আগামী সপ্তাহে তিন দিনের সফরে ঢাকায় আসছে যুক্তরাষ্ট্র সরকারের একটি প্রতিনিধি দল। মার্কিন সহকারী বাণিজ্য প্রতিনিধি (ইউএসটিআর) ব্রেন্ডেন লিঞ্চের নেতৃত্বে এই দল বাংলাদেশি পণ্যের ওপর আরোপিত পাল্টা শুল্ক নিয়ে আলোচনা করবে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বাণিজ্য চুক্তির খসড়া চূড়ান্ত করার বিষয়েও আলোচনা হবে। বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
গত ৭ আগস্ট যুক্তরাষ্ট্র বাংলাদেশের পণ্যে পাল্টা শুল্ক কমিয়ে ২০ শতাংশ করেছে। তবে এ হার অন্তত ১৫ শতাংশে নামাতে চায় বাংলাদেশ। সে কারণে বাণিজ্য মন্ত্রণালয় ইউএসটিআরের কাছে আলোচনার সময় চায়। এর প্রেক্ষিতে ব্রেন্ডেন লিঞ্চের নেতৃত্বে প্রতিনিধি দল ঢাকায় আসছে। তিনি দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন বাণিজ্য নীতি বাস্তবায়নের দায়িত্বে আছেন।
বাণিজ্য সচিব মাহবুবুর রহমান জানান, আলোচনায় বাংলাদেশের পক্ষ থেকে শুল্ক আরও কমানোর প্রস্তাব দেওয়া হবে। ঐকমত্যে পৌঁছাতে পারলে পারস্পরিক বাণিজ্য চুক্তিও চূড়ান্ত হবে। প্রতিনিধি দলটি ১৪ সেপ্টেম্বর ঢাকায় পৌঁছাবে। তারা বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকের পাশাপাশি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের সঙ্গেও আলোচনা করবে।
আগস্ট মাসেই চুক্তি হওয়ার কথা থাকলেও বাংলাদেশ শুল্ক কমানোর দাবি তোলায় প্রক্রিয়া পিছিয়ে যায়। যুক্তরাষ্ট্রও বাংলাদেশের যুক্তি পর্যালোচনা করতে সময় নেয়। ইতিমধ্যে ইউএসটিআর চুক্তির একটি খসড়া তৈরি করেছে। দুই পক্ষ একমত হলে সইয়ের তারিখ নির্ধারণ করা হবে।
প্রথমে যুক্তরাষ্ট্র বাংলাদেশের পণ্যে ৩৭ শতাংশ পাল্টা শুল্ক আরোপ করে। পরে তা ৩৫ শতাংশে নামায়। গত ৩১ জুলাই ওয়াশিংটনে আলোচনার পর শুল্ক আরও কমিয়ে ২০ শতাংশে আনা হয়। তবে এর বিনিময়ে বাংলাদেশকে বিভিন্ন ছাড় দিতে হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, এসব ছাড়ের ফলে সরকার আশা করছে শুল্ক ১৫ শতাংশে নেমে আসবে।
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে বাংলাদেশ আগামী এক থেকে দেড় বছরে দেশটি থেকে দেড় বিলিয়ন ডলারের আমদানি বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে। এর মধ্যে বোয়িংয়ের ২৫টি উড়োজাহাজ কেনা, প্রতিবছর সাত লাখ টন করে গম আমদানি, সামরিক ও বেসামরিক যন্ত্রাংশ, জ্বালানি, ভোজ্যতেল, তুলা ও এলএনজি আমদানির পরিকল্পনা রয়েছে। এসব খাতে দীর্ঘমেয়াদি চুক্তিও হবে।
বাংলাদেশ আরও প্রতিশ্রুতি দিয়েছে যে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ সহজ করতে অনুমোদন প্রক্রিয়া দ্রুত ও স্বচ্ছ করা হবে। পাশাপাশি অবৈধ রপ্তানির বিরুদ্ধে যৌথ পদক্ষেপ, আইন ও বিধিমালা অনলাইনে সহজলভ্য করা এবং যুক্তরাষ্ট্রের ইলেকট্রনিক বিল অব লেডিং গ্রহণ করবে ঢাকা।
তাছাড়া যুক্তরাষ্ট্রের খাদ্য ও কৃষিপণ্য আমদানিতে অনুমতিপত্র বাধ্যতামূলক করা হবে না। চিকিৎসা সরঞ্জামে যুক্তরাষ্ট্রের এফডিএর অনুমোদন বাংলাদেশ স্বীকৃতি দেবে। একইভাবে মাংস, ডিম ও দুগ্ধজাত পণ্যেও যুক্তরাষ্ট্রের মানদণ্ড মেনে নেওয়া হবে। সব মিলিয়ে বাংলাদেশ যুক্তরাষ্ট্রকে শুল্ক, বিনিয়োগ, মেধাস্বত্ব, পরিবেশ ও শ্রম অধিকারসহ একাধিক খাতে ছাড় দিচ্ছে। এর বিনিময়ে যুক্তরাষ্ট্র বাংলাদেশের পণ্যের পাল্টা শুল্ক কমাবে বলে আশা করা হচ্ছে।

