বাংলাদেশ জ্বালানি খাতে এক বড় ধরনের চুক্তিতে সই করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক বহুজাতিক প্রতিষ্ঠান এক্সিলারেট এনার্জির সঙ্গে। আগামী ১৫ বছরে ধাপে ধাপে প্রায় ১ লাখ কোটি টাকার এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) সরবরাহ করবে কোম্পানিটি।
চুক্তির আরেকটি আলোচিত দিক হলো—ঢাকায় সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস এখন এক্সিলারেট এনার্জির কৌশলগত উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০২২ সালের মার্চে ঢাকায় দায়িত্ব নেন তিনি, আর ২০২৪ সালের ২৩ জুলাই চাকরি ছাড়েন। এরপরই যুক্ত হন এই বহুজাতিক জ্বালানি কোম্পানিতে।
চলতি মাসের শুরুতে পিটার হাস বাংলাদেশ সফরে এসে প্রথমেই যান কক্সবাজারের মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনালে (এফএসআরইউ)। এরপর ৩ সেপ্টেম্বর তিনি পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে বাংলাদেশের জন্য এলএনজি সরবরাহ বাড়ানো নিয়ে আলোচনা হয়।
সরকারি হিসাব অনুযায়ী, এই চুক্তির মোট মূল্য প্রায় সাড়ে ৮ বিলিয়ন মার্কিন ডলার, যা টাকায় দাঁড়ায় ১ লাখ ৪ হাজার কোটি (ডলারপ্রতি ১২৩ টাকা ধরে)। আগামী বছর থেকেই ১৫ বছর মেয়াদে ২৩২টি কার্গো এলএনজি সরবরাহ করবে এক্সিলারেট এনার্জি।
প্রথম পর্যায়ে ২০২৬-২৭ অর্থবছরে আসবে ২৮টি কার্গো। এরপর ২০২৮ থেকে ২০৪০ সাল পর্যন্ত প্রতিবছর ১৬টি করে কার্গো আসবে। এতে বার্ষিক গড়ে খরচ হবে প্রায় ৬০০ মিলিয়ন ডলার।
রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেডের (আরপিজিসিএল) মহাব্যবস্থাপক প্রকৌশলী মো. শাহ আলম জানিয়েছেন, দেশের তীব্র গ্যাস সংকট মোকাবিলায় সরকার দীর্ঘমেয়াদি চুক্তির ওপর জোর দিচ্ছে। ইতোমধ্যেই এক্সিলারেট স্পট মার্কেট থেকেও বাংলাদেশকে সরবরাহ করছে—এ পর্যন্ত প্রায় ৬৩৭ মিলিয়ন ডলার মূল্যের ১৬টি কার্গো এসেছে তাদের কাছ থেকে।
এই চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল ২০২৩ সালের ২৩ নভেম্বর, আওয়ামী লীগ সরকারের আমলে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা নেওয়ার পর বিদ্যুৎ ও জ্বালানি খাতের বেশ কয়েকটি বিশেষ চুক্তি বাতিল করেছে। তবে এক্সিলারেট এনার্জির সঙ্গে হওয়া এই চুক্তি আইনগত বাধ্যবাধকতার কারণে বহাল রাখা হয়েছে।
এলএনজির পাশাপাশি যুক্তরাষ্ট্র থেকে ডিজেল ও এলপিজি আমদানির কথাও ভাবছে সরকার। নীতিপত্রে বলা হয়েছে, মার্কিন রিফাইনারি থেকে জ্বালানি আমদানির জন্য দীর্ঘমেয়াদি চুক্তি বা টেন্ডার প্রক্রিয়া চালু করার সুপারিশ রয়েছে। বছরে প্রায় ১০০ মিলিয়ন ডলার মূল্যের ডিজেল আমদানি বাংলাদেশের জন্য লাভজনক হবে বলেও প্রস্তাবে উল্লেখ আছে।

