১৪ বছর পর প্রথমবারের মতো সিরিয়া আনুষ্ঠানিকভাবে তেল রপ্তানি শুরু করেছে। সম্প্রতি টারতুস বন্দর থেকে ছয় লাখ ব্যারেল হেভি ক্রুড অয়েল বহনকারী একটি ট্যাংকার বিদেশের গন্তব্যে রওনা দিয়েছে। এই রপ্তানি চুক্তি আন্তর্জাতিক প্রতিষ্ঠান বি সার্ভ এনার্জির সঙ্গে করা হয়েছে, যা ইঙ্গিত দিচ্ছে সিরিয়া ধীরে ধীরে বৈশ্বিক জ্বালানি বাজারে ফিরছে।
২০১০ সালে সিরিয়া দৈনিক প্রায় ৩.৮ লাখ ব্যারেল তেল রপ্তানি করত। কিন্তু দীর্ঘ বছর চলা যুদ্ধ, নিষেধাজ্ঞা ও বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর নিয়ন্ত্রণে দেশটির তেল খাত ভেঙে পড়েছিল। তখন দামেস্ক সরকার বাধ্য হয়ে তেল পাচার, বার্টার বাণিজ্য ও অস্বচ্ছ লেনদেনের ওপর নির্ভর করেছিল।
চালানটি সিরিয়ার একাধিক তেলক্ষেত্র থেকে উত্তোলিত হয়েছে, তবে কুর্দি নেতৃত্বাধীন অঞ্চলের সঙ্গে রাজনৈতিক টানাপোড়েনের কারণে সরবরাহ এখনও স্থিতিশীল নয়।
-
বি সার্ভ এনার্জির সঙ্গে চুক্তি সিরিয়ার জন্য বৈধ বাণিজ্যিক ও বীমা কাঠামো নিশ্চিত করেছে।
-
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০২৫ সালের জুনের নির্বাহী আদেশে সিরিয়ার ওপর থেকে কিছু নিষেধাজ্ঞা তুলে নেওয়াও এ প্রক্রিয়ায় সহায়ক হয়েছে।
-
নতুন সরকার বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে উদ্যোগ নিয়েছে। টারতুস বন্দরে নতুন টার্মিনাল নির্মাণের জন্য জুলাইয়ে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে ৮০০ মিলিয়ন ডলারের সমঝোতা করা হয়েছে। এতে রাশিয়ার পূর্বের চুক্তি বাতিল হয় এবং উপসাগরীয় বিনিয়োগকারীদের সুযোগ তৈরি হয়।
সরকার ডিক্রি নং ১৫০/২০২৫ জারি করে তেল, বিদ্যুৎ ও পানি খাত একত্রিত করে নতুন “জ্বালানি মন্ত্রণালয়” গঠন করেছে, যাতে বিদেশি বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি পায়।অর্থনীতিবিদদের মতে, এই রপ্তানি সিরিয়ার বাজারে ফিরবার সংকেত হলেও নিয়মিত রপ্তানির নিশ্চয়তা এখনও নেই। বিশ্লেষক ফিরাস জেইন আল-দিন বলেন, এটি হতে পারে প্রতীকী পদক্ষেপ, আবার নিয়মিত রপ্তানির সূচনাও হতে পারে। তবে অবকাঠামো পুনর্গঠন ও রাজনৈতিক স্থিতিশীলতা ছাড়া উৎপাদন ও রপ্তানি বৃদ্ধি করা কঠিন।
তার মতে, যদি রাজনৈতিক সমঝোতা ও স্থিতিশীলতা নিশ্চিত হয়, সিরিয়া দুই মাসে অর্ধ থেকে এক মিলিয়ন ব্যারেল তেল রপ্তানি করতে পারবে। এতে স্থানীয় মুদ্রার ওপর চাপ কমবে। কিন্তু নিষেধাজ্ঞা পুনরায় আরোপ হলে সিরিয়া আবারও পাচার ও বার্টার বাণিজ্যের ওপর নির্ভর করতে বাধ্য হবে।সিরিয়ার তেল খাত পুনরায় শক্তিশালী করার পথে প্রথম পদক্ষেপ ইতিমধ্যেই নেওয়া হয়েছে। তবে স্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি, অবকাঠামোগত পুনর্গঠন ও আন্তর্জাতিক বাজারে স্থায়ী প্রবেশ ছাড়া দীর্ঘমেয়াদী সফলতা আশা করা কঠিন।

