দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্র ও চীনের ওপর নির্ভরতা কমাতে দক্ষিণ-পশ্চিম এশিয়ার দেশগুলোর সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে তৎপর হচ্ছে। এ সংক্রান্ত পরিকল্পনা জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রী ইও হান-কু। তিনি বলেন, বাংলাদেশ ও পাকিস্তানসহ এ অঞ্চলের দেশগুলোর সঙ্গে দ্রুত বাণিজ্য আলোচনা এগিয়ে নেওয়া হবে।
কোরিয়া ইকোনমিক ডেইলিকে দেওয়া এক সাক্ষাৎকারে হান-কু বলেন, “আমরা গ্লোবাল সাউথের বাজারের মধ্যে প্রাথমিক লক্ষ্য হিসেবে দক্ষিণ-পশ্চিম এশিয়াকে বেছে নিয়েছি। এখানে প্রায় ২০০ কোটি মানুষ বাস করে, যা বিশ্বের মোট জনসংখ্যার এক-চতুর্থাংশ। ভোক্তা বাজার হিসেবে এর প্রবৃদ্ধির সম্ভাবনা অনেক।” তিনি জানান, দক্ষিণ-পশ্চিম এশিয়া শুধু ভোক্তা বাজার নয়, প্রাকৃতিক সম্পদ সরবরাহ শৃঙ্খল জোরদারের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ। জ্বালানি ও খনিজ সম্পদের প্রাচুর্য দক্ষিণ কোরিয়ার জন্য বড় সুযোগ তৈরি করতে পারে।
দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ভারত, বাংলাদেশ, পাকিস্তান, ভুটান, নেপাল, আফগানিস্তান ও মালদ্বীপকে দক্ষিণ-পশ্চিম এশিয়ার দেশ হিসেবে শ্রেণিভুক্ত করেছে। দক্ষিণ কোরিয়া ও বাংলাদেশের মধ্যে বিস্তৃত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (সিইপিএ) নিয়ে প্রথম দফার আলোচনা আগস্ট মাসে শুরু হয়েছে। চুক্তির লক্ষ্য শুধু শুল্ক নয়, বিনিয়োগ, সেবাখাত, মেধাস্বত্ব ও নিয়ন্ত্রণমূলক বিষয়েও দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক গভীর করা।
বাংলাদেশ বিশ্বের অষ্টম জনবহুল দেশ। ১৭ কোটি মানুষ বসবাসকারী দেশে পোশাক উৎপাদনে এটি দ্বিতীয় বৃহত্তম কেন্দ্র। হান-কু বলেন, “প্রচুর শ্রমশক্তি ও প্রাকৃতিক সম্পদের কারণে বাংলাদেশ গত কয়েক বছরে ৬-৭ শতাংশ হারে ধারাবাহিক অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রেখেছে।” বর্তমানে বাংলাদেশে দক্ষিণ কোরিয়ার শতাধিক কোম্পানি উৎপাদন কার্যক্রম চালাচ্ছে। এর মধ্যে ইয়ংওয়ান করপোরেশন সবচেয়ে বড়। প্রতিষ্ঠানটি আন্তর্জাতিক ব্র্যান্ড যেমন দ্য নর্থ ফেস ও নাইকির জন্য মূল নকশা অনুযায়ী পণ্য উৎপাদন করে। ২০২৪ সালে দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ছিল ১.৯৮ বিলিয়ন ডলার। তবে বাংলাদেশ এখনও সিউলের বাণিজ্যিক অংশীদারদের মধ্যে ৫৪তম স্থানে রয়েছে।
দক্ষিণ কোরিয়ার মোট দেশজ উৎপাদনের ৯০ শতাংশই আসে বাণিজ্য থেকে। তাই রপ্তানির বাজার বহুমুখীকরণ তাদের জন্য জরুরি। মার্কিন শুল্ক বৃদ্ধির প্রভাব থেকে ক্ষতিগ্রস্ত কোরীয় রপ্তানিকারকরা নতুন বাজার খুঁজছে। এই প্রেক্ষাপটে বাংলাদেশের সঙ্গে সিইপিএ চুক্তি দুই দেশের বাণিজ্য বাড়াবে বলে আশা করা হচ্ছে।
২০১০ সালে দক্ষিণ কোরিয়া ভারতের সঙ্গে একটি সমন্বিত অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি স্বাক্ষর করে। তখন থেকে দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ দ্বিগুণ হয়েছে, কোরিয়ার বিনিয়োগ চারগুণ বেড়েছে। হান-কু জানান, থাইল্যান্ড ও মালয়েশিয়াসহ আসিয়ানভুক্ত দেশগুলোর সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি দ্রুত এগিয়ে নেওয়া হবে। চলতি বছরের আগস্টে আসিয়ানভুক্ত দেশগুলোতে কোরিয়ার রপ্তানি দাঁড়ায় ১০.৯ বিলিয়ন ডলার। এটি যুক্তরাষ্ট্রে রপ্তানি করা ৮.৭ বিলিয়ন ডলার ছাড়িয়ে যায়। চীনে রপ্তানির ১১ বিলিয়ন ডলারের কাছাকাছি পৌঁছেছে। আসিয়ানভুক্ত দেশগুলো হলো—ব্রুনাই, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, লাওস, মালয়েশিয়া, মিয়ানমার, ফিলিপাইন, সিঙ্গাপুর, থাইল্যান্ড ও ভিয়েতনাম।
অনেক উন্নয়নশীল দেশ সেমিকন্ডাক্টর, ইলেকট্রনিক্স, বৈদ্যুতিক পণ্য ও অটোমোবাইল শিল্পে প্রযুক্তিগত সহযোগিতা চাইছে। সিউল ‘উইন-উইন’ কৌশলের ভিত্তিতে বাণিজ্য আলোচনা চালাবে। হান-কু বলেন, “আমরা গ্লোবাল সাউথের অন্যান্য দেশ—মধ্যপ্রাচ্য, মধ্য এশিয়া, দক্ষিণ এশিয়া ও আফ্রিকার সঙ্গে প্রয়োজন অনুযায়ী বিশেষভাবে প্রস্তুত বাণিজ্য চুক্তি করব।”

