দক্ষিণ এশিয়া সফরের অংশ হিসেবে ভারতে এসেছেন ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ। পারস্পরিক বিনিয়োগ ও বাণিজ্য সম্পর্ক আরও উন্নত করতে গতকাল সোমবার দিল্লিতে দুই দেশের মধ্যে একটি দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষর হয়েছে।
ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ ও স্মোট্রিচ গতকাল সোমবার বিনিয়োগ চুক্তি (বিআইএ) সই করেন। সীতারমণ বলেন, সাইবার নিরাপত্তা, প্রতিরক্ষা, উদ্ভাবন ও উন্নত প্রযুক্তি খাতে দুই দেশের সহযোগিতা আরও বাড়ানো প্রয়োজন। চুক্তির লক্ষ্য দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ প্রবাহ বাড়ানো।
ইসরায়েলের অর্থমন্ত্রী স্মোট্রিচ বলেন, “চুক্তিটি আমাদের যৌথ লক্ষ্য অর্জনের পথে একটি গুরুত্বপূর্ণ কৌশলগত পদক্ষেপ।” তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, চুক্তি ইসরায়েল ও ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধি, উদ্ভাবন ও পারস্পরিক সমৃদ্ধির প্রতিফলন। স্মোট্রিচ আরও বলেন, চুক্তি দুই দেশের বিনিয়োগকারীদের জন্য নতুন সুযোগের দরজা খুলবে, ইসরায়েলের রপ্তানি জোরদার করবে এবং ব্যবসায়ীদের বিশ্বের অন্যতম বৃহৎ ও দ্রুত বর্ধনশীল বাজারে নিরাপদভাবে ব্যবসা করার সুযোগ দেবে।
ভারতের অর্থমন্ত্রী এই চুক্তিকে ‘ঐতিহাসিক মাইলফলক’ আখ্যা দিয়েছেন। সীতারমণ জানান, চুক্তি আর্থিক সেবা ও লেনদেন খাতে নতুন প্রযুক্তি উদ্ভাবন, অবকাঠামোগত উন্নয়ন, আর্থিক নিয়ন্ত্রণ ও অনলাইনে লেনদেন সংযোগে সহযোগিতা বাড়াবে। সরকারি তথ্য অনুযায়ী, ২০২৪ সালে ভারতে ও ইসরায়েলের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য হয়েছে ৩৯০ কোটি ডলার। পারস্পরিক বিনিয়োগের পরিমাণ প্রায় ৮০ কোটি ডলার। তবে দুই দেশের মধ্যে মূল বাণিজ্য প্রতিরক্ষা ও নিরাপত্তা খাতে হয়। ইসরায়েলের সবচেয়ে বড় অস্ত্র ক্রেতা দেশ হলো ভারত।
গত বছর আল–জাজিরার একটি অনুসন্ধানে উঠে আসে, ভারতীয় কোম্পানিগুলো ইসরায়েলকে রকেট ও বিস্ফোরক সরবরাহ করেছে, যা গাজা যুদ্ধে ব্যবহার হয়েছে। নতুন চুক্তি ভারত ও ইসরায়েলের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হওয়ার ইঙ্গিত দেয়। যদিও হত্যাযজ্ঞের কারণে ইসরায়েল ক্রমে বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে রাজনৈতিকভাবে বিচ্ছিন্ন হচ্ছে। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাস যোদ্ধারা গাজা থেকে সীমান্ত পেরিয়ে ইসরায়েলে হামলা চালালে প্রথম যে দেশ তেল আবিবের সঙ্গে যোগাযোগ করে, সেটি হলো ভারত। নয়াদিল্লি ওই হামলাকে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ হিসেবে নিন্দা জানিয়েছিল।
গাজায় সাধারণ ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বাহিনীর হত্যাযজ্ঞের প্রতিবাদে ভারতের বিভিন্ন শহরে বিক্ষোভ হয়। ভারত সরকার সেই বিক্ষোভ কঠোরভাবে দমন করেছে। ভারত এখনো ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে সংঘাত সমাধানে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান নীতিকে সমর্থন করছে। তবে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের মানবাধিকার লঙ্ঘনের সমালোচনা করে জাতিসংঘে ভোটদান থেকে বিরত থেকেছে।
বাণিজ্য ও বিনিয়োগ ছাড়াও আরও কিছু খাতে দুই দেশের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। ইসরায়েলে পড়তে যাওয়া বিদেশি শিক্ষার্থীদের মধ্যে ভারতীয়দের সংখ্যা সবচেয়ে বেশি। সম্প্রতি ইসরায়েলের নির্মাণ কোম্পানিগুলো ভারত থেকে প্রায় এক লাখ কর্মী নিয়োগ দিতে অনুমতি চেয়েছে। ২০২৩ সালের অক্টোবরে গাজা যুদ্ধের পর ইসরায়েলে কাজ করা ফিলিস্তিনিদের অনুমতিপত্র বাতিল হয়। সেসব জায়গা পূরণে ভারতীয় শ্রমিক নেওয়া হচ্ছে।

