ওপেক প্লাস অক্টোবরেও অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন বাড়ানোর সিদ্ধান্ত নিতে পারে। তবে বিশ্ববাজারে চাহিদা কিছুটা কম থাকায় গত মাসগুলোর তুলনায় বৃদ্ধি ধীর হতে পারে। এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্সকে সংস্থার সঙ্গে যুক্ত কয়েকটি সূত্র।
পেট্রোলিয়াম রফতানিকারক দেশগুলোর সংস্থা ওপেক ও রাশিয়াসহ অন্যান্য সহযোগী দেশগুলোর সংগঠনকে মিলিয়ে ‘ওপেক প্লাস’ বলা হয়। সংগঠনটি চলতি বছরের এপ্রিল থেকে দৈনিক প্রায় ২৫ লাখ ব্যারেল তেল উত্তোলন বাড়িয়েছে। এটি বৈশ্বিক চাহিদার প্রায় ২.৪ শতাংশের সমান।
খাত সংশ্লিষ্টরা জানিয়েছেন, উত্তোলন বাড়ানোয় মূল উদ্দেশ্য বাজারে অংশীদারিত্ব বৃদ্ধি করা এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপে জ্বালানি তেলের দাম কমানোর চেষ্টা। তবে এসব বৃদ্ধিও তেলের দামে তেমন প্রভাব ফেলতে পারেনি। পশ্চিমা দেশগুলোর রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা এবং ওপেক-বহির্ভূত দেশগুলোয় উত্তোলন বাড়ানোর কারণে এখনো ব্যারেলপ্রতি দাম প্রায় ৬৬ ডলারের কাছাকাছি।
ওপেক প্লাসভুক্ত দেশগুলো বিশ্বের প্রায় অর্ধেক জ্বালানি তেল সরবরাহ করে। সংস্থাটি বর্তমানে দুই স্তরের উত্তোলন হ্রাস কার্যকর রেখেছে। এর মধ্যে একটি স্তরের দৈনিক সাড়ে ১৬ লাখ ব্যারেল উত্তোলন কমানো চলছে। এটি আট সদস্য দেশ মেনে চলছে। অন্য স্তরের দৈনিক ২০ লাখ ব্যারেল হ্রাস ২০২৬ সালের শেষ পর্যন্ত ওপেক প্লাসভুক্ত সব দেশকেই অনুসরণ করতে হবে।
সূত্র জানিয়েছে, অক্টোবর থেকে প্রথম স্তরের উত্তোলন হ্রাস ধাপে ধাপে তুলে নেওয়ার পরিকল্পনা রয়েছে। ইতিমধ্যেই অন্তত দৈনিক ১ লাখ ৩৫ হাজার ব্যারেল উত্তোলন বৃদ্ধির বিষয়ে সদস্য দেশগুলো একমত হয়েছে। অন্য একটি সূত্র জানায়, বৃদ্ধির পরিমাণ দুই লাখ থেকে সাড়ে তিন লাখ ব্যারেল পর্যন্ত হতে পারে।
গত আগস্টে অনুষ্ঠিত বৈঠকে ওপেক প্লাস সেপ্টেম্বরের জন্য দৈনিক ৫ লাখ ৪৭ হাজার ব্যারেল তেল উত্তোলন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল। তবে ঘোষণা করা বাড়তি উত্তোলন পুরোপুরি কার্যকর হচ্ছে না। অধিকাংশ সদস্য দেশ ইতিমধ্যেই প্রায় পূর্ণ সক্ষমতায় উত্তোলন করছে। ফলে বাজারে অতিরিক্ত তেল সরবরাহ মূলত শুধু সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মাধ্যমে হচ্ছে।

