আন্তর্জাতিক বাজারে আবারও তেলের দাম বাড়তে শুরু করেছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ব্রেন্ট ও ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (WTI) তেলের দাম উভয়ই ঊর্ধ্বমুখী থাকে। এর পেছনে একদিকে ওপেক প্লাসের প্রত্যাশার চেয়ে কম উৎপাদন বৃদ্ধি, অন্যদিকে চীনের অব্যাহত তেল মজুতকরণ এবং রাশিয়ার ওপর সম্ভাব্য নতুন নিষেধাজ্ঞার শঙ্কাকে মূল কারণ হিসেবে দেখা হচ্ছে।
গত রোববার ওপেক প্লাসের আট সদস্য দেশ সিদ্ধান্ত নিয়েছে, অক্টোবর থেকে উৎপাদন প্রতিদিন মাত্র ১ লাখ ৩৭ হাজার ব্যারেল বাড়ানো হবে। অথচ আগস্ট ও সেপ্টেম্বরে তারা প্রতিদিন গড়ে প্রায় ৫ লাখ ৫০ হাজার ব্যারেল করে উৎপাদন বাড়িয়েছিল। ফলে বাজারে ধারণা তৈরি হয়েছে যে সরবরাহ সংকট সহজে কাটবে না।
মঙ্গলবার লন্ডন সময় সকাল ৯টা ১০ মিনিটে ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ৪৭ সেন্ট বেড়ে দাঁড়ায় ৬৬ দশমিক ৪৯ ডলার। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (WTI) ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৭২ সেন্ট বেড়ে ৬২ দশমিক ৯৮ ডলারে পৌঁছায়।
স্যাক্সো ব্যাংকের বিশ্লেষক ওলে হ্যানসেন বলেন, “যে পরিমাণ উৎপাদন বৃদ্ধির অনুমতি দেওয়া হয়েছে, বাস্তবে তা পূর্ণমাত্রায় হবে না—এই প্রত্যাশাই দামের ওপর চাপ কমাচ্ছে। তাছাড়া তথ্য অনুযায়ী, চীন প্রতিদিন প্রায় পাঁচ লাখ ব্যারেল তেল কিনে মজুত করছে, যা বাজারকে ভারসাম্য রাখতে সাহায্য করছে।”
বাজার বিশ্লেষকদের ধারণা, চীনের এই মজুতকরণ ২০২৬ সালেও একইভাবে চলতে পারে। অপরদিকে ওপেক প্লাসের অব্যবহৃত অতিরিক্ত উৎপাদন ক্ষমতা (spare capacity) অনেক কমে গেছে। ইউবিএসের বিশ্লেষক জিওভান্নি স্টাউভানো বলেন, “অতিরিক্ত সক্ষমতা যখন কমে যায়, তখন হঠাৎ সরবরাহে সমস্যা দেখা দিলে তা সামলানো কঠিন হয়। ফলে দাম বাড়ার প্রবণতাও জোরদার হয়।”
তেলের দাম বাড়ার আরেকটি কারণ রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞার জল্পনা। সম্প্রতি ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার ভয়াবহ বিমান হামলায় একটি সরকারি ভবনে আগুন ধরে গেলে আন্তর্জাতিক মহলে ক্ষোভ দেখা দেয়। এর পরিপ্রেক্ষিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তার প্রশাসন রাশিয়ার ওপর দ্বিতীয় দফার নিষেধাজ্ঞা দিতে প্রস্তুত।
রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা কার্যকর হলে বৈশ্বিক বাজারে রাশিয়ার তেলের সরবরাহ আরও কমবে, যা দামের ঊর্ধ্বমুখী প্রবণতাকে আরও শক্তিশালী করবে।
এছাড়া বাজারের নজর এখন যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের দিকেও। আগামী সপ্তাহে সুদের হার কমানোর সম্ভাবনা রয়েছে। সুদের হার কমলে ভোক্তা ব্যয় বাড়ে, অর্থনীতি চাঙা হয় এবং এর ফলে তেলের চাহিদাও বৃদ্ধি পায়।
সব মিলিয়ে ওপেক প্লাসের সীমিত উৎপাদন বৃদ্ধি, চীনের মজুত, রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা ও যুক্তরাষ্ট্রের নীতি—সবকিছু মিলেই বিশ্ববাজারে তেলের দাম আরও কিছুদিন অস্থির থাকার ইঙ্গিত দিচ্ছে।

