কাঁচা পাট রফতানি করতে এবার থেকে সরকারের অনুমতি নেওয়া বাধ্যতামূলক হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয় এই নির্দেশনা নিয়ে একটি পরিপত্র জারি করেছে।
বিদ্যমান রফতানি নীতি ২০২৪-২৭ অনুযায়ী শর্তসাপেক্ষে পণ্য রফতানির তালিকা রয়েছে। এর আগে এই তালিকায় কাঁচা পাট ছিল না। এবার নীতি সংশোধন করে পরিপত্রের শর্তযুক্ত পণ্য তালিকার ১৯ নম্বর ক্রমিকে কাঁচা পাট অন্তর্ভুক্ত করা হয়েছে।
বাংলাদেশ জুট মিলস অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ জুট স্পিনার্স অ্যাসোসিয়েশন গত ২৫ আগস্ট বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের কাছে যৌথভাবে একটি আবেদন করেন। এতে কাঁচা পাট রফতানি বন্ধ করার অনুরোধ করা হয়। এই আবেদনের পরিপ্রেক্ষিতে বাণিজ্য মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছে।
আবেদনে বলা হয়, পাটের ভরা মৌসুমে প্রতি মণ পাটের দাম এখন ৩ হাজার ৮০০ থেকে ৪ হাজার টাকা, যেখানে আগের বছরগুলোতে দাম সর্বোচ্চ ৩ হাজার ২০০ টাকা ছিল। পাটশিল্পে কাঁচা পাট অন্যতম কাঁচামাল। এই কাঁচা পাটের অভাবে কারখানাগুলো ফেব্রুয়ারি থেকে জুন পর্যন্ত তাদের কার্যক্রম স্বাভাবিকভাবে চালাতে পারছে না। মধ্যস্বত্বভোগীরাও সুযোগ নিচ্ছে।
উল্লেখ্য, ২০২৩-২৪ অর্থবছরে বাংলাদেশ থেকে ১০ লাখ বেল কাঁচা পাট রফতানি হয়েছে।

