিম ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংককে (এসআইবিএল) প্রায় এক হাজার কোটি টাকা ধার দিচ্ছে।
এর মধ্যে এক্সিম ব্যাংকের গ্রাহক ২৫১টি কারখানার জন্য ৮৮৬ কোটি টাকা ইতিমধ্যেই ছাড় করা হয়েছে। আর সোশ্যাল ইসলামী ব্যাংকের গ্রাহক ১১৭টি কারখানার জন্য বরাদ্দ ১১৭ কোটি টাকা ছাড়ের অপেক্ষায় আছে।
রপ্তানি থেকে বৈদেশিক মুদ্রা দেশে এলেও তারল্য সংকটের কারণে গ্রাহকদের অর্থ পরিশোধ করতে পারছিল না ব্যাংক দুটি। নতুন ঋণপত্র খোলাতেও ব্যর্থ হচ্ছিল তারা। এতে রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলো আর্থিক ক্ষতির মুখে পড়ে এবং শ্রমিকদের বেতন–ভাতা দিতে হিমশিম খাচ্ছিল।
এই পরিস্থিতিতে গত ২৬ আগস্ট বিজিএমইএ নেতারা বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে বৈঠক করে দ্রুত সমাধানের অনুরোধ জানান। এরপরই কেন্দ্রীয় ব্যাংক জরুরি ভিত্তিতে অর্থ ছাড়ের সিদ্ধান্ত নেয়।
বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান এক বিবৃতিতে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, “এখন শ্রমিকদের বেতন–ভাতা নিয়ে আর কোনো জটিলতা থাকবে না। কারখানাগুলো দ্রুত অর্থ বুঝে নেবে।”
সংগঠনের সহসভাপতি মো. শিহাব উদ্দোজা চৌধুরী জানান, “বাংলাদেশ ব্যাংক দ্রুত সিদ্ধান্ত না নিলে শ্রমিক অসন্তোষ দেখা দেওয়ার ঝুঁকি ছিল।”
সোশ্যাল ইসলামী ব্যাংক–এর আওতাধীন ১১৭টি কারখানার মধ্যে রয়েছে নোমান গ্রুপ, আম্বার গ্রুপ, থার্মেক্স গ্রুপ ও যমুনা গ্রুপসহ শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান। এদের মাসিক গড় রপ্তানি ৫৬১ কোটি টাকা হলেও গড় বেতন–ভাতা ১২৯ কোটি টাকার বেশি। ব্যাংকের তারল্য ঘাটতির কারণে এ অর্থ সময়মতো পাচ্ছিল না তারা।
এক্সিম ব্যাংক–এর আওতাধীন ২৫১টি কারখানার মধ্যে আছে মাসকো গ্রুপ, আল-মুসলিম গ্রুপ, ব্যাবিলন গ্রুপ, হান্নান গ্রুপ, উইন্ডি গ্রুপ, প্রাণ-আরএফএল, এশিয়ান গ্রুপ, আলিফ গ্রুপসহ এক ডজনের বেশি বড় ব্যবসায়ী গোষ্ঠী। শুধু গত বছরই তাদের সম্মিলিত রপ্তানি ছিল ১৮০ কোটি মার্কিন ডলার।
এসআইবিএলের এমডি শাফিউজ্জামান বলেছেন, “বাংলাদেশ ব্যাংক থেকে প্রাপ্ত অর্থ সরাসরি কারখানার হিসাবে জমা করা হবে। অন্য কোনো খাতে ব্যয় করা যাবে না।”
অন্যদিকে, মিতালি গ্রুপের চেয়ারম্যান সৈয়দ আবু ইউসুফ আবদুল্লাহ মন্তব্য করেন, “বেতন–ভাতার অর্থ ছাড় হওয়া অবশ্যই ইতিবাচক। তবে শুধু বেতন নয়, ব্যবসা সচল রাখতে চলতি মূলধনের অর্থপ্রাপ্তিও জরুরি। আমরা কোনো ঋণ চাই না, চাই আমাদের রপ্তানির টাকা সময়মতো পেতে।”

