হবিগঞ্জের রশিদপুর গ্যাসক্ষেত্রে নতুন গ্যাসের সন্ধান মিলেছে। সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড (এসজিএফএল) জানায়, সংস্কার শেষে রশিদপুরের ৩ নম্বর কূপ থেকে প্রতিদিন ৮ থেকে ১০ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।
রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাপেক্স কূপটির সংস্কার কাজ (ওয়ার্কওভার) সম্পন্ন করেছে। এতে প্রায় ৭৩ কোটি টাকা খরচ ধরা হয়েছে। এসজিএফএল গত শুক্রবার কূপটিতে প্রাকৃতিক গ্যাস প্রবাহ শনাক্ত করে এবং গতকাল রোববার বিষয়টি গণমাধ্যমকে জানায়। এসজিএফএল-এর ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) প্রকৌশলী আব্দুল জলিল প্রামাণিক গ্যাসের সন্ধান পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, আগামী ১০ বছরে কূপটি থেকে ২৫ দশমিক ৫৫ বিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন সম্ভব হবে। পাশাপাশি গ্যাসের সঙ্গে উপজাত হিসেবে কনডেনসেটও পাওয়া যাবে। বর্তমানে প্রতি ঘনমিটার এলএনজির দাম ৬৫ টাকা হিসাবে হিসাব করলে এই কূপ থেকে প্রায় ৪ হাজার ৭০০ কোটি টাকার গ্যাস পাওয়া যাবে।
এসজিএফএল আরও জানিয়েছে, তাদের কারিগরি টিম ও বাপেক্সের কর্মকর্তারা যৌথভাবে কূপটির সংস্কার কাজ সফলভাবে শেষ করেছেন। বর্তমানে প্রতিষ্ঠানটির আওতায় সিলেট-১০এক্স, সিলেট-১১, ডুপিটিলা-১, কৈলাসটিলা-৯, রশিদপুর-১১ ও রশিদপুর-১৩ নম্বর কূপ খনন চলছে। পাশাপাশি কৈলাসটিলা-৯ ও বিয়ানীবাজার-২ নম্বর কূপের সংস্কারকাজও এগিয়ে চলছে। এসব কাজ সফলভাবে শেষ হলে দেশের গ্যাস উৎপাদন আরও বাড়বে বলে আশা করছে এসজিএফএল।

