দেশের অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি লইয়া, বিশেষত গত এক বৎসরে সচেতন নাগরিকদের পক্ষ হইতে কম উদ্বেগ প্রকাশ করা হয় নাই। আমরাও বিষয়টি লইয়া এই যাবৎ উল্লেখযোগ্যসংখ্যক সম্পাদকীয় লিখিয়াছি। কোনো কিছুই যেন সংশ্লিষ্ট সরকারি মহলের নিদ্রাভঙ্গে সফল হইতে পারিতেছে না।
দেশের বিভিন্ন স্থানে ১৬ জন খুন হইত না। অকুস্থলগুলি হইল নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, লক্ষ্মীপুর, পাবনা, পঞ্চগড়, কুড়িগ্রাম, বগুড়া, ঝিনাইদহ, পটুয়াখালী, বরগুনা, ঢাকা, শেরপুর, মুন্সীগঞ্জ ও কিশোরগঞ্জ। অর্থাৎ প্রায় সমগ্র দেশেই বিস্তৃত এই সকল হত্যাকাণ্ড। এই আশঙ্কা অমূলক হইতে পারে না, অপেক্ষাকৃত স্বল্পমাত্রার সহিংসতাগুলি সংবাদমাধ্যম পর্যন্ত আসে নাই। এমনকি খুনের অঘটনও পরবর্তী সময়ে উন্মোচিত হইবার নজির কম নাই। স্মর্তব্য, জানুয়ারি হইতে জুলাই পর্যন্ত দেশের বিভিন্ন নদী হইতে ৩০১ জনের মরদেহ উদ্ধার করিয়াছে নৌ পুলিশ; তন্মধ্যে অন্তত ৩০ শতাংশের পরিচয় শনাক্ত করা যায় নাই।
অন্যদিকে, খোদ পুলিশ সদরদপ্তরের পরিসংখ্যান বলিতেছে, গত জানুয়ারি হইতে জুন পর্যন্ত সমগ্র দেশে প্রায় দুই সহস্র মানুষ খুন হইয়াছে। স্মরণ করা যাইতে পারে, গত বৎসর শপথ গ্রহণের পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণকে তাঁহার সরকারের অগ্রাধিকার বলিয়া উল্লেখ করিয়াছিলেন। কিন্তু বৎসরান্তে স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা চাহিয়া কেহ সোচ্চার হইলে বিস্ময়ের কারণ থাকিবে না।
গত বৎসরের আগস্ট-সেপ্টেম্বরে যখন নাগরিকেরা জানমালের নিরাপত্তা চাহিত তখন সরকারের পক্ষ হইতে যুক্তি প্রদান করা হইত, গণঅভ্যুত্থানের ধাক্কায় বিগত সরকারই শুধু বিদায় লয় নাই; পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসমূহের কাঠামোও ভাঙিয়া পড়িয়াছে। তখন এই আশ্বাসও মিলিত, বাহিনীগুলি স্বাভাবিক অবস্থায় ফিরিয়া আসিবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতিও উন্নত হইবে। কিন্তু বাস্তবতা হইল, পুলিশ ও অন্য আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী প্রায় পূর্বের রূপে ফিরিয়া গেলেও জানমালের নিরাপত্তা তিমিরেই রহিয়াছে। পুলিশ পূর্বের রূপে ফিরিয়া গিয়াছে– উহার প্রমাণ হইল শ্রমিক, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ যখনই ন্যায়সংগত দাবি লইয়া রাজপথে নামিতেছে, তখনই পুলিশ পূর্বের ন্যায় ঝাঁপাইয়া পড়িতেছে।
পুলিশের অক্ষমতা কেবল নাগরিকের নিরাপত্তা বিধানের বেলায়। বিশেষত রাজধানীসহ সমগ্র দেশে মব সহিংসতা বাড়িলেও পুলিশ নীরব দর্শকের ভূমিকায় অবতীর্ণ। তাহাদের সাহায্যার্থে গত এক বৎসর যাবৎ নিয়োজিত সেনাসদস্যরারাও এহেন পরিস্থিতিতে প্রায় নিষ্ক্রিয় থাকিয়া যান। ইতোমধ্যে এই বিষয়ে বিভিন্ন মহল হইতে সমালোচনাও তাহাদিগকে মব সহিংসতা দমনে সক্রিয় করিতে পারে নাই। এই পরিস্থিতি অপরাধীদের জন্য কতখানি উৎসাহব্যঞ্জক, ব্যাখ্যা করিবার প্রয়োজন নাই।
এই অবস্থা অব্যাহত থাকিলে সমগ্র দেশ নৈরাজ্যের কবলে পড়িতে বেশি সময় লাগিবে না– এই কথা আমরা বাংরবার বলিয়া আসিতেছি। কয়েক মাস পূর্বে সরকার যখন আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের কথা বলিয়া অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে, আমরা তখন এই স্তম্ভেই প্রকৃত অপরাধীদের গ্রেপ্তারে মনোযোগী হইবার জন্য সরকারের প্রতি আহ্বান জানাইয়াছিলাম। দুর্ভাগ্যবশত, সেই সময় অর্ধলক্ষাধিক মানুষকে গ্রেপ্তার করা হইলেও সমকালসহ বিভিন্ন সংবাদমাধ্যমের সংবাদ অনুযায়ী, উহাদের অদিকাংশেরই বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ ছিল না। অর্থাৎ বর্তমান সরকার নির্দলীয় হইলেও আইনশৃঙ্খলা বিষয়ে বিগত সরকারের বহুল সমালোচিত ধারাই অনুসরণ করিয়া চলিয়াছে। আমাদের প্রত্যাশা, বিষয়টি সরকার দ্রুত উপলব্ধি করিবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ গ্রহণ করিবে। সূত্র: সমকাল

