গত তিন দশকে রাজস্ব ব্যবস্থাপনা নিয়ে বহুবার আলোচনা হয়েছে। বিএনপি সরকারের অর্থমন্ত্রী এম সাইফুর রহমান থেকে আওয়ামী লীগ সরকারের অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত পর্যন্ত বিষয়টি বিভিন্ন মাধ্যমে উঠে এসেছে। পত্রপত্রিকা এবং সরকারি আলোচনায় দুজনকেই বোঝানো হয়েছিল, তারা বিষয়টি বুঝেছেনও। তবে বাস্তবায়ন বাধাপ্রাপ্ত। মাঝে মাঝে কিছু পদক্ষেপ নেয়া হলেও মোক্ষম পরিবর্তন সম্ভব হয়নি।
বর্তমানে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান অটোমেশন নিয়ে তৎপর। তিনি চান রাজস্ব প্রক্রিয়া আধুনিকায়ন হোক, তবে কিছু বাধার কারণে কাজ এগোচ্ছে না। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরও বিভিন্ন ক্ষেত্রে স্বয়ংক্রিয়তা ও কার্যকারিতা বৃদ্ধির চেষ্টা করছেন। দুই কর্মকর্তার এই তৎপরতা যদি সফল হয়, তা দেশের কর সংগ্রহ ব্যবস্থায় বড় ধরনের উন্নতি আনতে পারে। অটোমেশন চালু হলে আয়কর, কাস্টমস ও অন্যান্য রাজস্ব প্রক্রিয়া আরও স্বচ্ছ, দ্রুত এবং নির্ভুল হবে। এর ফলে কেবল সরকারি রাজস্ব বৃদ্ধি হবে না, দুর্নীতি ও অনিয়ম কমবে এবং ব্যবসা-বাণিজ্যের পরিবেশও সহজ হবে।
আমরা জানি, বিশ্বের যে কোনো কোম্পানি আরেক দেশে গিয়ে ব্যবসা করলে সেই দেশের নিয়মানুযায়ী তাকে ট্যাক্স (আয়কর) দিতে হয়। বিশ্বজুড়ে এটিই স্বীকৃত নিয়ম। একটি উদাহরণ দিলে বিষয়টি পাঠকদের বুঝতে সুবিধা হতে পারে। ধরুন, আপনি বাংলাদেশে বসে নেটফ্লিক্স দেখছেন। নেটফ্লিক্স কোম্পানি আমেরিকান। যেহেতু এটি বাংলাদেশে সেবা প্রদান করছে, এ সেবার বিনিময়ে ব্যবসা করছে, তাই নেটফ্লিক্সকে বাংলাদেশ সরকারের কাছে আয়কর দিতে হবে। কয়েকটি বিশেষ ক্ষেত্র ছাড়া বাংলাদেশে এই আয়করের পরিমাণ হলো ২০ শতাংশ। অর্থাৎ নেটফ্লিক্স যদি বাংলাদেশের গ্রাহকদের কাছ থেকে এক মিলিয়ন (১০ লাখ) ডলার আয় করে থাকে, তাহলে তাকে দুই লাখ ডলার আয়কর বাংলাদেশ সরকারকে দিতে হবে।
এটিই বাংলাদেশের আইন। বিদেশি এমন অনেক প্রতিষ্ঠান এখন বাংলাদেশে সেবা বিক্রি করে থাকে। যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম (মেটা), গুগল, ইউটিউব, অ্যামাজন, স্টারলিংক, টিকটক, অসংখ্য হোস্টিং ও মিডিয়া কোম্পানি। এখানে তালিকা দীর্ঘ করার দরকার নেই; বাংলাদেশ ব্যাংকের কাছে পুরো তালিকাই আছে। সমস্যা হচ্ছে, এসব বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ সরকারকে আয়কর দিচ্ছে না কিংবা বাংলাদেশ সরকার তাদের কাছ থেকে আয়কর আদায় করতে পারছে না। অনুমান করা হয়, বাংলাদেশে যেসব সেবা বিক্রি করা হয়, তার পরিমাণ এক বিলিয়ন ডলারেরও বেশি। বাংলাদেশ ব্যাংক সব কার্ডের (যেমন ভিসা, মাস্টারকার্ড, অ্যাম্যাক্স) রেকর্ড দেখলেই বলে দিতে পারবে।
