সরকার নাসা গ্রুপকে পুনরায় সচল করতে প্রায় ১৬৫ কোটি টাকার নতুন ঋণ প্যাকেজ দিচ্ছে। বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, কয়েকটি বাণিজ্যিক ব্যাংক এই অর্থায়নে যুক্ত হবে। লক্ষ্য হলো বন্ধ থাকা কারখানা চালু করা, শ্রমিকদের বকেয়া বেতন মেটানো এবং প্রায় ২৫ হাজার কর্মীর চাকরি রক্ষা করা।
তবে পুরো প্রক্রিয়া নির্ভর করছে এক নজিরবিহীন শর্তের ওপর—জেলগেইটে গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের সঙ্গে ঋণদাতা ব্যাংকের কর্মকর্তাদের সাক্ষাৎ এবং তার স্বাক্ষর নেওয়ার ওপর। গত বছরের অক্টোবর থেকে তিনি কারাগারে রয়েছেন।
২০২৪ সালের ২ অক্টোবর রাজধানীর গুলশান থেকে গ্রেপ্তার হন নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার। তাকে জুলাই গণঅভ্যুত্থানের মামলায় আটক করা হয়। কারাগারে থাকলেও তিনি এখনও প্রতিষ্ঠান পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার অবস্থায় আছেন। নাসা গ্রুপের গার্মেন্টস ও টেক্সটাইল খাতে বড় বিনিয়োগ থাকলেও গত বছরের আগস্টে সরকার পরিবর্তনের পর কার্যত প্রতিষ্ঠানটি অচল হয়ে পড়ে। বর্তমানে সব কারখানা বন্ধ। ব্যাংক ঋণের বকেয়া ৮ হাজার কোটি টাকারও বেশি। ইউটিলিটি বিল বাকি প্রায় ৩০ কোটি টাকা, শ্রমিকদের জুলাই মাসের বেতন বাকি ১১ কোটি টাকা।
কারখানা পুনরায় চালু করতে নাসা গ্রুপ ব্যাংকগুলোর কাছে এলসি সুবিধা ও নতুন ঋণ চাইছে। তবে বিপুল পরিমাণ খেলাপি ঋণের কারণে ব্যাংকগুলো ঋণ দিতে অনীহা প্রকাশ করেছে। এ অবস্থায় গ্রুপ ইতোমধ্যে সরকারের সহায়তার জন্যও আবেদন করেছে। গত ১৭ আগস্ট বাংলাদেশ ব্যাংকে বৈঠকে সিদ্ধান্ত হয়—ঋণ ছাড়ার আগে ব্যাংক প্রতিনিধিরা কারাফটকে গিয়ে নজরুল ইসলাম মজুমদারের সঙ্গে সাক্ষাৎ করবেন। সেখানে তিনি মর্টগেজবিহীন স্থাবর সম্পত্তি বিক্রির দলিলে স্বাক্ষর করবেন, যা বিদ্যমান ঋণের জামানত হিসেবে ধরা হবে।
সভায় বলা হয়, স্থাবর সম্পত্তি বিক্রি সময়সাপেক্ষ। ব্যাংকগুলো নতুন জামানত গ্রহণের মাধ্যমে ঋণের সিকিউরিটি কভারেজ নিশ্চিত করতে চাইছে। নজরুল ইসলাম মজুমদার এতে রাজী থাকলে গ্রুপভুক্ত কারখানাগুলো চালু করতে নতুন করে ১৬৫ কোটি টাকা ঋণ দেবে ব্যাংকগুলো।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. আশরাফুল আলমের সভাপতিত্বে এই সভায় সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়, নাসা গ্রুপের ঋণের সঙ্গে সংশ্লিষ্ট ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং গ্রুপ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নাসা গ্রুপ ইতোমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছে যাতে জেলগেইটে চেয়ারম্যানের স্বাক্ষর নেওয়া সম্ভব হয়।
নাসা গ্রুপের ভাইস চেয়ারম্যান খন্দকার মোহাম্মদ সাইফুল আলম বলেন, “ঋণের বিপরীতে মর্টগেজ দিতে চেয়ারম্যানের স্বাক্ষর প্রয়োজন। ব্যাংক প্রতিনিধির সঙ্গে সাক্ষাৎও প্রয়োজন হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি নেওয়া হয়েছে। আশা করি সরকার সহযোগিতা করবে।” কোম্পানি আইন বিশেষজ্ঞ সিনিয়র অ্যাডভোকেট আহসানুল করিম বলেন, “কারাগারে থাকা অবস্থায় স্বাক্ষর সাধারণত বৈধ নয়। তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি থাকলে তা বৈধ ধরা হবে।” সম্প্রতি আদালতে নজরুল ইসলাম জানিয়েছেন, জামিন দেওয়া হলে ব্যাংকের সব টাকা পরিশোধ করবেন।
