বাংলাদেশ ও ইন্টারন্যাশনাল ইসলামিক ট্রেড ফিন্যান্স করপোরেশন (আইটিএফসি) প্রথমবারের মতো খাদ্যনিরাপত্তা শক্তিশালীকরণের জন্য অর্থায়ন চুক্তি স্বাক্ষর করেছে। প্রাথমিক পর্যায়ে আইটিএফসি ১০ কোটি মার্কিন ডলার অর্থায়ন করবে। বর্তমান বিনিময় হার অনুযায়ী এটি বাংলাদেশি মুদ্রায় ১ হাজার ২১৭ কোটি টাকা।
গতকাল বুধবার সৌদি আরবের জেদ্দায় দুই দেশের সরকারের মধ্যে এই চুক্তি সম্পন্ন হয়েছে। ইসলামী উন্নয়ন ব্যাংক (আইএসডিবি) গ্রুপের সদস্য সংস্থা আইটিএফসির সঙ্গে দুটি গুরুত্বপূর্ণ অর্থায়ন চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তিগুলো বাংলাদেশের সার আমদানিতে সহায়তা করবে এবং দেশটির খাদ্যনিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা যাচ্ছে।
চুক্তির মধ্যে রয়েছে মাস্টার মুরাবাহা অর্থায়ন চুক্তি ও সিন্ডিকেটেড মুরাবাহা অর্থায়ন সুবিধা। এই অর্থায়নের মাধ্যমে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) যেভাবে প্রতিবছর জ্বালানি আমদানি করে, এবার সেই পদ্ধতিতে সার আমদানিতেও প্রথমবারের মতো এই উদ্যোগ নেওয়া হলো। এটি দেশের খাদ্যনিরাপত্তা অর্জনে নতুন পথ খুলবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী। দলের অন্য দুই সদস্য ছিলেন কৃষি বিভাগ সচিব ড. মো. এমদাদ উল্লাহ মিয়ান ও বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. কবির আহমেদ।

