যুক্তরাষ্ট্র কিছু শিল্পজাত রপ্তানিতে শুল্ক ছাড় দিচ্ছে। এই সিদ্ধান্ত দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি একটি নির্বাহী আদেশে সই করেছেন। আদেশটি আগামীকাল সোমবার থেকে কার্যকর হবে।
ছাড়ের আওতাভুক্ত পণ্যের মধ্যে রয়েছে নিকেল, সোনা ও অন্যান্য ধাতু। এছাড়া রয়েছে ওষুধ তৈরির যৌগ ও রাসায়নিক। ট্রাম্প দায়িত্ব নেওয়ার প্রথম সাত মাসে বিশ্ববাণিজ্যব্যবস্থাকে পুনর্বিন্যাসের জন্য শুল্ক ব্যাপকভাবে বাড়িয়েছেন। এর মূল লক্ষ্য যুক্তরাষ্ট্রের বাণিজ্যঘাটতি কমানো। তিনি বাণিজ্য অংশীদার দেশগুলোকে আলোচনায় ছাড় দিতে রাজি করানোর চেষ্টা করেছেন।
সর্বশেষ আদেশে ৪৫টির বেশি পণ্যের শ্রেণিতে শূন্য আমদানি শুল্কের সুযোগ রাখা হয়েছে। এই সুবিধা শুধু সেসব দেশ পাবে, যারা ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে ফ্রেমওয়ার্ক চুক্তি করেছে। আদেশে বলা হয়েছে, বাণিজ্যচুক্তিভুক্ত দেশগুলোর জন্য এই ছাড় কার্যকর হবে সোমবার দিবাগত ১২টা ১ মিনিট থেকে।

