চট্টগ্রামের ঐতিহ্যবাহী আমিন জুট মিলস পাঁচ বছর ধরে বন্ধ। কারখানার উৎপাদন বন্ধ হয়ে যাওয়ার পর বিশাল এলাকাজুড়ে ধ্বংসাবশেষের মতো দাঁড়িয়ে আছে ভবন ও সরঞ্জাম। যন্ত্রপাতিতে মরিচা, ভবনের পলেস্তার খসে পড়া, আর চুরি হয়ে যাওয়া বিভিন্ন যন্ত্রাংশ মিলিয়ে এখন এটি অনেকটা ভুতুড়ে এলাকায় পরিণত হয়েছে।
২০২০ সালের ১ জুলাই আওয়ামী লীগ সরকার কারখানাটি বন্ধ ঘোষণা করে। এতে চাকরি হারান প্রায় চার হাজার শ্রমিক। তবে উৎপাদন বন্ধ হলেও এখনো প্রশাসনিক কাজে নিয়োজিত আছেন ১২৫ কর্মকর্তা-কর্মচারী। প্রতিবেদনে দেখা যায়, গত চার অর্থবছরে কারখানাটির পরিচালন ব্যয়ে খরচ হয়েছে প্রায় ১০০ কোটি টাকা। এর মধ্যে শুধু বেতন-ভাতায় খরচ হয়েছে ৩৩ কোটি টাকার বেশি। প্রতিবছর গড়ে খরচ হয়েছে প্রায় ৮ কোটি টাকা। বিদ্যুৎ বিল বাবদ চার বছরে খরচ হয়েছে ১ কোটি ২০ লাখ টাকার বেশি। বাকি অর্থ গেছে জ্বালানি, রক্ষণাবেক্ষণ, বীমা ও অন্যান্য খাতে।
কারখানাটির মহাব্যবস্থাপক এ এইচ এম কামরুল হাসান বলেন, “আমাদের ২৫০-এর বেশি ভাড়াটে আছে। তাঁদের বিদ্যুতের বিলও আমাদের মিটারে আসে। ১২৫ জন কর্মকর্তা আছেন। পরিচালন ব্যয় সাত-আট কোটি টাকার বেশি হওয়ার কথা না। বাকিটা নথি দেখে বলতে হবে।”
অন্যদিকে আমিন জুট মিলস সিবিএর সাবেক সাধারণ সম্পাদক আবদুল খালেক ক্ষোভ প্রকাশ করে বলেন, “শ্রমিক নেই, কারখানা বন্ধ, কর্মকর্তারা বসে বসে বেতন নিচ্ছেন। মানুষের কষ্টের টাকা এভাবে খরচ করার কোনো মানে হয় না। জায়গাও প্রতিনিয়ত দখল হয়ে যাচ্ছে, অথচ কর্তৃপক্ষ নীরব।”
প্রতিষ্ঠার পর থেকে ২০২৪ সালের জুন পর্যন্ত আমিন জুট মিলসের লোকসান দাঁড়িয়েছে এক হাজার কোটি টাকার বেশি। এর মধ্যে উৎপাদন বন্ধের পর শেষ চার অর্থবছরে লোকসান হয়েছে ৫৩ কোটি টাকা। তবে এ সময়ে আয়ও হয়েছে প্রায় ৪৬ কোটি টাকা। পুরোনো পণ্য, স্ক্র্যাপ ও যন্ত্রপাতি বিক্রি করে এই অর্থ এসেছে। কারখানাটি চট্টগ্রামের আতুরার ডিপো এলাকায় প্রায় ৮০ একর জমির ওপর অবস্থিত। আশপাশ মিলিয়ে তিনটি কারখানার মোট এলাকা প্রায় ১৫০ একর কিন্তু অনেক জায়গা বেদখল হয়ে গেছে। কারখানা কর্তৃপক্ষের কাছে সঠিক হিসাব নেই কত জমি দখল হয়ে গেছে।
এ ছাড়া শ্রমিক কোয়ার্টারের জানালা, দরজা, গ্রিল, টিনসহ বহু জিনিস চুরি হয়ে গেছে। সরেজমিনে দেখা গেছে, ২১টি কোয়ার্টারের মধ্যে কেবল একটি ব্যবহারযোগ্য। বাকিগুলো পরিত্যক্ত। বেদখল হওয়া দোকান ও ঘর থেকেও এখন কোনো ভাড়া পাচ্ছে না কারখানা। জমি বেদখলের বিষয়ে মহাব্যবস্থাপক কামরুল হাসান জানান, জরিপে কিছু জমি একটি আবাসন প্রতিষ্ঠানের নামে লিপিবদ্ধ হয়ে গেছে। দখল ফেরত আনতে মামলা চলছে।
সেন্টার ফর পলিসি ডায়ালগের গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, “সরকার এখন ব্যয় সংকোচন করছে। অথচ এখানে কর্মকর্তারা বসে বসে বেতন নিচ্ছেন। আমরা মনে করি, এ জায়গায় বিকল্প বিনিয়োগ করে অর্থনৈতিক অঞ্চল বা অন্য কোনো প্রকল্প নেওয়া উচিত। লোকসানমুখী শিল্প থেকে সরকারের সরে আসা দরকার।”

