চট্টগ্রাম থেকে রংপুরের তিনটি ডিপোতে নিয়মিত জ্বালানি তেল সরবরাহ না হওয়ায় রংপুর বিভাগের পাঁচ জেলায় তীব্র তেল সংকটের শঙ্কা দেখা দিয়েছে। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) সংশ্লিষ্টরা এই সংকটের মূল কারণ হিসেবে রেলওয়ের ইঞ্জিন সংকটকে দায়ী করেছেন।
রংপুরে পদ্মা, মেঘনা ও যমুনা ডিপো থেকে রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা ও নীলফামারীতে তেল সরবরাহ করা হয়। আগস্টে এখানে মাসিক চাহিদা আড়াই কোটি লিটার হলেও সরবরাহ হয়েছে মাত্র ৩০ লাখ লিটার। ছয় মাস ধরে এ অবস্থা চলেছে। ফলে তিন ডিপোর অধীনে থাকা পেট্রোলপাম্পের মালিক ও এজেন্টরা চাহিদা অনুযায়ী তেল পাচ্ছেন না। পেট্রোলিয়াম ডিলার্স ডিস্ট্রিবিউটরস এজেন্ট অ্যান্ড পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের নেতারা জানিয়েছেন, রেলওয়ের পর্যাপ্ত ইঞ্জিন না থাকায় চট্টগ্রাম থেকে তেলবাহী ওয়াগন সময়মতো ছাড়তে পারছে না। ফলে রংপুর ডিপোগুলো প্রায় ফাঁকা পড়ে আছে।
রংপুর জেলা পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আজিজুর ইসলাম মিন্টু বলেন, ‘পাঁচ মাস ধরে চাহিদার তুলনায় অনেক কম তেল আসছে। আমরা চাই আগের মতো নিয়মিত সরবরাহ হোক। না হলে কৃষি, কলকারখানা ও অন্যান্য খাতে মারাত্মক প্রভাব পড়বে।’ রংপুর নগরের চারতলা মোড় এলাকার মিজান ফিলিং স্টেশনের মালিক মিজানুর রহমান বলেন, ‘রংপুর ডিপো থেকে তেল পাওয়া যাচ্ছে না। আমরা চট্টগ্রাম ও পার্বতীপুরসহ বিভিন্ন স্থান থেকে তেল আনার চেষ্টা করছি। এতে খরচ বেড়েছে। যদি রংপুর ডিপো থেকে তেল আসত, খরচ অনেক কম হতো।’
নগরের ফিলিং স্টেশনের মালিক মঞ্জুর আজাদ বলেন, ‘ডিপোতে তেল না থাকায় পার্বতীপুর ও বাঘাবাড়ী থেকে আনতে হচ্ছে। পরিবহন খরচ দ্বিগুণ হচ্ছে এবং সিরিয়াল মেনে তেল সংগ্রহ করতে দু-তিন দিন সময় লাগছে। এতে শুধু ব্যবসায়ী নয়, কৃষি ও পরিবহন খাতও ক্ষতিগ্রস্ত হচ্ছে।’
সংকটের কারণে তেলখাতের শ্রমিকরাও কর্মহীন হয়ে পড়েছেন। রংপুর ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলাউল মিয়া লাল্লু বলেন, ‘ডিপোতে তেল না থাকায় ছয় শতাধিক শ্রমিক কর্মহীন। জীবন এখন সংকটে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বারবার চিঠি দিয়েছি, কিন্তু কোনো কাজ হয়নি। দ্রুত সরবরাহ না হলে আন্দোলনে যেতে বাধ্য হব।’ রংপুরে নিরবচ্ছিন্ন তেল সরবরাহের জন্য জেলা পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং বিভাগীয় কমিশনার বরাবর চিঠি দিয়েছে। তবে কোনো সমাধান হয়নি।
মেঘনা পেট্রোলিয়াম ডিপোর ইনচার্জ জাকির হোসেন পাটোয়ারী বলেন, ‘চট্টগ্রামে তেল পর্যাপ্ত আছে। সমস্যা হচ্ছে লোকোমোটিভ ইঞ্জিনের। মাসে ২৫ লাখ লিটার চাহিদা থাকলেও আমরা পাচ্ছি মাত্র ৫ লাখ লিটার। হেড অফিস থেকে ডিজিএম ও জিএমরা রেল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছেন। ইঞ্জিন সংকট বলেই সমস্যা হচ্ছে।’
পদ্মা পেট্রোলিয়াম ডিপোর ইনচার্জ আমিনুর রহমান বলেন, ‘আগে আমাদের দুটি ইঞ্জিনে মাসে ৮-১০ বার তেল আসত। এখন একটিও নেই। রংপুরে তিন ডিপোর চাহিদা আড়াই কোটি লিটার, কিন্তু আমরা পাচ্ছি মাত্র ৩০ লাখ লিটার।’

