দেশে সাধারণ মানুষের কাছে দীর্ঘদিন ধরে সঞ্চয়পত্র সবচেয়ে নিরাপদ বিনিয়োগ মাধ্যম হিসেবে জনপ্রিয়। বিশেষ করে নিম্ন মধ্যবিত্ত ও মধ্যবিত্ত শ্রেণির মানুষরা সঞ্চয়পত্রের মুনাফা ব্যবহার করে সংসারের দৈনন্দিন খরচ চালান।
বর্তমানে সঞ্চয়পত্র কেনা ও মুনাফা উত্তোলনের প্রক্রিয়া ডিজিটাল হয়েছে। জাতীয় সঞ্চয় অধিদপ্তরের ৭১টি সঞ্চয় ব্যুরো কার্যালয় ছাড়াও বাংলাদেশ ব্যাংকের সব শাখা, রাষ্ট্রায়ত্ত ব্যাংক, ডাকঘর এবং কিছু বাণিজ্যিক ব্যাংক থেকে সঞ্চয়পত্র কেনা ও ভাঙানো যায়। জাতীয় সঞ্চয় অধিদপ্তর বর্তমানে ১১টি সঞ্চয় স্কিম চালু রেখেছে। এর মধ্যে রয়েছে চার ধরনের সঞ্চয়পত্র, দুটি ডাকঘর সঞ্চয় ব্যাংক হিসাব, একটি ডাক জীবনবিমা, একটি প্রাইজবন্ড এবং প্রবাসীদের জন্য তিনটি বিশেষ বন্ড। প্রতিটি স্কিমে বিনিয়োগের বিপরীতে মুনাফার হার আলাদা। উৎসে কর কর্তনের হারও স্কিম অনুযায়ী ভিন্ন। বিনিয়োগের ধরন এবং কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) থাকলেও বা না থাকলেও কর কর্তন হয়।
সরকার নির্দিষ্ট সময় অন্তর সঞ্চয়পত্রের মুনাফার হার পর্যালোচনা করে। চলতি অর্থবছরে সঞ্চয়পত্রে মুনাফার হার কমানো হয়েছে। নতুন হার আগামী ছয় মাস অর্থাৎ ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে। নতুন হার অনুযায়ী, সঞ্চয়পত্রে সর্বোচ্চ সুদ ১১ দশমিক ৯৮ শতাংশ এবং সর্বনিম্ন ৯ দশমিক ৭২ শতাংশ। বিনিয়োগের পরিমাণ অনুযায়ী মুনাফা নির্ধারণ করা হয়েছে। কম বিনিয়োগকারীরা তুলনামূলকভাবে বেশি মুনাফা পাবেন। বেশি বিনিয়োগকারীদের জন্য সুদের হার কম রাখা হয়েছে। সঞ্চয়পত্রে বিনিয়োগের সীমা ৭ লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত ‘ছোট বিনিয়োগ’ হিসেবে ধরা হবে। এ সীমার কম বিনিয়োগে বেশি মুনাফা পাওয়া যাবে। ৫ লাখ টাকার নিচে বিনিয়োগে উৎসে কর ৫ শতাংশ, এর বেশি বিনিয়োগে কর ১০ শতাংশ। ১৯৭৭ সালে প্রথম পাঁচ বছর মেয়াদি সঞ্চয়পত্র প্রবর্তন করে সরকার। পরে আরও তিনটি সঞ্চয়পত্র চালু হয়—তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র, পেনশনার সঞ্চয়পত্র ও পরিবার সঞ্চয়পত্র। চার ধরনের সঞ্চয়পত্রে সবচেয়ে বেশি সুদ পেনশনার সঞ্চয়পত্রে, এরপর পরিবার সঞ্চয়পত্র।
পেনশনার সঞ্চয়পত্র: ৭ লাখ ৫০ হাজার টাকার কম বিনিয়োগে পাঁচ বছরের মেয়াদ শেষে মুনাফা ১১ দশমিক ৯৮ শতাংশ। বেশি বিনিয়োগ করলে ১১ দশমিক ৮০ শতাংশ মুনাফা দেওয়া হবে। সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি, সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য এবং মৃত চাকরিজীবীর পারিবারিক পেনশন সুবিধাভোগী পরিবার এটি কিনতে পারবেন।
পরিবার সঞ্চয়পত্র: সবচেয়ে জনপ্রিয় পরিবার সঞ্চয়পত্রে ৭ লাখ ৫০ হাজার টাকার কম বিনিয়োগে পাঁচ বছরের মেয়াদ শেষে মুনাফা ১১ দশমিক ৯৩ শতাংশ। বেশি বিনিয়োগে হার ১১ দশমিক ৮০ শতাংশ।
পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র: ৭ লাখ ৫০ হাজার টাকার কম বিনিয়োগে মুনাফা ১১ দশমিক ৮৩ শতাংশ। বেশি বিনিয়োগে হার ১১ দশমিক ৮০ শতাংশ।
তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র: কম বিনিয়োগের ক্ষেত্রে মুনাফা ১১ দশমিক ৮২ শতাংশ, বেশি বিনিয়োগে ১১ দশমিক ৭৭ শতাংশ।
ডাকঘর সঞ্চয় ব্যাংক (তিন বছর মেয়াদি): ৭ লাখ ৫০ হাজার টাকার নিচে বিনিয়োগে মুনাফা ১১ দশমিক ৮২ শতাংশ। বেশি বিনিয়োগে ১১ দশমিক ৭৭ শতাংশ।
প্রবাসী বন্ড: প্রবাসীদের জন্য তিন ধরনের বন্ড রয়েছে। ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ডে সর্বোচ্চ ১২ শতাংশ মুনাফা। এটি পাঁচ বছর মেয়াদি, ৬ মাস অন্তর মুনাফা তোলার সুযোগ। ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ড তিন বছর মেয়াদি, মুনাফা ৬.৫ শতাংশ। ইউএস ডলার প্রিমিয়াম বন্ড তিন বছর মেয়াদি, মুনাফা ৭.৫ শতাংশ। তিনটি বন্ডের মুনাফা করমুক্ত। ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ডে সর্বোচ্চ ১ কোটি টাকা বিনিয়োগ করা যাবে, বাকি দুই বন্ডে কোনো সীমা নেই। এসব বন্ড দেশের বাণিজ্যিক ব্যাংকের এডি শাখা, বিদেশে বাংলাদেশের ব্যাংকের শাখা, এক্সচেঞ্জ হাউস ও এক্সচেঞ্জ কোম্পানি থেকে কেনা যায়। সরকার নির্ধারিত এই নতুন হার ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে। এরপর পরিস্থিতি অনুযায়ী তা পুনঃপর্যালোচনা করা হবে।

