সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও) শীর্ষ সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনা প্রেসিডেন্ট সি চিনপিংয়ের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ফটোসেশন ভারতীয় গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হয়েছে। এতে চীন ও রাশিয়ার সঙ্গে ভারতের সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচিত হওয়ার বার্তা দেওয়া হয়েছে।
কিন্তু এক সপ্তাহের মধ্যেই অনুষ্ঠিতব্য ব্রিকস-এর ভার্চুয়াল শীর্ষ সম্মেলনে মোদি থাকছেন না। এই সম্মেলনে মার্কিন প্রেসিডেন্টের শুল্ক নীতি নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। গত শুক্রবার ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, ‘ভার্চুয়াল বৈঠকটি ৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। ভারতের পক্ষ থেকে পররাষ্ট্রমন্ত্রী এতে অংশগ্রহণ করবেন। এটি নেতাদের পর্যায়ের একটি বড় সম্মেলন।’
মোদির অনুপস্থিতি নজর কাড়ছে। বিশেষ করে যখন সি ও পুতিনের পাশে হাস্যোজ্জ্বল ছবিগুলো প্রকাশ পেয়েছে। বিষয়টি নিয়ে নানা জল্পনা শুরু হয়েছে। অনেকে মনে করেছেন, ডোনাল্ড ট্রাম্পের কঠোর বাণিজ্য শুল্কের পরিপ্রেক্ষিতে এসসিও সম্মেলনে মোদির উপস্থিতি চীন ও রাশিয়ার সঙ্গে ভারতের ঘনিষ্ঠ সম্পর্কের ইঙ্গিত দেবে। সরকারি পর্যায়ে মোদির অনুপস্থিতির কোনো কারণ জানানো হয়নি। তবে সূত্রের খবর অনুযায়ী, এসসিও শীর্ষ সম্মেলনের পর এটি নয়াদিল্লির কৌশলগত ভারসাম্য বজায় রাখার চেষ্টা।
মাস আগে ট্রাম্প প্রশাসন ভারতীয় পণ্য আমদানির ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছে। এর অর্ধেক পারস্পরিক শুল্ক, বাকি অর্ধেক রাশিয়ার জ্বালানি তেল কেনার জন্য জরিমানা। ভারত এই অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ককে ‘অযৌক্তিক’ অভিহিত করেছে। যুক্তি দিয়েছে, চীন, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপ যখন মস্কোর সঙ্গে বাণিজ্য চালাচ্ছে, তখন ভারতকে আলাদা করে লক্ষ্য করা হয়েছে।
ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভা ব্রিকস নেতাদের বৈঠক ডেকেছেন ট্রাম্পের শুল্ক নীতি নিয়ে আলোচনা করার জন্য। ব্রাজিলের কর্মকর্তারা বলেন, লুলা চায় বৈঠকে শুল্কের বাইরে গিয়ে বহুপক্ষীয় সম্পর্ককে সমর্থন করার জন্য জোটের উদীয়মান অর্থনীতিগুলোর মধ্যে ঐকমত্য গড়ে উঠুক। তবে তারা জোর দিয়ে বলেছেন, বৈঠককে মার্কিন-বিরোধী প্ল্যাটফর্ম বানানো হয়নি।
এর পেছনের প্রেক্ষাপট হলো ব্রাজিল ও ওয়াশিংটনের সংঘাত। গত জুলাই মাসে ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, যদি ব্রাজিলের সুপ্রিম কোর্ট সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোর বিরুদ্ধে অভ্যুত্থান-সম্পর্কিত অভিযোগের বিচার বন্ধ না করে, তবে দেশটির ওপর উচ্চ শুল্ক আরোপ করা হবে। ব্রাজিল এখন ৫০ শতাংশ শুল্কের শিকার হলেও উড়োজাহাজ ও কমলালেবুর জুসের মতো কিছু পণ্যে ছাড় পেয়েছে।
ব্লুমবার্গের প্রতিবেদনে ব্রাজিলীয় কর্মকর্তাদের উদ্ধৃতি দেওয়া হয়েছে, ব্রিকস সদস্যদের ওপর আরোপিত শুল্কের কারণে জোটের জন্য সমন্বিত প্রতিক্রিয়া গড়ে তোলা কঠিন হয়ে পড়েছে। তারা আরও জানিয়েছেন, মোদির ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠতা ব্রিকসে বাধা হিসেবে দেখা হয়েছে। কারণ গত জুলাইয়ে শীর্ষ সম্মেলনে শুল্কের বিরুদ্ধে শক্ত অবস্থান নেওয়া সম্ভব হয়নি।
এসসিও শীর্ষ সম্মেলনে মোদির অংশগ্রহণ নিয়ে ট্রাম্পের প্রতিক্রিয়া তাৎক্ষণিক ছিল। তিনি ট্রুথ সোশ্যালে লিখেছেন, ‘ভারত তার অধিকাংশ তেল ও সামরিক পণ্য রাশিয়া থেকে কিনছে, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে খুব কম।’ এটি ভারত-মার্কিন বাণিজ্য ঘাটতি নিয়ে ট্রাম্পের দীর্ঘদিনের অভিযোগের পুনরাবৃত্তি। গত শুক্রবার ট্রাম্প আরও বলেন, যুক্তরাষ্ট্র ভারত ও রাশিয়াকে গভীর চীনের কাছে হারিয়েছে। তিনি ব্যঙ্গাত্মকভাবে তাদের ‘একসঙ্গে দীর্ঘ ও সমৃদ্ধ ভবিষ্যৎ’ কামনা করেছেন।
মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুতনিক ব্লুমবার্গ টেলিভিশনকে বলেন, ‘ভারত এখনো বাজার খুলতে চায় না, রুশ তেল কেনা বন্ধ করতে চায় না এবং ব্রিকস-এর অংশ হওয়া বন্ধ করতে চায় না। তারা রাশিয়া ও চীনের মধ্যে একটি স্বরবর্ণের মতো।’ ট্রাম্প বারবার ব্রিকসকে লক্ষ্য করেছেন। জুলাইয়ে সতর্ক করেছেন, যে কোনো দেশ যদি এই ব্লকের ‘মার্কিন-বিরোধী নীতির’ সঙ্গে যুক্ত হয়, তাদের ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপ করা হবে। তিনি এই জোটকে ‘ছোট গ্রুপ’ বলে উড়িয়ে দিয়েছেন। তাঁর মতে, জোট মার্কিন ডলার দুর্বল করতে চায়। যদি সদস্যরা স্থানীয় মুদ্রায় বাণিজ্য করার চেষ্টা করে, আরও শাস্তিমূলক পদক্ষেপ হবে।
ভারত বরাবর বলছে, ডি-ডলারাইজেশন তাদের এজেন্ডার অংশ নয়। গত মাসে এক সাপ্তাহিক ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ‘ডি-ডলারাইজেশন ভারতের আর্থিক এজেন্ডার অংশ নয়।’ তবে ব্রিকস সদস্যরা স্থানীয় মুদ্রায় আন্তসীমান্ত বাণিজ্যের উপায় খুঁজছে।

