মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাপানি গাড়ি আমদানির ওপর শুল্ক ২৭.৫ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ করার একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন। এই পদক্ষেপ টয়োটা, হোন্ডা ও নিসানসহ বড় গাড়ি নির্মাতা কোম্পানিগুলোর জন্য বিদ্যমান বাণিজ্যিক অনিশ্চয়তা কমাবে বলে মনে করা হচ্ছে।
এটি গত জুলাইয়ে ঘোষিত চুক্তির আনুষ্ঠানিক রূপ। সেই চুক্তিতে গাড়ি, ফার্মাসিউটিক্যালসহ প্রায় সব জাপানি রপ্তানির ওপর ১৫ শতাংশ শুল্ক ধার্য করার কথা বলা হয়েছিল। হোয়াইট হাউস জানিয়েছে, চুক্তির অধীনে টোকিও মার্কিন প্রকল্পে ৫৫০ বিলিয়ন ডলার বিনিয়োগ করতে সম্মত হয়েছে। এছাড়া জাপান ধীরে ধীরে আমেরিকান পণ্য, যেমন গাড়ি ও চালের জন্য মার্কিন বাজার উন্মুক্ত করবে।
কয়েক মাসের আলোচনার পর চুক্তিটি চূড়ান্ত হয়। এটি গত এপ্রিলে ট্রাম্পের বিশ্বজুড়ে ব্যাপক শুল্ক ঘোষণার প্রেক্ষাপটে শুরু হয়েছিল। নির্বাহী আদেশ অনুযায়ী, চুক্তিটি জাপানের সঙ্গে আমেরিকার বাণিজ্য ঘাটতি কমাতে এবং মার্কিন ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর জন্য ‘অভূতপূর্ব সুযোগ’ তৈরি করতে সাহায্য করবে।
হোয়াইট হাউস আরও জানিয়েছে, জাপান বছরে ৮ বিলিয়ন ডলার মূল্যের মার্কিন পণ্য কিনতে প্রতিশ্রুতিবদ্ধ। এর মধ্যে রয়েছে কৃষিপণ্য, সার ও বায়ো-ইথানল। এছাড়া, টোকিও মার্কিন উৎপাদিত চাল কেনার পরিমাণ ৭৫ শতাংশ বাড়াতে সম্মত হয়েছে। পূর্বে এই বিষয়ে জাপানের কৃষি খাত কিছুটা বাধা সৃষ্টি করেছিল।
চলতি বছরের আগস্টে ট্রাম্পের শুল্ক কার্যকর হওয়ার পর বিশ্বজুড়ে সরকার ও ব্যবসায়িক মহলে অস্থিরতা তৈরি হয়। এই শুল্কের প্রভাব নিয়ে গত মাসে টয়োটা সতর্ক করে জানিয়েছিল, এর কারণে এ বছর তাদের প্রায় ১০ বিলিয়ন ডলার খরচ হবে। জাপানের অর্থনীতি মূলত পণ্য রপ্তানির ওপর নির্ভরশীল। তাদের মোট রপ্তানির প্রায় ২০ শতাংশ আসে গাড়ি খাত থেকে। চুক্তি ঘোষণার সময় ট্রাম্প এটিকে ‘ব্যাপক’ হিসেবে অভিহিত করে বলেছেন, এটি ‘সবার জন্য একটি দারুণ চুক্তি’।

