দেশে পর্যটন খাতে মন্দাভাব দেখা দিয়েছে। বিদেশি পর্যটকের সংখ্যা কমে যাওয়ায় আয়ও কমছে। ফলে খাতটি এখন প্রায় পুরোপুরি দেশি পর্যটকনির্ভর হয়ে পড়েছে। এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সাম্প্রতিক প্রতিবেদনে দেখা যায়, এক বছরে বিদেশি পর্যটকদের খরচ কমেছে ১ কোটি ৩০ লাখ মার্কিন ডলার। টাকার অঙ্কে যার পরিমাণ প্রায় ১৫৯ কোটি।
প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালে বাংলাদেশ বিদেশি পর্যটকদের কাছ থেকে আয় করেছিল ৪৫ কোটি ৩০ লাখ ডলার। ২০২৪ সালে তা কমে দাঁড়িয়েছে ৪৪ কোটি ডলারে। খাত–সংশ্লিষ্টরা বলছেন, বিদেশি পর্যটক না আসায় এই আয়ে ধস নেমেছে। বিদেশিরা বাংলাদেশে এসে থাকা, খাওয়া ও ভ্রমণে যে অর্থ ব্যয় করেন সেটিই এই আয়ের উৎস।
এডিবির তথ্যমতে, দক্ষিণ এশিয়ায় সবচেয়ে বেশি বিদেশি পর্যটক ভ্রমণ করেন ভারতে। ২০২৩ সালে ভারত আয় করে ৩ হাজার ২২০ কোটি ডলার, যা ২০২৪ সালে বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৫০২ কোটি ডলারে। একই সময়ে শ্রীলঙ্কার আয় বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৩১৭ কোটি ডলারে। অন্যদিকে বাংলাদেশে আয় কমেছে।
টোয়াব সভাপতি মো. রাফেউজ্জামান মনে করেন, অনলাইন বা ই-ভিসা সুবিধা দেওয়া গেলে বিদেশি পর্যটক আকৃষ্ট হতো। পাশাপাশি সুন্দরবন, কক্সবাজার, প্রত্নতাত্ত্বিক স্থান ও ধর্মীয় তীর্থস্থানগুলোর বিদেশে প্রচারণা জোরদার না হওয়ায় এই খাত ক্ষতিগ্রস্ত। রাজনৈতিক অস্থিতিশীলতাও বড় বাধা। তিনি বলেন, রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল হলে দেশি–বিদেশি উভয় পর্যটকের আগমন বাড়বে। এডিবির প্রতিবেদনে আরও বলা হয়, ২০২২ সালে দক্ষিণ এশিয়ার দেশগুলো ভ্রমণ করেছেন প্রায় ১ কোটি ৭৪ লাখ পর্যটক। ২০২৩ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ২ কোটি ৩৩ লাখে।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্যমতে, ২০১৮-১৯ অর্থবছরে বাংলাদেশ ভ্রমণ করেছিলেন ১৬ লাখ ৪০ হাজার পর্যটক। এর মধ্যে প্রবাসী বাংলাদেশি ছিলেন ১৩ লাখ ৫০ হাজার, অর্থাৎ মোট পর্যটকের ৮০ শতাংশ। বিদেশি পর্যটক ছিলেন মাত্র ২ লাখ ৯০ হাজার। তাঁদের ৭২ শতাংশ আসেন আকাশপথে, আর ২৮ শতাংশ স্থলপথে।
বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উপপরিচালক মহিবুল ইসলাম বলেন, কোভিড–পরবর্তী সময়ে আন্তর্জাতিক পর্যটনে ইতিবাচক ধারা দেখা গেছে। গত ১০ বছরে আন্তর্জাতিক পর্যটন থেকে আয় পাঁচ গুণ বেড়েছে। তবে এই ধারা টিকিয়ে রাখতে আধুনিক প্রযুক্তি ব্যবহার, নতুন বিপণন কৌশল এবং উৎসভিত্তিক প্রচারণায় বৈচিত্র্য আনতে হবে।

