রাজধানীর মোহাম্মদপুরের বাসিন্দা আসিক হোসেন একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় তিনি একটি কাজে আগারগাঁওয়ে যাচ্ছিলেন। পথে জাপান গার্ডেন সিটির সামনে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ভ্রাম্যমাণ ট্রাক দেখে তিনি দাঁড়ান। প্রায় সোয়া এক ঘণ্টা ট্রাকের পেছনে দাঁড়িয়ে আসিক ৪৫০ টাকায় সয়াবিন তেল, মসুর ডাল ও চিনি কিনেন। সমপরিমাণ পণ্য যদি বাজার থেকে কিনতেন, তাহলে আরও ১৬০–১৮০ টাকা খরচ হতো।
টিসিবির ট্রাকের পেছনে দাঁড়িয়ে আসিক বারবার এদিক–ওদিক তাকাচ্ছিলেন। পণ্য কেনার পরে তিনি জানান, “হঠাৎ করে পরিবারের নিয়মিত বাজারের খরচ বেড়ে গেছে। কিন্তু আমার আয় তো সীমিত। তাই বাধ্য হয়ে ট্রাকের পেছনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হল। পরিচিত কেউ দেখে ফেললে লজ্জা লাগবে, তাই একটু সতর্ক ছিলাম।”
বর্তমান বর্ষা মৌসুমে বাজারে নিত্যপ্রয়োজনীয় অধিকাংশ সামগ্রীর দাম উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে। দেড় মাস ধরে সব ধরনের সবজি, মাছ, ফার্মের মুরগি ও ডিম আগের তুলনায় বেশি দামে বিক্রি হচ্ছে। সম্প্রতি চালের দামও বেড়েছে, এবং ১৫–২০ দিনের মধ্যে আটা, ময়দা, মসুর ডালের দামও উর্ধ্বমুখী। এই পরিস্থিতিতে আসিকের মতো মধ্যবিত্ত ও সীমিত আয়ের মানুষরা কিছুটা অর্থ সাশ্রয়ের আশায় টিসিবি বা খাদ্য অধিদপ্তরের খোলা বাজার (ওএমএস) ট্রাকে ভিড় করছেন।
টিসিবির একটি ট্রাকে ৫০০ জনের জন্য পণ্য থাকে। একজন ক্রেতা সর্বোচ্চ ২ কেজি মসুর ডাল, ২ লিটার সয়াবিন তেল ও ১ কেজি চিনি কিনতে পারেন। এতে খরচ হয় ৪৫০ টাকা, যা বাইরে থেকে কিনলে ৬২০–৬৫০ টাকা পড়ত। ওএমএস ট্রাকে ৩০০ জনের জন্য চাল ও ৫০০ জনের জন্য আটা থাকে। একজন ব্যক্তি ৫ কেজি চাল ও ৪ কেজি আটা কিনতে পারেন। এতে খরচ হয় ২৬০ টাকা, যা বাইরে কিনলে প্রায় ৫০০ টাকা পড়ত।
গতকাল দুপুরে মোহাম্মদপুরের রিং রোডে দেখা গেছে, টিসিবি ট্রাকের পেছনে অন্তত ১৫০ জন মানুষ পণ্য কেনার জন্য অপেক্ষা করছিলেন। অনেকে কাজের ফাঁকে কিছু সময়ের জন্য এখানে এসেছেন। শ্যামলী খেলার মাঠ, লালমাটিয়া, খামারবাড়ি ও কারওয়ান বাজারেও একই দৃশ্য লক্ষ্য করা গেছে। কেউ কেউ দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকেও পণ্য না কিনে ফিরে গেছেন।
লালমাটিয়া এলাকায় টিসিবি ট্রাকে দাঁড়িয়ে আসিকের সহকর্মী নাজমুল ইসলাম বলেন, “আমি একটা কোম্পানিতে চাকরি করি। কাজের ফাঁকে এখানে দাঁড়িয়েছিলাম। সয়াবিন তেল ও ডাল কিনতে পারলে খুবই উপকার হতো। কিন্তু কাজ ফেলে দীর্ঘসময় অপেক্ষা করা সম্ভব নয়। তাই ফিরে যাচ্ছি।”
চড়া দামে বাজার গরম
বর্তমান খুচরা বাজারে সবজি ৬০–৮০ টাকার বেশি দামে বিক্রি হচ্ছে। বর্ষা মৌসুমের প্রধান সবজি বেগুন, ঢ্যাঁড়স, কচুর লতি, পটোল, চালকুমড়া, করলা, কাঁকরোলসহ বেশিরভাগের দাম আগের তুলনায় বেড়েছে। সরকারি বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, গত তিন মাসে এসব সবজির দাম ১৬ থেকে ৭৫ শতাংশ পর্যন্ত বেড়েছে।
সবজির দাম বেড়ে যাওয়ায় মানুষ বিকল্প হিসেবে ডিম খাওয়া বাড়িয়ে দেন। কিন্তু ডিমের দামও বেড়েছে। বর্তমানে ফার্মের মুরগির এক ডজন ডিম ১৩০–১৪০ টাকায় বিক্রি হচ্ছে। পাড়া-মহল্লায় দাম আরও কিছুটা বেশি। ব্রয়লার মুরগির কেজি ১৮০ টাকায়, সোনালি মুরগি ২৯০–৩২০ টাকায় বিক্রি হচ্ছে। একইভাবে বাজারে ২৮০ টাকার নিচে মাছ পাওয়া এখন কঠিন।
মূল্যবৃদ্ধির তালিকায় সাম্প্রতিক সময়ে আটা, ময়দা ও মসুর ডালও যুক্ত হয়েছে। কেজিপ্রতি আটার দাম ৬–১০ টাকা, ময়দা ৫–১০ টাকা এবং ছোট দানার মসুর ডাল প্রায় ২০ টাকা বেড়েছে।
ডিম–পেঁয়াজ আমদানির সুপারিশ
ডিম ও পেঁয়াজের দাম আরও বেড়ে গেলে এই পণ্য দুটির আমদানির অনুমতি দেওয়ার সুপারিশ করেছে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন। সংস্থাটি বাণিজ্য সচিবকে পাঠানো চিঠিতে জানিয়েছে, খুচরা বাজারে এক ডজন ডিমের দাম ১৫০ টাকা ও এক কেজি পেঁয়াজের দাম ৯০ টাকা ছাড়ালে পণ্য দুটি আমদানি করা যেতে পারে। পাশাপাশি পণ্যগুলোর শুল্ক-কর ছাড়ের সুপারিশও করেছে সংস্থা।

