অর্থমূল্য বিবেচনায় ২০২০ থেকে ২০২৪ সাল পর্যন্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অন্তর্ভুক্ত দেশগুলোর পোশাক আমদানিতে প্রবৃদ্ধি হয়েছে ২৪ দশমিক ৯২ শতাংশ। এই বাজারে চীনের পর দ্বিতীয় বৃহৎ পোশাক সরবরাহকারী দেশ হলো বাংলাদেশ। তবে পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, এ পাঁচ বছরে বাংলাদেশ কম্বোডিয়া ও পাকিস্তানের চেয়ে পিছিয়ে রয়েছে।
ইইউর পরিসংখ্যান দপ্তর ইউরোস্ট্যাটের তথ্য অনুযায়ী, ২০২০ সালে বিশ্ববাজার থেকে ইইউর দেশগুলো পোশাক আমদানিতে খরচ করেছে ৬ হাজার ৮৪৮ কোটি ৫৩ লাখ ৩০ হাজার ইউরো। ২০২৪ সালে এই পরিমাণ বেড়ে দাঁড়ায় ৮ হাজার ৫৫৫ কোটি ১৭ লাখ ৩০ হাজার ইউরো। অর্থাৎ পাঁচ বছরে আমদানি প্রবৃদ্ধি হয়েছে ২৪ দশমিক ৯২ শতাংশ।
ইইউর পোশাক আমদানিতে প্রধান উৎসগুলোর মধ্যে চীন, বাংলাদেশ ও তুরস্ক প্রথম থেকে তৃতীয় অবস্থানে রয়েছে। ২০২৪ সালেও এই তিন দেশই মোট আমদানি সরবরাহ করেছে ৬০ দশমিক ৩৭ শতাংশ। এ পাঁচ বছরে পোশাক আমদানিতে প্রবৃদ্ধি হয়েছে চীনের ক্ষেত্রে ১৬ দশমিক ৯৮ শতাংশ, বাংলাদেশের ৪৮ দশমিক ৩৪ শতাংশ এবং তুরস্কের ১৫ দশমিক ৯৪ শতাংশ।
ইউরোপের পোশাক আমদানি তালিকার চতুর্থ থেকে দশম অবস্থানে রয়েছে ভারত, ভিয়েতনাম, কম্বোডিয়া, পাকিস্তান, মরক্কো, শ্রীলংকা ও ইন্দোনেশিয়া। এ পাঁচ বছরে ভারত থেকে আমদানি বেড়েছে ৪১ দশমিক ৭৭ শতাংশ এবং ভিয়েতনাম থেকে ৪৪ দশমিক ৫৪ শতাংশ। কম্বোডিয়া থেকে আমদানি বৃদ্ধি হয়েছে ৫৯ দশমিক ৭৭ শতাংশ। অর্থাৎ এই সময়ে বাংলাদেশ কম্বোডিয়া ও পাকিস্তানের চেয়ে অনেক কম প্রবৃদ্ধি দেখিয়েছে।
ইউরোস্ট্যাটের তথ্য অনুযায়ী, মরক্কো থেকে ইইউর পোশাক আমদানি বেড়েছে ৩৭ দশমিক ৭০ শতাংশ, শ্রীলংকা থেকে ২২ দশমিক ৮১ শতাংশ এবং ইন্দোনেশিয়া থেকে ২ দশমিক ২২ শতাংশ। ২০২৪ সালে চীনের আমদানি অর্থমূল্য ছিল ২ হাজার ৪০৬ কোটি ১৯ লাখ ২০ হাজার ইউরো। বাংলাদেশের পোশাক আমদানি ছিল ১ হাজার ৮২৭ কোটি ৯৫ লাখ ৩০ হাজার ইউরো।
বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) সাবেক পরিচালক ও বাংলাদেশ অ্যাপারেল এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালক মহিউদ্দিন রুবেল বলেন, ‘২০২০ সালের পর থেকে বাংলাদেশ আবারো উল্লেখযোগ্য প্রবৃদ্ধি ধরে রাখতে সক্ষম হয়েছে। গত চার বছরে দেশের পোশাক রপ্তানি বেড়েছে ৪৮ দশমিক ৩৪ শতাংশ, যা ইইউভুক্ত দেশগুলোর সামগ্রিক প্রবৃদ্ধি ২৪ দশমিক ৯২ শতাংশের চেয়ে দ্বিগুণেরও বেশি।’

