বিশ্বজুড়ে অর্থনৈতিক অনিশ্চয়তা যত বাড়ছে, ততই নিরাপদ আশ্রয় হিসেবে সোনার প্রতি ঝুঁকছেন বিনিয়োগকারীরা। এক বছরের ব্যবধানে স্বর্ণের দাম প্রায় এক-তৃতীয়াংশ বেড়ে আউন্সপ্রতি ৩,৫৫০ ডলার ছাড়িয়েছে—যা ইতিহাসের সর্বোচ্চ। বিশ্লেষকদের ধারণা, ভূরাজনৈতিক অস্থিরতা চলতে থাকলে দাম আরও বাড়তে পারে।
কেন এখন স্বর্ণের এত কদর?
অস্ট্রেলিয়ার কেসিএম ট্রেডের প্রধান বিশ্লেষক টিম ওয়াটারার বলছেন, আর্থিক বাজার সবচেয়ে ভয় পায় অনিশ্চয়তাকে, আর এমন পরিস্থিতিতে বিনিয়োগকারীদের প্রথম পছন্দ হয়ে ওঠে সোনা। শেয়ারবাজার বা অন্য সম্পদের তুলনায় এর দাম তুলনামূলকভাবে স্থিতিশীল।
গত দুই বছরে ইউক্রেন যুদ্ধ, গাজা সংকট আর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্যযুদ্ধ আন্তর্জাতিক বাজারকে অশান্ত করে তুলেছে। সাধারণত সীমিত রিটার্ন দিলেও এই সময়ে সোনার দাম উল্কাগতিতে বেড়েছে। অনেক বিনিয়োগকারী সরকার ও আর্থিক প্রতিষ্ঠানের ওপর আস্থা হারিয়েছেন; ফলে নিজের হাতে রাখা যায় এমন সম্পদ—যেমন সোনা—তাদের কাছে বেশি নিরাপদ মনে হচ্ছে।
বিনিয়োগকারীরা কীভাবে সোনা কিনছেন?
সোনায় বিনিয়োগের দুটি বড় পথ আছে।
প্রথমত, সরাসরি স্বর্ণবার, অলঙ্কার বা মুদ্রা কেনা।
দ্বিতীয়ত, আর্থিক পণ্য—যেমন ফিউচার কনট্রাক্ট বা এক্সচেঞ্জ-ট্রেডেড ফান্ড (ইটিএফ)—এর মাধ্যমে লেনদেন।
ব্যক্তিরা সরাসরি সোনা কিনলেও বড় প্রতিষ্ঠানগুলো সাধারণত আর্থিক পণ্যকে বেছে নেয়, কারণ এতে বিপুল পরিমাণ সোনা মজুদ বা সংরক্ষণের ঝামেলা নেই।
এছাড়া সোনার দাম সাধারণত মার্কিন ডলারের সঙ্গে উল্টোভাবে ওঠানামা করে। ডলারের মান কমলে সোনার দাম বাড়ে, আর ডলার শক্তিশালী হলে স্বর্ণের দাম কিছুটা পড়ে যায়।
ট্রাম্পের ভূমিকা কোথায়?
গত এপ্রিলে ট্রাম্প তার তথাকথিত “লিবারেশন ডে” শুল্ক আরোপের ঘোষণা দেন, যা বৈশ্বিক বাণিজ্যে বড় ধাক্কা দেয় এবং অনিশ্চয়তা তৈরি করে। এর পরপরই স্বর্ণের দাম লাফিয়ে বাড়তে শুরু করে।
সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভকে রাজনৈতিকভাবে চাপে রাখার ঘটনাও বাজারে অস্থিরতা এনেছে। ট্রাম্প বারবার সুদের হার কমানোর জন্য চাপ দিচ্ছেন এবং ডলারের মান নিচে নামাতে চাইছেন, যাতে মার্কিন রফতানি প্রতিযোগিতামূলক হয়। কিন্তু এই অবস্থায় বিনিয়োগকারীদের কাছে সোনা আরও আকর্ষণীয় হয়ে উঠছে।
বিশ্লেষক কাইল রোডার ব্যাখ্যা করেন, সুদের হার কমলে ব্যাংকে বা বন্ডে রাখা টাকার আয় কমে যায়, তখন সোনা হাতে রাখাটাই তুলনামূলকভাবে লাভজনক মনে হয়। আবার বিদেশি বিনিয়োগকারীরাও ডলারের মান কমলে বেশি সোনা কেনেন, কারণ তখন তাদের টাকার মানে বেশি সোনা পাওয়া যায়।
যুক্তরাষ্ট্রের বাইরে পরিস্থিতি
শুধু আমেরিকাতেই নয়, বিশ্বের বিভিন্ন দেশে আর্থিক অস্থিরতা সোনার চাহিদা বাড়িয়ে দিচ্ছে। যুক্তরাজ্যের পাউন্ড ও জাপানি ইয়েন সম্প্রতি পড়ে গেছে, বাজেট সংকট আর রাজনৈতিক অনিশ্চয়তার কারণে।
ওয়াটারারের মতে, যখন কোনো মুদ্রার মান কমে, তখন মানুষ মুদ্রাস্ফীতির ঝুঁকি থেকে বাঁচতে সোনার দিকে ঝোঁকে। কারণ কাগুজে মুদ্রার বিপরীতে সোনার সরবরাহ সীমিত, তাই এর দাম সহজে হ্রাস পায় না। একই অভিজ্ঞতা হয়েছে তুরস্ক ও মিশরের মতো দেশেও।
অন্যদিকে, মার্কিন ডলার মজুদ রাখা বিদেশি সরকারগুলোও এখন আগের মতো ট্রেজারি বন্ডে বিনিয়োগ করতে চাইছে না। ট্রাম্পের বাণিজ্যনীতি যুক্তরাষ্ট্রের আর্থিক সম্পদের ওপর আস্থা কমিয়ে দিয়েছে। ফলে কৌশলগত প্রতিদ্বন্দ্বী দেশগুলো তাদের ডলার ভান্ডার সোনায় রূপান্তর করছে। এতে বৈশ্বিক চাহিদা আরও বেড়ে গিয়ে দাম আকাশচুম্বী হয়ে উঠছে।

