পুঁজিবাজারে তালিকাভুক্ত স্যালভো কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের উদ্যোক্তা ও পরিচালকদের ন্যূনতম শেয়ারধারণের শর্ত পূরণের লক্ষ্যে কোম্পানিটি নতুন শেয়ার ইস্যুর প্রস্তাব দুই দফায় বাতিল করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
কোম্পানিটি প্রথম দফায় ৬ কোটি ৪০ লাখ টাকা এবং দ্বিতীয় দফায় ১০ কোটি ২৪ লাখ টাকা পরিশোধিত মূলধন বাড়ানোর জন্য শেয়ার ইস্যুর প্রস্তাব দেয়। তবে দুই দফাতেই বিএসইসি এই প্রস্তাব বাতিল করে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-এর মাধ্যমে কোম্পানির নিরীক্ষক এ তথ্য জানিয়েছে। বিএসইসির ২০২৪ সালের ৭ মার্চের আদেশ অনুযায়ী, তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তা ও পরিচালকদের কাছে ন্যূনতম ৩০ শতাংশ শেয়ারের মালিকানা থাকতে হবে। এ শর্ত পূরণ করতে নতুন শেয়ার ইস্যু করা বা বাজার থেকে শেয়ার কেনা যাবে। আদেশে বলা হয়েছে, কোম্পানিকে এক বছরের মধ্যে কৌশলগত পরিকল্পনা জমা দিয়ে সিকিউরিটিজ আইন ও কোম্পানি আইন, ১৯৯৪ অনুযায়ী ন্যূনতম শেয়ারধারণ নিশ্চিত করতে হবে।
নিরীক্ষক জানিয়েছেন, প্রথম দফায় ২০২৪ সালের ৩১ জুলাই উদ্যোক্তা ও পরিচালকদের নামে ১০ টাকা অভিহিত মূল্যে ৬৪ লাখ শেয়ার ইস্যু করার প্রস্তাব দেওয়া হয়। এতে কোম্পানির পরিশোধিত মূলধন ৬ কোটি ৪০ লাখ টাকা বাড়ানো হওয়ার কথা ছিল। তখন উদ্যোক্তা ও পরিচালকের শেয়ারধারণ ছিল ২৫.১৮ শতাংশ। শেয়ারহোল্ডারদের অনুমোদন ছাড়া প্রস্তাব জমা দেয়ায় ৭ অক্টোবর বিএসইসি এটি বাতিল করে।
দ্বিতীয় দফায় ২০২৪ সালের ৫ ডিসেম্বর পরিচালনা পর্ষদের সভায় শেয়ার ইস্যুর প্রস্তাবে কিছু সংশোধনী আনা হয়। ২৯ ডিসেম্বর বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের অনুমোদনও নেয়া হয়। এরপর কোম্পানিটি সিদ্ধান্ত নেয়, উদ্যোক্তা ও পরিচালকদের বিপরীতে ১০ টাকা অভিহিত মূল্যের সঙ্গে ৬ টাকা প্রিমিয়াম যোগ করে মোট ১৬ টাকা দরে ৬৪ লাখ শেয়ার ইস্যু করবে। এতে কোম্পানির পরিশোধিত মূলধন ১০ কোটি ২৪ লাখ টাকা বাড়ানো হবে এবং ন্যূনতম শেয়ারধারণ শর্ত পূরণ হবে। কিন্তু বিএসইসি শেয়ারহোল্ডারদের বৃহত্তর স্বার্থে এই প্রস্তাবও বাতিল করে দেয়।
বর্তমানে উদ্যোক্তা ও পরিচালকদের শেয়ারধারণ ২৫.১৮ শতাংশ। এটি বিএসইসির আদেশের সময় থেকে অপরিবর্তিত। ন্যূনতম শেয়ারধারণ শর্ত পূরণের ক্ষেত্রে এখন কোম্পানির জন্য বাজার থেকে শেয়ার কেনার পথ খোলা আছে। নিরীক্ষক আরও জানিয়েছেন, কোম্পানিটি আন্তর্জাতিক হিসাব মান -১৬ অনুযায়ী স্থায়ী সম্পদ পুনঃমূল্যায়ন করেনি। স্থায়ী সম্পদের রেজিস্টারও নেই। শ্রম আইন অনুযায়ী ফান্ড পরিচালনার জন্য পৃথক ব্যাংক হিসাব বা পৃথক বুকস অব অ্যাকাউন্টসও রাখা হয়নি।