৩০ জুন পর্যন্ত নাসা গ্রুপের ২২টি ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠানের কাছে মোট ঋণ ৮ হাজার ৬৭৭ কোটি টাকা। এর মধ্যে ইসলামী ব্যাংকে ১ হাজার ৬২১ কোটি টাকা, আইএফআইসি ব্যাংকে ১ হাজার ২৬৬.৯২ কোটি টাকা। এছাড়া ফার্স্ট সিকিউরিটি ব্যাংক, ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংকে নাসা ও এস আলম গ্রুপের ঋণ রয়েছে। কারখানা চালু করতে গত ৪ জুন থেকে শ্রম উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা, অর্থ সচিব, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর, বিজিএমইএ ও ব্যাংক প্রতিনিধিদের মধ্যে একাধিক বৈঠক হয়েছে। সর্বশেষ বৈঠক হয়েছিল ১৭ আগস্ট।
সভায় নাসা গ্রুপের কর্মকর্তারা জানিয়েছেন, মালিকপক্ষ সরাসরি ব্যবসা চালাতে না পারলেও—ব্যবস্থাপনা কমিটি কারখানা চালু রাখতে আগ্রহী। সরকার পরিবর্তনের পর এলসি না খোলায়, সাব-কন্ট্রাক্টের মাধ্যমে শ্রমিকদের বেতন দেওয়া হচ্ছিল। জুলাই মাসের বেতন পরিশোধের মতো অর্থ এখন নেই। শ্রমিকদের বেতন পরিশোধ ও কারখানা চালু রাখতে ইসলামী ব্যাংক, আইএফআইসি ব্যাংক, আল-আরাফা ইসলামী ব্যাংক, ডাচ্-বাংলা ব্যাংক ও শাহজালাল ইসলামী ব্যাংক হতে দুই বছরের ব্যাক টু ব্যাক এলসি এবং ১৬৫ কোটি টাকা চলতি মূলধন ঋণ চাওয়া হয়েছে। সিটি ব্যাংকের প্রতিনিধি বলেন, “শুধু ব্যবসায়িক আয় দিয়ে ঋণ পরিশোধ সম্ভব নয়। মালিকপক্ষের মর্টগেজবিহীন সম্পত্তি বিক্রি করে ঋণ কমালে পুনরুদ্ধার সম্ভব।”
বাংলাদেশ ব্যাংকের একজন পরিচালক বলেন, “নীতিগত সহায়তা যথেষ্ট নয়। কিছু স্থাবর সম্পত্তি বিক্রি করে ডাউন পেমেন্ট দিলে পুনঃতফসিল করা যেতে পারে।” সভায় সিদ্ধান্ত হয়, কারখানা চালুর জন্য নাসা গ্রুপ ব্যাংকে আবেদন করবে। ব্যাংক আবেদন বাংলাদেশ ব্যাংকে পাঠাবে। এরপর অর্থ মন্ত্রণালয় অনুমোদন দিলে প্রক্রিয়া আবার ব্যাংকের মাধ্যমে কার্যকর হবে। নাসা গ্রুপের ভাইস চেয়ারম্যান খন্দকার মোহাম্মদ সাইফুল আলম জানান, “সর্বশেষ বৈঠকের পর ৮টি বাণিজ্যিক ব্যাংকের কাছে এলসি ও অন্যান্য ব্যাংকিং সহযোগিতার জন্য আবেদন পাঠানো হয়েছে। আশা করা যায় এ মাসের মধ্যেই এলসি খোলা যাবে।”
নাসা গ্রুপ ১ সেপ্টেম্বর অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের কাছে আবেদন করেছে। এতে বলা হয়েছে, গত বছর সরকার পরিবর্তনের পর গ্রুপের চেয়ারম্যান কারাবন্দী এবং পরিবারের অন্য সদস্যরা বিদেশে। ফলে শ্রমিক ও শিল্পের স্বার্থে ম্যানেজমেন্ট কমিটি কারখানা সচল রাখার সিদ্ধান্ত নিয়েছে।
চিঠিতে উল্লেখ, ডিসেম্বর থেকে ব্যাংকগুলো নাসার সব ধরনের এলসি বন্ধ করেছে। বিদেশি ক্রেতাদের কাছ থেকে সরাসরি কার্যাদেশ নেয়া যাচ্ছে না। পূর্বের অর্ডার ও সাব-কন্ট্রাক্টে কিছু কাজ হলেও বর্তমানে কার্যক্রম নেই। ফলে শ্রমিকদের বেতন দেয়া আর সম্ভব হচ্ছে না। ইউটিলিটি বিল বাকি প্রায় ৩০ কোটি, জুলাই মাসের বেতন বাকি ১১ কোটি টাকা।
নাসা গ্রুপের অধীনে ৩৪টি কারখানা আছে। এতে প্রায় ২৫ হাজার শ্রমিক কাজ করেন। সব কারখানা রপ্তানিমুখী—গার্মেন্টস, ওয়াশিং, এমব্রয়ডারি, প্যাকেজিং, টেক্সটাইল, ফ্লিস মিল ও ডেনিম মিল।

