বাংলাদেশে তৈরি পোশাক ও টেক্সটাইল খাতে ২০টিরও বেশি নতুন চীনা প্রতিষ্ঠান প্রায় ৮০০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের অঙ্গীকার করেছে। গতকাল সোমবার ঢাকায় চীনা দূতাবাসে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) সভাপতি তাসকীন আহমেদ ও চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের বৈঠকে এ তথ্য জানান রাষ্ট্রদূত।
ইয়াও ওয়েন বলেন, এই বিনিয়োগ বাস্তবায়ন হলে তৈরি পোশাক ও টেক্সটাইল খাতে রপ্তানি আরও বাড়বে। তিনি জানান, বিদ্যুৎ চালিত যানবাহন খাতে চীনা উদ্যোক্তাদের আগ্রহ থাকলেও উচ্চ শুল্ক ও সহায়ক নীতির অভাবে বিনিয়োগ ব্যাহত হচ্ছে। এ ক্ষেত্রে বাংলাদেশ সরকারকে নীতিমালা যুগোপযোগী করার আহ্বান জানান তিনি।
রাষ্ট্রদূত আরও বলেন, বর্তমানে বাংলাদেশের মোট রপ্তানির ৮৫ শতাংশ আসে তৈরি পোশাক খাত থেকে। দীর্ঘমেয়াদে এটি টেকসই নয়। তাই অন্যান্য সম্ভাবনাময় খাতকে অগ্রাধিকার দিয়ে রপ্তানি বহুমুখীকরণ ও সক্ষমতা বাড়ানোর ওপর জোর দেন তিনি।
বৈঠকে ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদ বলেন, ২০২৪ অর্থবছরে বাংলাদেশ-চীন দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ দাঁড়িয়েছে ১৭.৩৫ বিলিয়ন মার্কিন ডলার। এর মধ্যে চীন থেকে আমদানি হয়েছে ১৬.৬৪ বিলিয়ন ডলারের পণ্য, আর রপ্তানি হয়েছে মাত্র ৭১৫.৩৮ মিলিয়ন ডলারের পণ্য।
তিনি জানান, টেকসই অর্থনৈতিক উন্নয়ন এবং এলডিসি থেকে উত্তরণের সুযোগ কাজে লাগাতে চীনের সঙ্গে অর্থনৈতিক অংশীদারিত্ব আরও জোরদার করা জরুরি। এজন্য অবকাঠামো, জ্বালানি, শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, কৃষি, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, আইটি, নবায়নযোগ্য জ্বালানি, অটোমোবাইল, লাইট ইঞ্জিনিয়ারিং, পাদুকা, চিকিৎসা সরঞ্জাম, এপিআই, সেমিকন্ডাক্টর ও জাহাজ নির্মাণ খাতে চীনের বিনিয়োগ ও প্রযুক্তিগত সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানান তিনি।

