দেশের সামগ্রিক মূল্যস্ফীতি আগস্টে কমে এসেছে ৮.২৯ শতাংশে, যা গত তিন বছরের মধ্যে সর্বনিম্ন। জুলাইয়ের তুলনায় এটি ০.২৬ শতাংশ কম, তবে খাদ্যপণ্যের দাম কিছুটা বেড়েছে।
রবিবার (৭ সেপ্টেম্বর) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) জানিয়েছে, জুলাইয়ে দেশের মূল্যস্ফীতি ছিল ৮.৫৫ শতাংশ, আর গত বছরের আগস্টে (২০২৪) তা ছিল ১০.৪৯ শতাংশ।
খাদ্যপণ্যের দামের ওপর নজর দিলে দেখা যায়, আগস্টে খাদ্য মূল্যস্ফীতি ৭.৬০ শতাংশ, যা জুলাইয়ের ৭.৫৬ শতাংশের তুলনায় সামান্য বেশি। তবে গত বছরের একই সময়ে এ হার ছিল ১১.৩৬ শতাংশ। অন্যদিকে খাদ্যবহির্ভূত খাতে মূল্যস্ফীতি জুলাইয়ের ৯.৩৮ শতাংশ থেকে কমে আগস্টে দাঁড়িয়েছে ৮.৯০ শতাংশে, যা গত বছরের আগস্টে ৯.৭৪ শতাংশ ছিল।
স্বল্প আয়ের দক্ষ ও অদক্ষ শ্রমিকদের মজুরি বৃদ্ধির হারও আগস্টে ৮.১৫ শতাংশে নেমে এসেছে। ফলে টানা ৪৩ মাস ধরে মজুরি বৃদ্ধির হার মূল্যস্ফীতির পেছনে থাকায় নিম্ন আয়ের পরিবারের জীবনযাত্রার ব্যয় সংকট আরও জটিল হয়ে উঠেছে।
অর্থনীতিবিদদের মতে, খাদ্যপণ্যের দামে কিছুটা স্বস্তি থাকলেও খাদ্যবহির্ভূত খাতে ব্যয় বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের ওপর সামগ্রিক চাপ কমেনি।
উল্লেখ্য, বাংলাদেশ ব্যাংক ২০২৫-২৬ অর্থবছরে মূল্যস্ফীতি ৬.৫ শতাংশের মধ্যে নামানোর লক্ষ্য নির্ধারণ করেছে।

