২০২৪ সালে বৈশ্বিক রেমিট্যান্সের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৯০৫ বিলিয়ন মার্কিন ডলার। এর মধ্যে উচ্চ ফি, লুকানো চার্জ ও কম এক্সচেঞ্জ রেটের কারণে বিশ্বব্যাপী প্রায় ৫৭ বিলিয়ন ডলার অপচয় হয়েছে।
একই সময়ে বাংলাদেশি প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ২৬.৯ বিলিয়ন ডলার। তবে এর মধ্যে প্রায় ১.৪৮ বিলিয়ন ডলার বা ১৬ হাজার ২০০ কোটি টাকা অতিরিক্ত খরচে হারিয়ে গেছে। এই অঙ্ক বাংলাদেশের বার্ষিক বাজেটের প্রায় ২.০২৫ শতাংশ এবং মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় ০.৩৩ শতাংশের সমান। এই তথ্য জানায় আন্তর্জাতিক ফিনটেক কোম্পানি ও মানি ট্রান্সফার অ্যাপ না’লা । প্রতিষ্ঠানটি বাংলাদেশে কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা জানাতে আয়োজিত এক অনুষ্ঠানে বিষয়টি তুলে ধরে।
গতকাল শনিবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন না’লা বাংলাদেশের হেড অব গ্রোথ মাহমুদুল হাসান। অনুষ্ঠান সঞ্চালনা করেন তমা রশিদ। মাহমুদুল হাসান বলেন, “বাংলাদেশি প্রবাসীদের কষ্টার্জিত টাকা জিরো ফিতে দ্রুত এবং নিরাপদভাবে দেশে পৌঁছানোই আমাদের অঙ্গীকার। প্রবাসীরা কঠোর পরিশ্রম করে পরিবারকে সহায়তা করেন। তাদের প্রতিটি টাকা শুধু পরিবারের জীবনমান নয়, দেশের অর্থনীতিকেও সমৃদ্ধ করে।” তিনি আরও জানান, রেমিট্যান্স পাঠানোর ক্ষেত্রে যেন বাড়তি খরচ, লুকানো চার্জ বা বিলম্ব না হয়, সে লক্ষ্যেই কাজ করছে না’লা। “আমরা চাই, বাংলাদেশের প্রবাসীরা গর্বের সঙ্গে বলতে পারেন, আমাদের টাকা নিরাপদে, দ্রুত এবং বিনামূল্যে দেশে পৌঁছাচ্ছে।”
প্রবাসীদের সুবিধার জন্য চালু করা অ্যাপটির মাধ্যমে এখন ঘরে বসেই মোবাইল ফোন ব্যবহার করে টাকা পাঠানো সম্ভব। এতে ব্যাংক বা মানি এক্সচেঞ্জে যাওয়ার ঝামেলা নেই, আর দিতে হয় না অতিরিক্ত চার্জ। বর্তমানে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপের ২১টি দেশ থেকে বাংলাদেশে টাকা পাঠানো যায় এই অ্যাপ ব্যবহার করে। ২০২১ সালে চালু হওয়া না’লা অ্যাপটির ব্যবহারকারী ইতোমধ্যে ৫ লাখ ছাড়িয়েছে। অ্যাপটির মাধ্যমে বাংলাদেশে রেমিট্যান্স পাঠানো সম্ভব এই দেশগুলো থেকে: অস্ট্রিয়া, বেলজিয়াম, সাইপ্রাস, এস্তোনিয়া, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, গ্রিস, আয়ারল্যান্ড, ইটালি, লাটভিয়া, লিথুয়ানিয়া, লুক্সেমবার্গ, মাল্টা, নেদারল্যান্ডস, পর্তুগাল, স্লোভাকিয়া, স্লোভেনিয়া, স্পেন, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র।
না’লা একটি আন্তর্জাতিক ফিনটেক কোম্পানি ও মানি ট্রান্সফার অ্যাপ। এর মাধ্যমে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপ থেকে বাংলাদেশসহ আফ্রিকা ও এশিয়ার ১৪টি দেশে টাকা পাঠানো যায়। অ্যাপটির মাধ্যমে ২৪৯টি ব্যাংক ও ২৬টি মোবাইল মানি সার্ভিসে লেনদেন সম্ভব। বর্তমানে ব্যবহারকারী সংখ্যা ৫ লাখের বেশি।
প্রতিষ্ঠানটির বি টু বি পেমেন্ট প্ল্যাটফর্ম রফিকী এপিআই আন্তর্জাতিক লেনদেনকে সহজ করেছে। এটি ওয়াই কম্বিনেটর, এক্সেল ও বিসসিমার-এর মতো প্রতিষ্ঠানের বিনিয়োগপ্রাপ্ত। স্বচ্ছতা, গতি ও নিরাপত্তা—এই তিন মূলনীতিতেই কাজ করছে না’লা।