যদি এটা বছরে এক বিলিয়ন ডলার হয়, তাহলে বাংলাদেশ সরকারের সেখান থেকে ২০০ মিলিয়ন ডলার আয়কর পাওয়ার কথা। বিষয়টি নিয়ে যখন বিস্তারিত খোঁজ নিতে শুরু করি, তখন বুঝতে পারি অনেকেই এটাকে এ দেশে প্রচলিত মূল্য সংযোজন কর-ভ্যাটের সঙ্গে মিলিয়ে ফেলছেন। পাঠকদের সুবিধার্থে একটু বুঝিয়ে বলি। ভ্যাট দেন গ্রাহক, যিনি সেবাটা গ্রহণ করছেন। এটা বাংলাদেশের জন্য বেশির ভাগ ক্ষেত্রে ১৫ শতাংশ। এটা দোকানগুলো কিংবা সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলো তাদের গ্রাহকদের কাছ থেকে সংগ্রহ করে সরকারের কোষাগারে জমা দিয়ে থাকে। বিনিময়ে আপনি একটি ভ্যাট চালান পান। অবশ্য গ্রাহকের কাছ থেকে নেওয়া সেই ভ্যাটও ঠিকমতো সরকারের কোষাগারে যায় কিনা, সেটা নিয়ে অনেক প্রশ্ন রয়েছে।
এ কারণেই রাজস্ব আদায়ের জন্য পৃথিবীর যে কোনো সরকারের কাছে ব্যবসা প্রতিষ্ঠানগুলো এত জরুরি। এই প্রক্রিয়ার মাধ্যমেই সরকার তার রাজস্ব সংগ্রহ করে থাকে। এই নিবন্ধে যে প্রসঙ্গটি বলছি, সেটা ভ্যাট নয়। আমি বলছি ট্যাক্সের কথা, যা প্রতিষ্ঠানগুলো তাদের আয় থেকে সরকারকে দিয়ে থাকে। আমেরিকায় এটা যেমন প্রযোজ্য, বাংলাদেশেও তেমনি। যদি দুটো বিষয়কে জোড়া দেওয়া হয়, তাহলে দাঁড়ায়, প্রতিষ্ঠানগুলো ১৫ শতাংশ ভ্যাট গ্রাহকের কাছ থেকে সংগ্রহ করে সরকারকে দেবে এবং তার নিজের আয় থেকে দেবে ২০ শতাংশ।
উদাহরণ দিয়ে বলি, যদি একটি সেবার জন্য কোনো প্রতিষ্ঠান গ্রাহককে ১০০ ডলার চার্জ করে, তাহলে গ্রাহক সেই ১০০ ডলারের ওপর বাড়তি ১৫ শতাংশ ভ্যাটসহ মোট ১১৫ ডলার পেমেন্ট করবে। এবং সেই প্রতিষ্ঠান গ্রাহকের ১৫ ডলার এবং নিজের আয় থেকে ২০ ডলার মোট ৩৫ ডলার সরকারের কোষাগারে জমা দেবে। এটাই আইন। বিদেশি কোনো প্রতিষ্ঠানকে বাংলাদেশে অপারেট করতে হলে এ আইন মেনেই ব্যবসা পরিচালনা করতে হবে। কিন্তু আইনটি আংশিকভাবে মানা হচ্ছে; পুরোটা না। বড় একটি অংশ নানা ফাঁক দিয়ে বেরিয়ে যাচ্ছে।
