সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান বলেছেন, ‘বাংলাদেশের কথা যখন আমরা বলি, তখন সস্তা কিছু আত্মতুষ্টি এসে যায়। আমরা বলি দেশ আগাচ্ছে কিন্তু এখনকার সময়ে শুধু “আগাচ্ছে” বলা যথেষ্ট নয়, প্রশ্ন হলো কী গতিতে এগোচ্ছে।’
তিনি আরও বলেন, ‘আমাদের আত্মতুষ্টির ফাঁদ থেকে বের হয়ে আসতে হবে। ২০০৪ সালে ভিয়েতনাম আর আমরা একই জায়গায় ছিলাম। এখন তারা আমাদের অনেক এগিয়ে। দেশের মানুষ পরিশ্রমী, তাই কিছু না কিছু স্বাভাবিকভাবে আগাবে। তবে আমাদের সিদ্ধান্তে, অর্থনীতিতে এবং মানসিকতায় আরও গতি আনতে হবে।’
আজ সোমবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে বাংলাদেশ বিজনেস ফোরাম (বিবিএফ) আয়োজিত ‘বাণিজ্যযুদ্ধের প্রেক্ষাপটে বাংলাদেশের করণীয় ও এফবিসিসিআইয়ের ভূমিকা’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন। অনুষ্ঠানে বাংলাদেশের অর্থনীতির প্রবৃদ্ধি সচল রাখতে নতুন ‘গ্রোথ ড্রাইভার’ খুঁজে বের করার পরামর্শ দেন তিনি।
হোসেন জিল্লুর রহমান বলেন, ‘আরএমজি রপ্তানি চলছে, সেটা ঠিক আছে কিন্তু নতুন নতুন খাতের সম্ভাবনা খুঁজে বের করতে হবে। ফার্মা, কৃষি, আইটি ও লেদার খাতগুলোতে বড় সুযোগ রয়েছে। এগুলোকে গুরুত্ব দিতে হবে।’ তিনি দুর্নীতি ও হয়রানিকে রাষ্ট্রীয় ব্যাধি হিসেবে চিহ্নিত করার পরামর্শও দেন।
অর্থনীতিবিদ ও পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান মাসরুর রিয়াজ বলেন, বৈশ্বিক বাণিজ্যযুদ্ধ বাংলাদেশের জন্য নতুন সুযোগ তৈরি করেছে। তিনি বলেন, ‘চীনের থেকে আমেরিকার আমদানি সরছে, আর আমেরিকান কোম্পানিগুলো বিকল্প বাজার খুঁজছে। এই পরিস্থিতিতে বাংলাদেশ নন-এলাই বা ওপেনলি ননপলিটিক্যাল দেশ হিসেবে সম্ভাবনাময় গন্তব্য হতে পারে।’ মাসরুর রিয়াজ বাণিজ্যযুদ্ধের সুযোগ কাজে লাগানোর জন্য প্রতিযোগিতার সক্ষমতা, বাণিজ্য সহায়তা ও সহজীকরণ, পণ্যের বৈচিত্র্যকরণ এবং প্রশাসনিক দক্ষতা বাড়ানোর পরামর্শ দেন।
এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি শফিউল্লাহ চৌধুরী বলেন, ‘পূর্ববর্তী সরকারের আমলে এফবিসিসিআই কার্যত অকার্যকর ছিল। সংগঠনটি ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা করতে পারেনি। গণ-অভ্যুত্থানের পর সংগঠনটির নেতৃত্বে একজন সাবেক আমলাকে বসানো হয়েছে, যার ব্যবসা-বাণিজ্য বিষয়ে অভিজ্ঞতা নেই।’
তিনি ব্যবসায়ীদের বর্তমান অবস্থাকে ‘এতিমের মতো’ আখ্যা দিয়ে বলেন, ‘আমরা কার কাছে যাব, কোথায় যাব, কী করব, বুঝতে পারছি না। হঠাৎ করে পোর্ট চার্জ বাড়ানো হচ্ছে। ব্যবসায়ীরা নানা ধরনের হয়রানির শিকার হচ্ছেন।’ এফবিসিসিআইয়ের সাবেক নেতা আব্দুল হক যুদ্ধের প্রভাব ও করণীয় বিষয়ক একটি প্রবন্ধও অনুষ্ঠানে উপস্থাপন করেন।

