দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। এবার ভরিতে ১ হাজার ২৬০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮২ হাজার ৮১০ টাকা। আজ মঙ্গলবার থেকে এ দাম কার্যকর হবে।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) গতকাল সোমবার রাতে এক বিজ্ঞপ্তিতে স্বর্ণের নতুন এই দাম ঘোষণা করে। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বাড়ার কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন দাম অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের দাম ১ লাখ ৮২ হাজার ৮১০ টাকা। ২১ ক্যারেটের দাম ১ লাখ ৭৪ হাজার ৫০৫ টাকা এবং ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৪৯ হাজার ৫৬৭ টাকা। সনাতন পদ্ধতিতে প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ২৩ হাজার ৯৪২ টাকা।
বাজুস জানিয়েছে, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে বাধ্যতামূলকভাবে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ করতে হবে। গহনার নকশা ও মানের ওপর ভিত্তি করে মজুরিতে পার্থক্য হতে পারে।
এর আগে রবিবার (৭ সেপ্টেম্বর) ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে ২ হাজার ৭১৮ টাকা বাড়িয়ে ১ লাখ ৮১ হাজার ৫৫০ টাকা করা হয়েছিল, যা তখন ছিল দেশের ইতিহাসে সর্বোচ্চ দাম। মাত্র কয়েক দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়ে নতুন রেকর্ড তৈরি হয়েছে।
গত ৪ ও ২ সেপ্টেম্বর এবং ৩১ ও ২৭ আগস্ট চার দফায় স্বর্ণের দাম বাড়ানো হয়। মাত্র চার দিনের ব্যবধানে নতুন দাম বাড়ানোর কারণ হিসেবে বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বৃদ্ধি পেয়েছে, তাই সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

