পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সাফকো স্পিনিং মিলস লিমিটেডের শেয়ার কারসাজির অভিযোগে ১২ জনকে মোট ৩ কোটি ৫৫ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
২০২১ সালের ২ মে থেকে ২০ জুন পর্যন্ত সময়ের মধ্যে তারা একে অপরের সঙ্গে যোগসাজশ করে সিরিজ ট্রেডিংয়ের মাধ্যমে কোম্পানির শেয়ারের দাম অস্বাভাবিকভাবে বাড়ায়। ওই এক মাস ১৮ দিনে শেয়ারের দাম ২১৫ শতাংশ পর্যন্ত বেড়ে যায়। তদন্ত শেষে দীর্ঘদিন পর কারসাজির সঙ্গে জড়িতদের শনাক্ত করে জরিমানা করা হলো।
বিএসইসি সূত্রে জানা গেছে, ২০২১ সালের মে-জুনে বাজারে জোর গুঞ্জন ছিল যে সাফকোর শেয়ার ব্যবসায়িক উন্নতির কারণে নয় বরং কারসাজির মাধ্যমে বাড়ছে। তখন কার্যত কোনো কঠোর ব্যবস্থা নেওয়া হয়নি। তবে রাজনৈতিক পটপরিবর্তনের পর নতুন কমিশন দায়িত্ব নেওয়ার পর থেকে যেকোনো ধরনের কারসাজির বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়। কমিশন জানায়, শেয়ার ব্যবসায়ী মো. সজিব হোসেন ও মো. সুলেমান কারসাজির নেতৃত্ব দেন। অন্যরা সহযোগিতা করেন। তাদের সবাই শেয়ার ব্যবসায়ী। জরিমানার মধ্যে রয়েছেন—
- মো. সজিব হোসেন: ১ কোটি ৩৪ লাখ টাকা
- মো. সুলেমান: ৬৬ লাখ টাকা
- মো. শরিফ: ৩৩ লাখ টাকা
- তসলিমা বেগম ও মো. সজিব হোসেন: ২৭ লাখ টাকা
- মো. আব্দুল কুদ্দুস আমিন: ২৭ লাখ টাকা
- এ কে এম খলিলুর রহমান: ২৪ লাখ টাকা
- নুরুন্নেসা সাকি: ১৯ লাখ টাকা
- মো. বেলাল হোসেন: ৯ লাখ টাকা
- আরিফা বেগম লাকি: ৮ লাখ টাকা
- তারান্নুম সাফি: ৪ লাখ ৫০ হাজার টাকা
- মাহমুদা আক্তার: ২ লাখ টাকা
- কাজী মহিউদ্দীন আহমেদ: ২ লাখ টাকা,সব মিলিয়ে জরিমানার পরিমাণ দাঁড়ায় ৩ কোটি ৫৫ লাখ ৫০ হাজার টাকা।
বিএসইসির তদন্তে উঠে আসে, ওই সময়ে সাফকোর শেয়ারের দাম সর্বনিম্ন ১০ টাকা থেকে বাড়িয়ে সর্বোচ্চ ৩১ টাকা ৫০ পয়সা করা হয়। অর্থাৎ ২১৫ শতাংশ বা ২১ টাকা ৫০ পয়সা দাম বাড়ানো হয়েছিল। উদ্দেশ্য ছিল বিনিয়োগকারীদের বিভ্রান্ত করা ও কৃত্রিম বাজার তৈরি করা। বিএসইসির আদেশে বলা হয়, অভিযুক্তরা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিনেন্স ১৯৬৯ এবং সংশ্লিষ্ট বিধিমালা লঙ্ঘন করেছেন। তাদের কর্মকাণ্ড বিনিয়োগকারীদের ক্ষতিগ্রস্ত করেছে এবং বাজার উন্নয়নের পরিপন্থি। এজন্য তাদের ব্যাখ্যা গ্রহণযোগ্য হয়নি।
অভিযুক্তদেরকে জরিমানার অর্থ ৩০ দিনের মধ্যে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের অনুকূলে ব্যাংক ড্রাফট বা পে-অর্ডারের মাধ্যমে জমা দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে পরিশোধ না করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

