নতুন পাঁচ বছরের সরবরাহ চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র থেকে গম আনা শুরু হলো। টেক্সাসের কর্পাস ক্রিস্টি বন্দর থেকে জাহাজটি চলতি বছরের অক্টোবরের মাঝামাঝি চট্টগ্রাম বন্দরে পৌঁছাবে।
জাহাজটিতে আছে ৫৫ হাজার মেট্রিক টন বা ২২ লাখ বুশেল ‘হার্ড রেড উইন্টার’ জাতের গম। এটি গত ৩০-৩১ আগস্ট উইকএন্ডে এডিএম কর্পাস ক্রিস্টি থেকে যাত্রা শুরু করেছে। চট্টগ্রাম বন্দরে পৌঁছতে এই যাত্রায় প্রায় ৪০ দিন সময় লাগতে পারে।
খাদ্য অধিদপ্তরের পরিচালক (সংগ্রহ) মো. মনিরুজ্জামান জাহাজ ছাড়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘প্রথম চালানটি অক্টোবরের মাঝামাঝি চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর কথা রয়েছে।’ তিনি আরও জানান, ‘প্রথম চুক্তিতে আমরা প্রতি টন ৩০২.৭৫ ডলার দামে ২.২ লাখ টন গম কিনেছি। চুক্তির মেয়াদ শেষে নতুন মূল্যে আবার চুক্তি সই করা হবে।’ মনিরুজ্জামান বলেন, শিগগিরই ‘হার্ড রেড উইন্টার’ জাতের আরও দুটি জাহাজ এবং ‘সফট হোয়াইট’ জাতের একটি জাহাজ বোঝাই করার কাজ শুরু হবে।
এই চালানটি একটি সমঝোতা স্মারকের (এমওইউ) অধীনে প্রথম চালান। গত ২০ জুলাই ঢাকায় বাংলাদেশের খাদ্য অধিদপ্তর ও যুক্তরাষ্ট্রের গম শিল্পের বৈদেশিক বিপণন সংস্থা ইউএস হুইট অ্যাসোসিয়েটসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। বাংলাদেশের পক্ষে স্বাক্ষর করেন খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মো. আবুল হাসানাত হুমায়ুন কবির। যুক্তরাষ্ট্রের পক্ষে স্বাক্ষর করেন ইউএসডব্লিউর দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট জো সাওয়ার্স।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার, বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন এবং খাদ্য মন্ত্রণালয় ও যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা। চুক্তি অনুযায়ী, বাংলাদেশ আগামী পাঁচ বছর যুক্তরাষ্ট্র থেকে বার্ষিক ৭ লাখ মেট্রিক টন গম আমদানি করবে। কর্মকর্তারা জানান, এই চুক্তির লক্ষ্য হলো দেশজুড়ে উচ্চমানের গমের স্থিতিশীল সরবরাহ নিশ্চিত করা এবং মার্কিন কৃষকদের জন্য একটি নির্ভরযোগ্য রপ্তানির বাজার তৈরি করা।

