অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, ‘গত এক বছরে বাংলাদেশের মাটিতে একজন মানুষও গুমের শিকার হননি। একই সময় পুলিশ একটিও মিথ্যা মামলা দায়ের করেনি প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য।
আমরা বলছি না যে কোনো মামলা হয়নি, ভিকটিমের পরিবার মামলা করেছে। তবে প্রতিকার নিশ্চিত করতে আমরা ফৌজদারি কার্যবিধির ১৭৩ (ক) ধারা সংশোধন করেছি। এখন মামলার দীর্ঘমেয়াদী তদন্ত চলাকালে যদি কেউ পুলিশ কমিশনার বা এসপির কাছে দরখাস্ত দেয় যে তাকে গায়েবিভাবে আসামি করা হয়েছে, তাহলে তারা নিজস্ব তদন্ত প্রক্রিয়ায় তা সমাধান করতে পারবেন।’
তিনি বলেন, ‘দেশে সাংবিধানিক আইনের যে সংকট তৈরি হয়েছে, তার বড় প্রশ্ন হলো নাগরিক হিসেবে ভোটের অধিকার কীভাবে নিশ্চিত করা হবে। এটাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন।’ গতকাল সোমবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত ‘জাতীয় নীতি প্রতিযোগিতা-২০২৫’ এর রাজশাহী পর্যায়ের চূড়ান্ত পর্বে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব মন্তব্য করেন।
অ্যাটর্নি জেনারেল বলেন, ‘ভোটের অধিকার হরণ হওয়ার কারণে বিগত ১৭ বছরে অসংখ্য মানুষ তাদের জীবন হারিয়েছে। তথ্যচিত্র অনুযায়ী, ১৭ বছরে ৭০০-এর বেশি মানুষ গুমের শিকার হয়েছে। একই সময়ে সাড়ে চার হাজারের বেশি মানুষ বিনা বিচারে হত্যা হয়েছে। এ সময়ে ৬০ লাখের বেশি মানুষ রাজনৈতিক নিপীড়ন ও গায়েবি মামলার শিকার হয়েছেন। যেসব মামলার ৯৯ শতাংশের বেশি বাদী ছিলেন পুলিশ।’
তিনি আরো বলেন, ‘জুলাই বিপ্লবে আমরা দেড় হাজারের বেশি ছাত্র-তরুণকে জীবন দিতে দেখেছি। প্রায় ৩০ হাজার মানুষ অঙ্গহীন হয়ে পঙ্গুত্ব বরণ করেছে। ভাবুন তাদের পরিবারের কথা, যারা এখনও প্রার্থনায় বসে সন্তান ফিরে পাবার আশা করেন। এই রক্তের স্বীকৃতিতে আমরা যে বাংলাদেশ পেয়েছি, সেখানে স্বপ্ন থাকবে, তবে তা যেন বিশৃঙ্খলা না তৈরি করে।’
অ্যাটর্নি জেনারেল বলেন, ‘আমরা ব্যক্তির নয়, অপরাধের বিচার চাই। অপরাধে যুক্তরা অবশ্যই বিচারের মুখোমুখি হবেন।’ তিনি যোগ করেন, ‘সংবিধান নাগরিকের ইচ্ছার প্রতিফলন। নাগরিক হিসেবে আমি চাই নিরাপদ বাংলাদেশ, ন্যায়বিচার, জীবন ও বাক্স্বাধীনতা। বৈষম্যহীন সমাজ চাই, যেখানে সঠিক সময়ে সঠিক সেবা পাব, কোনও স্বেচ্ছাচারিতা থাকবে না। এজন্য সাংবিধানিক অধিকার নিশ্চিত করা জরুরি।’
‘জুলাই বিপ্লবের পর লক্ষ্য ছিল স্বৈরাচার দূর করে বাংলাদেশকে জনগণের বাংলাদেশে রূপান্তর করা। সংস্কারের নামে একপক্ষীয় প্রস্তাব নয়, সকলের প্রস্তাব বিবেচনা করতে হবে। তা না হলে জুলাই চেতনা ও সাংবিধানিক ভাবনা ক্ষুণ্ণ হবে।’ তারুণ্যের স্বপ্নে দেশের উন্নতি সম্ভব উল্লেখ করে তিনি বলেন, ‘আপনারা বলেছেন, রাইট টু ইনফরমেশন সংবিধানের অংশ হওয়া উচিত। আমি একমত, তবে প্রয়োগ নীতিনির্ধারকরা ঠিক করবেন।’ ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে তিনি বলেন, ‘আমরা চাই এমন বাংলাদেশ যেখানে জুলাই শহিদের রক্তের মর্যাদা রক্ষিত থাকবে। রাজনৈতিক সমঝোতার মাধ্যমে আধুনিক রাষ্ট্র কাঠামো গড়ে তোলার প্রত্যয় রয়েছে।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সালেহ্ হাসান নকীব, সংবিধান সংস্কার কমিশনের সদস্য অধ্যাপক মুহাম্মদ একরামুল হক, উপ-উপাচার্য ড. মো. ফরিদ উদ্দিন খান এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্মসচিব ড. শেখ মোহাম্মদ জোবায়েদ হোসেন।
প্রতিযোগিতায় জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও আকাঙ্ক্ষার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ সময়োপযোগী, দূরদর্শী নীতি প্রস্তাবে পাঁচটি দল অংশগ্রহণ করে। প্রথম স্থান অর্জন করে ‘টর্চলাইট’, প্রথম রানারআপ ‘দীপশিখা’ এবং দ্বিতীয় রানারআপ ‘চেঞ্জমেকার’। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি বিজয়ীদের হাতে পদক, ক্রেস্ট ও পুরস্কারের চেক তুলে দেন।

