বাংলাদেশের পোশাকশিল্পকে সার্কুলার অর্থনীতির দিকে ধাবিত করতে এবং টেকসই উৎপাদন প্রক্রিয়া গতিশীল করতে নেদারল্যান্ডসে অনুষ্ঠিত হচ্ছে বিজিএমইএ’র উচ্চ পর্যায়ের প্রতিনিধিদলের সার্কুলার টেক্সটাইল ট্রেড মিশন।
‘টুগেদার ফর আ সার্কুলার ফ্যাশন টুমোরো’ প্রতিপাদ্যে আয়োজিত এ মিশন শুরু হয়েছে গত ৮ সেপ্টেম্বর এবং চলবে আজ ১১ সেপ্টেম্বর পর্যন্ত। মিশনটি যৌথভাবে আয়োজন করেছে নেদারল্যান্ডস এন্টারপ্রাইজ এজেন্সি (আরভিও) এবং ঢাকায় অবস্থিত নেদারল্যান্ডস দূতাবাস। নিবিড়ভাবে সহযোগিতা করেছে বিজিএমইএ। মূল লক্ষ্য হলো রিসাইক্লিং, টেক্সটাইল বর্জ্য ব্যবস্থাপনা এবং উন্নত উৎপাদন প্রক্রিয়ায় বিনিয়োগ ও প্রযুক্তি বিনিময়ের মাধ্যমে সার্কুলার অর্থনীতির নতুন সুযোগ সৃষ্টি করা।
বিজিএমইএ’র সহসভাপতি বিদিয়া অমৃত খানের নেতৃত্বে প্রতিনিধিদলে রয়েছেন পরিচালক শাহ রাঈদ চৌধুরী, জোয়ারদার মোহাম্মদ হোসনে কমার আলম, আসেফ কামাল পাশা ও সাকিফ আহমেদ সালাম। তাদের সঙ্গে আছেন বাংলাদেশের শীর্ষস্থানীয় ম্যানুফ্যাকচারার ও রিসাইক্লাররা। চার দিনের কর্মসূচিতে প্রতিনিধিদলটি সার্কুলার নীতি, অর্থায়ন ব্যবস্থাপনা এবং প্রযুক্তি বিষয়ক উচ্চ পর্যায়ের সেমিনারে অংশ নিয়েছে।
তারা ব্রাইটফাইবার ইনসাইড, উইল্যান্ড টেক্সটাইলস, স্যাক্সেল এবং ফ্রাঙ্কেনহুইসসহ শীর্ষ রিসাইক্লিং কোম্পানি পরিদর্শন করেছে। এ ছাড়া স্যাকশন ইউনিভার্সিটি অব অ্যাপ্লাইড সায়েন্সেসের সার্কুলার টেক্সটাইল ল্যাব ঘুরে রিসাইকেলড সুতা ও কাপড়ের উন্নত প্রোটোটাইপিং সুবিধা সরাসরি পর্যবেক্ষণ করেছে।
প্রতিনিধিদলটি ইউরোপের অন্যতম গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম ‘সার্কুলার টেক্সটাইল ডেইজ’-এ অংশ নিয়েছে। এখানে আন্তর্জাতিক ব্র্যান্ড, রিসাইক্লার, উদ্ভাবক এবং প্রযুক্তি সরবরাহকারীরা তাদের সার্কুলার মডেল ও টেকসই সমাধান উপস্থাপন করেছেন। এই আয়োজন নেটওয়ার্কিং, ব্যবসায়িক সম্পর্ক স্থাপন এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের উদ্ভাবনী অগ্রযাত্রা তুলে ধরার সুযোগ তৈরি করেছে। বিজিএমইএ’র এই উদ্যোগ ‘সাসটেইনেবিলিটি ভিশন ২০৩০’-এর অংশ, যেখানে সার্কুলারিটি, কার্বন নিঃসরণ হ্রাস এবং পরিবেশবান্ধব উৎপাদনকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে।5
বাংলাদেশি অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো হলো—এশিয়ান অ্যাপারেলস লিমিটেড, সার্কুলার ফ্যাশন ইন্ডাস্ট্রিজ লিমিটেড, সাইক্লো, দেশ গার্মেন্টস লিমিটেড, ইভিটেক্স ড্রেস শার্ট লিমিটেড, ফ্লোরেন্স গ্রুপ, খেতান ট্রেডিং, মাতিন স্পিনিং মিলস পিএলসি, ওশান ট্রেড ইন্টারন্যাশনাল, রিকভার, রিসাইকেল-র্য লিমিটেড, সারাজ ফাইবার টেক লিমিটেড, সেটারা গ্রুপ এবং রিভার্স রিসোর্সেস।