বাংলাদেশে বসে যারা বিদেশি কোম্পানির কাছ থেকে সেবা গ্রহণ করেন, তারা দুই উপায়ে পেমেন্ট করে থাকেন। ধরুন, আপনি ফেসবুকে বিজ্ঞাপন দেবেন বা আপনার কোনো পণ্যের কনটেন্ট বুস্ট করবেন। আপনি বাংলাদেশে কোনো বিজ্ঞাপনী সংস্থার মাধ্যমে ফেসবুককে পেমেন্ট করতে পারেন কিংবা কার্ডের মাধ্যমে (যেমন ভিসা বা মাস্টারকার্ড বা অ্যাম্যাক্স) সরাসরি ফেসবুককে (মেটা) পেমেন্ট করতে পারেন। যখন আপনি কোনো বিজ্ঞাপনী সংস্থার মাধ্যমে পেমেন্ট করছেন, তখন সেই সংস্থা আপনার কাছ থেকে ১৫ শতাংশ ভ্যাট আদায় করবে এবং সরকারের কোষাগারে জমা দেবে। পাশাপাশি ব্যাংক যখন মেটাকে ডলার পাঠাবে, তখন ২০ শতাংশ কেটে বাকি ডলারটা মেটার কাছে পাঠিয়ে দেবে।
এই ২০ শতাংশ সরকারের কোষাগারে ব্যাংক জমা দিয়ে দেবে। এখানে কোনো সমস্যা নেই। সমস্যা হলো আপনি যখন কার্ড দিয়ে পেমেন্ট করছেন। বাংলাদেশের যত ব্যাংক ডুয়েল কারেন্সি কার্ড ইস্যু করেছে, তারা সরকারি নিয়ম মেনে ১৫ শতাংশ ভ্যাট আপনার কাছ থেকে কেটে নেয়। কিন্তু যখন মেটাকে ডলার পাঠায় তখন মেটার আয়ের ২০ শতাংশ কেটে সরকারকে দেয় না। ধরুন, আপনি ১০০ ডলার বুস্টিং করলেন। তাহলে আপনাকে পেমেন্ট করতে হবে ১১৫ ডলার।
আপনার কাছ থেকে সেটা কেটেও নেওয়া হচ্ছে। কিন্তু যখন ওই ১০০ ডলার মেটাকে দিয়ে দিচ্ছে, তা থেকে সরকারের প্রাপ্য আরও ২০ ডলার। এই টাকা সঠিকভাবে কাটা হচ্ছে না। অনেক ব্যাংকের সঙ্গে কথা বলে জানতে পারলাম, তারা কাজটি করে না। তাহলে ক্ষতি হলো কার? অবধারিতভাবে বাংলাদেশের! কার্ড দিয়ে পেমেন্ট করলে কেন ব্যাংকগুলো ২০ শতাংশ কেটে রাখতে পারে না?
এটি একটি প্রযুক্তিগত বিষয় এবং চরম বৈষম্যমূলক। আপনি ব্যাংকে গিয়ে ডলার পাঠালে তখন ২০ শতাংশ কেটে রাখতে পারছেন, কিন্তু যখন কার্ড দিয়ে পেমেন্ট করা হচ্ছে, তখন কাটছেন না। ফলে দেশের কোটি কোটি টাকা ক্ষতি হচ্ছে। অথচ কাজটি করা খুবই সহজ। বাংলাদেশে ভিসা, মাস্টারকার্ড এবং অ্যাম্যাক্স– এই তিন প্রক্রিয়ায় বিদেশে প্রতিষ্ঠানগুলোকে সবচেয়ে বেশি পেমেন্ট করা হয়। এদের সবারই বাংলাদেশে অফিস আছে। ব্যাংকগুলো তাদের মাধ্যমেই বিদেশি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে পেমেন্ট সেটেল করে থাকে। কোনো কোনো সেবা আয়করের আওতাধীন সেই তালিকা দেখে নিয়ে সেই মার্চেন্টগুলোকে আলাদা করে ফেলা যায় এবং সেটেলমেন্ট করার সময় আয়করটুকু কেটে রাখলেই হয়। খুবই ছোট একটি কাজ। কিন্তু দেখবেন, এটা বছরের পর বছর ধরে হচ্ছে না। এই যে আমি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলাম, তারপরও না হওয়ার আশঙ্কা ৯৯ শতাংশ। কেন হবে না, তা জানি না। তবে এটা যে হবে না– সেটা কয়েক মাস পর খোঁজ নিয়ে জানাতে পারব। আর যদি হয়েই যায়, তাহলে ধরে নেবেন মিরাকল!
