আগস্ট মাসে দেশের সার্বিক মূল্যস্ফীতি তিন বছরেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) আজ এই তথ্য জানিয়েছে, এ মাসে পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৮.২৯ শতাংশে।
বিবিএসের তথ্য অনুযায়ী, গত জুলাই মাসে মূল্যস্ফীতি ছিল ৮.৫৫ শতাংশ। অর্থাৎ আগস্টে আগের মাসের তুলনায় মূল্যস্ফীতি কমেছে ০.২৬ শতাংশ। গত বছরের একই সময়ে এ হার ছিল ১০.৪৯ শতাংশ। খাদ্যপণ্যের দামে সামান্য ঊর্ধ্বগতি দেখা গেছে। আগস্টে খাদ্য মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৭.৬০ শতাংশে, যা জুলাইয়ে ছিল ৭.৫৬ শতাংশ। তবে গত বছরের আগস্টে খাদ্য মূল্যস্ফীতি ছিল আরও বেশি, ১১.৩৬ শতাংশ।
অন্যদিকে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি কিছুটা কমেছে। জুলাইয়ে এ হার ছিল ৯.৩৮ শতাংশ, যা আগস্টে নেমে এসেছে ৮.৯০ শতাংশে। গত বছরের একই সময়ে হারটি ছিল ৯.৭৪ শতাংশ। মজুরি বৃদ্ধির হারও কমেছে সামান্য। আগস্টে স্বল্প আয়ের দক্ষ ও অদক্ষ শ্রমিকদের মজুরি বেড়েছে ৮.১৫ শতাংশ। তবে টানা ৪৩ মাস ধরে মজুরি বৃদ্ধির হার মূল্যস্ফীতির পেছনে পড়ে আছে, যা নিম্ন আয়ের পরিবারগুলোর জীবনযাত্রার ব্যয় সংকট আরও গভীর করেছে।
অর্থনীতিবিদদের মতে, খাদ্যপণ্যের দামে কিছুটা স্বস্তি মিললেও খাদ্যবহির্ভূত পণ্যের চাপ এখনও রয়ে গেছে। ফলে সামগ্রিক মূল্যস্ফীতি সাধারণ মানুষের জন্য এখনো ভারী বোঝা হয়ে দাঁড়িয়েছে। উল্লেখ্য, বাংলাদেশ ব্যাংক আগামী ২০২৫-২৬ অর্থবছরে মূল্যস্ফীতি ৬.৫ শতাংশের মধ্যে রাখার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।