বাংলাদেশে অসংখ্য কার্ড আছে যেগুলো ডুয়েল কারেন্সি। এই কার্ডগুলো পেতে হলে আপনাকে পাসপোর্ট তৈরি করতে হয় এবং ব্যাংকগুলো আপনাকে পাসপোর্টে ডলার এনডোর্স করে দেয়, বছরে ১২ হাজার ডলার। এই কার্ডগুলো দিয়ে আপনি দেশে বসেই ফেসবুক, গুগল, নেটফ্লিক্স ইত্যাদি প্রতিষ্ঠানে পেমেন্ট করতে পারেন। কিন্তু মজার বিষয় হলো, আপনাকে ডলার বা কার্ড দিয়েছে ট্রাভেল কোটায়। অর্থাৎ এটা আপনি বিদেশে ভ্রমণ করতে গিয়ে ব্যবহার করতে পারবেন, যা বছরে সর্বোচ্চ ১২ হাজার ডলার। কিন্তু বাংলাদেশে কয়েক লাখ মানুষ এই ডুয়েল কারেন্সি কার্ড নিয়ে ভ্রমণ না করেই বাংলাদেশে বসে বিদেশি প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে সেবা গ্রহণ করার জন্য কার্ড ব্যবহার করছে।
আমি বেশ কিছু প্রতিষ্ঠানকে চিনি, যারা তাদের অনেক কর্মীর নামে পাসপোর্ট করিয়ে অসংখ্য কার্ড ইস্যু করে নিয়েছে, যা দিয়ে বিদেশে পেমেন্ট করে থাকে। কোনো প্রতিষ্ঠানের কাছে ১০টি কার্ড থাকলেই সে অনায়াসে এক লাখ ২০ হাজার ডলার পর্যন্ত বিদেশে পেমেন্ট করতে পারছে দেশে বসেই। বিষয়টি হাস্যকর এই জন্য যে, এটি একটি নাগরিক অধিকার। ছোট একটি সফটওয়্যার তৈরি করে দিলেই এনআইডি বা জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে তাদের ডলার ব্যবহারের সুযোগ করে দেওয়া যায়। তার জন্য পার্সপোর্ট তৈরি করে কাগজে সিল মেরে তা নিয়ন্ত্রণ করার প্রয়োজন হয় না। এটা একটা মিথ্যা ও কূট কৌশল। আপনি দেশের মানুষকে শেখাচ্ছেন, কীভাবে বিদেশে না গিয়েও বিদেশের নাম করে দেশে বসেই মিথ্যা তথ্য দিয়ে ব্যবসা করতে হয়। এটা সরকার দেশের মানুষকে শেখাচ্ছে এবং তাতে আমাদের কারও কোনো লজ্জা-শরম লাগছে না।
সফটওয়্যারের কথা যেহেতু উঠল, একটি খোলা অফার দিয়ে রাখি। এই সফটওয়্যার এতই ছোট যে আমাকে বললে বিনা পয়সায় তৈরি করে দিতে পারি। তাতে সরকারি কেনাকাটার ঝামেলায় পড়তে হবে না। বাংলাদেশ ব্যাংক পুরোটা পরীক্ষা-নিরীক্ষা এবং নিরাপত্তা যাচাই করেই সফটওয়্যারটি ব্যবহার করতে পারে। তাতে দেশের মানুষ একটি মিথ্যা প্র্যাকটিস থেকে বেঁচে যায়। জীবনটাও সহজ হয়। পাশাপাশি এটি আমাদের সক্ষমতারও বিষয়।
দেশে টাকার অভাব নেই, মানুষের অভাব নেই কিন্তু এই সামান্য একটি সফটওয়্যার আমরা করতে পারিনি। আবার আমরা বলি, সফটওয়্যার ও সেবা ক্ষেত্রে বাংলাদেশ নাকি পাঁচ বিলিয়ন ডলার রপ্তানি করে ফেলবে। ইদানীং বলছে, সেমিকন্ডাক্টর ক্ষেত্রে আগামী পাঁচ বছরে এক বিলিয়ন ডলার রপ্তানি করে ফেলবে। এ সবই মিথ্যা কথা, মিথ্যা আশ্বাস! আমরা মিথ্যা আশ্বাস দিতে এবং শুনতে পছন্দ করি। এই খাতগুলোতে বাংলাদেশ আগামী ২০ বছরেও পাঁচ বিলিয়ন ডলার রপ্তানি করতে পারবে না। কারণ আমাদের সেই সক্ষমতা তৈরি হবে না। এটাই সত্য। এই সত্য কথা মেনে নিয়ে সামনে তাকান। দেশ এবং জাতিকে যারা মিথ্যা আশ্বাস দেয়, তারা মিথ্যাবাদী। তারা আর যাই হোক, দেশের বন্ধু হতে পারে না।
জাকারিয়া স্বপন: তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ; কলাম লেখক। সূত্র:সমকাল

